কুয়েতগামী ফ্লাইট বাতিল করেছে ইতিহাদ, এমিরেটস, এয়ার অ্যারাবিয়া, ফ্লাইদুবাই

কুয়েতগামী ফ্লাইট বাতিল করেছে ইতিহাদ, এমিরেটস, এয়ার অ্যারাবিয়া, ফ্লাইদুবাই

ফন্ট সাইজ:

উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও কুয়েতের মধ্যে বিমান চলাচলে বিঘ্ন অব্যাহত রয়েছে। ইতিহাদ এয়ারওয়েজ, এমিরেটস, এয়ার অ্যারাবিয়া এবং ফ্লাইদুবাই কুয়েতগামী একাধিক ফ্লাইট বাতিল করেছে। ইরানের সামরিক বাহিনীর কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলো লক্ষ্য করে হামলার পর নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। এ কারণে এয়ারলাইনগুলো তাদের ফ্লাইট পরিচালনায় পরিবর্তন আনছে।

ইতিহাদ এয়ারওয়েজ জানিয়েছে, আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর ও কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে চলাচলকারী ইওয়াই৬৫৩ এবং ইওয়াই৬৫৪ ফ্লাইট ২০২৬ সালের ২৪ জুলাই পর্যন্ত বাতিল থাকবে। এয়ারলাইনটি জানিয়েছে, অপারেশনাল কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক বিবৃতিতে ইতিহাদ বলেছে, এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের দল যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় সহায়তার সর্বোচ্চ চেষ্টা করছে। এ খবর দিয়েছে অনলাইন গালফ।

যাত্রীদের ওয়েবসাইটে যোগাযোগের তথ্য হালনাগাদ রাখার আহ্বান জানিয়ে ইতিহাদ বলেছে, এতে এসএমএস বা ই-মেইলের মাধ্যমে সর্বশেষ ফ্লাইটসংক্রান্ত তথ্য পাওয়া যাবে। ইতিহাদ আরও জানিয়েছে, যাত্রী ও ক্রুদের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্যই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। কুয়েতের পাশাপাশি বাহরাইনগামী ইওয়াই৬৪১, ইওয়াই৬৪২, ইওয়াই৬৪৭ ও ইওয়াই৬৪৮ নম্বরের কয়েকটি ফ্লাইটও সপ্তাহের নির্দিষ্ট দিনে বাতিল করা হয়েছে।

এমিরেটস জানিয়েছে, তারা দুবাই থেকে কুয়েতগামী দুটি ফ্লাইট বাতিল করেছে। সেগুলো হলো ইকে৮৫৭ (দুবাই-কুয়েত) ও ইকে৮৫৯ (দুবাই-কুয়েত)। এয়ার অ্যারাবিয়াও কুয়েতগামী কয়েকটি ফ্লাইট বাতিল করেছে। এগুলোর মধ্যে রয়েছে আবুধাবি-কুয়েত: ফ্লাইট ৩এল০২০ (২২ জুলাই), শারজাহ-কুয়েত: ফ্লাইট জি৯০৬৮ ও জি৯১২৪ (২১ জুলাই) ও শারজাহ-কুয়েত: ফ্লাইট জি৯০৬৮ ও জি৯১২৪ (২২ জুলাই)। ফ্লাইদুবাই বাহরাইনগামী এফজেড০২৩ ফ্লাইট এবং এর সঙ্গে যুক্ত এমিরেটসের কোডশেয়ার ফ্লাইট ইকে২০১৬ বাতিল করেছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরানের দাবি, হামলায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া ইরান জানিয়েছে, কুয়েতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তেহরানের ভাষ্য, এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের অংশ। অন্যদিকে, কুয়েত ও বাহরাইনে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

বিশ্বজুড়ে ভ্রমণ সতর্কতা যুক্তরাষ্ট্রের
উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের জন্য নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে। সতর্কবার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল এবং যেকোনো সময় তা আরও অবনতি হতে পারে। এছাড়া মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিন নাগরিকদেরও ওই অঞ্চল ভ্রমণ বা অঞ্চলটির মাধ্যমে যাতায়াতের আগে পুনর্বিবেচনা করতে বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কবার্তায় আরও বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন স্থানে মার্কিন কূটনৈতিক স্থাপনা এবং যুক্তরাষ্ট্র ও মার্কিন নাগরিকদের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলো হামলার ঝুঁকিতে থাকতে পারে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন