এক পরিবারের ১১ দৃষ্টিপ্রতিবন্ধী ৩ জনের সফল অস্ত্রোপচার

এক পরিবারের ১১ দৃষ্টিপ্রতিবন্ধী ৩ জনের সফল অস্ত্রোপচার

ফন্ট সাইজ:

জেলা প্রশাসনের উদ্যোগে চিকিৎসাসেবাসহ অন্যান্য সুবিধা ও সহযোগিতা পাচ্ছে একই পরিবারের ১১ জনসহ ১৪ জন হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধী। আর এতে সহযোতিার হাত বাড়িয়েছে মৌলভীবাজারের স্বনামধন্য বিএনএসবি চক্ষু হাসপাতাল। ইতিমধ্যে ওই পরিবারের সকল দৃষ্টিপ্রতিবন্ধীদের বিএনএসবি হাসপাতালে ভর্তি করে তাদের চোখ পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসাসেবা প্রদানের প্রস্তুতিমূলক সকল কাজ শুরু হয়েছে।
জানা যায় জেলার রাজনগর উপজেলার একই পরিবারের ১১ জন দৃষ্টিপ্রতিবন্ধীসহ মোট ১৪ জনের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এবং বিএনএসবি চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে পরিচালিত এ চিকিৎসা কার্যক্রমে একজনকে সম্পূর্ণ সুস্থ পাওয়া গেছে।

এ ছাড়া ২ জনকে প্রয়োজনীয় চশমা ও ওষুধ প্রদান করা হয়েছে। বাকি ১১ জনের ক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চোখের অস্ত্রোপচার প্রয়োজন। অস্ত্রোপচার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা বিস্তারিত আলোচনা করেন। চিকিৎসার প্রয়োজনীয়তা ও সম্ভাব্য সুফল সম্পর্কে অবহিত হওয়ার পর পরিবারের সম্মতির ভিত্তিতে তিনজনের চোখের অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। হাসপাতালের চিকিৎসকরা জানান তিনটি অস্ত্রোপচারই সফল হয়েছে। শিগগিরই তাদের চোখের ব্যান্ডেজ খুলে দেয়া হবে। এরপর তাদের দৃষ্টিশক্তির উন্নতি পর্যবেক্ষণ করা হবে।
এদিকে অস্ত্রোপচার প্রয়োজন এমন বাকি ৮ জনের ক্ষেত্রেও পরিবারের সম্মতির ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। চিকিৎসকরা জানান, যাদের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে তাদের শারীরিক অবস্থার অগ্রগতি ও ফলাফল পর্যবেক্ষণের পর পরিবারের সদস্যদের মতামতের ভিত্তিতে পর্যায়ক্রমে অন্যদের অস্ত্রোপচার করা হবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে রোগীদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। সংশ্লিষ্টদের প্রত্যাশা সফল অস্ত্রোপচারের ইতিবাচক ফলাফল দেখে পরিবারের অন্য সদস্যরাও চিকিৎসা গ্রহণে আগ্রহী হবেন এবং পর্যায়ক্রমে তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার সম্ভাবনা আরও উজ্জ্বল হবে।
রোববার রাতে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের কনফারেন্স হলে দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, ওই ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তি, চিকিৎসক, রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ী, জনপ্রতিনিধিসহ সর্বস্থরের নাগরিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও বিএনএসবি চক্ষু হাসপাতালের সভাপতি তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে ও রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল শিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডা. ছাদিক আহমদ, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কানাডা বিএনপি’র সাবেক সভাপতি ফয়ছল আহমদ, মৌলভীবাজার প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীন, বিএনএসবি চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সদস্য সাংবাদিক এস এম উমেদ আলী ও শামীম আহমদ, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মুহিতুর রহমান হেলাল, কামারচাক ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মামুনুর রশিদ, কামারচাক ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আলতাফুর রহমান ও আসগর আলী প্রমুখ।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন