কাড়িকাড়ি টাকা ঢেলেছেন। কোনো লাভই হয়নি এতে। জিততে পারেনি রিপাবলিকানরা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ব্যাপক পরাজয়ের পর এবার মুখ খুলেছেন ইলন মাস্ক। বুধবার তিনি জানান, এই নির্বাচনে রেকর্ড পরিমাণ অর্থ খরচ করে তিনি বেশ বোকামি করেছেন বলে মনে করছেন। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দলকে সমর্থন করতে তিনি ৪৪ কোটি ৬০ লাখ ডলার (প্রায় ৫ হাজার ৫৩০ কোটি টাকা) অনুদান দেন। এ খবর দিয়েছে বিবিসি।
নিউইয়র্ক টাইমস ডিলবুক সামিটে ভার্চুয়ালি বক্তব্য দেয়ার সময় মাস্ক আরও জানান, তিনি ‘মাগা’ (মেক আমেরিকা গ্রেট এগেইন) নন। রিপাবলিকানদের প্রচারণায় তিনি যে অর্থ খরচ করেছেন, তার বিনিময়ে খুব একটা ফল দেখতে পাননি। তবে এই অর্থ খরচ না করলে প্রার্থীরা আরও খারাপ ফল করতেন বলেও তিনি জানান। এবারের নির্বাচনে ডেমোক্রেটরা মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিয়েছে। রিপাবলিকানদের এই পরাজয় মাস্ক ও তার ব্যবসার ওপর প্রভাব ফেলতে পারে। সিনেট ও প্রতিনিধি পরিষদে ক্ষমতায় আসা ডেমোক্রেটরা প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর কঠোর নজরদারির প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া ডেমোক্রেট আইনপ্রণেতারা স্পেসএক্সের বিরুদ্ধে তদন্তেরও পরামর্শ দিয়েছেন। তবে মাস্ক জানান, টেক্সাসের নবনির্বাচিত ডেমোক্রেট গভর্নর জিনা হিনোজোসা বেশ মধ্যপন্থী হবেন এবং সেখানে সবকিছু ঠিকঠাক থাকবে বলেই তিনি মনে করেন।
