যুক্তরাষ্ট্রে প্রতিনিধি পরিষদের স্পিকার পদে প্রথম কৃষ্ণাঙ্গ আইনপ্রণেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়েছেন হাকিম জেফরিস। দেশটির রাজনৈতিক ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বুধবার রুদ্ধদ্বার ভোটে ৫৬ বছর বয়সী নিউইয়র্কের এই কংগ্রেসম্যানকে স্পিকার পদে দলের প্রার্থী হিসেবে মনোনীত করেন ডেমোক্রেট সদস্যরা। মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের জয় পাওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই এই মনোনয়ন পেলেন তিনি। ওই নির্বাচনে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে ডেমোক্রেটরা। ভোট শেষে দলের সদস্যদের সমর্থনের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে কৃতজ্ঞতা জানান জেফরিস। এক্সে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, একসঙ্গে আমরা সাহসী পরিবর্তন আনব। আমেরিকার মানুষের জীবনে বড় ধরনের পার্থক্য তৈরি করব। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
দলের ভেতরে তার নেতৃত্ব নিয়ে প্রগতিশীল অংশের অসন্তোষ বাড়তে থাকায় বুধবার সদস্যদের প্রকাশ্য ভোটের মুখোমুখি করার পরিকল্পনা করেন জেফরিস। এর আগে তিনি এ পরিকল্পনার কথা নিশ্চিত করেন। এ মাসে নির্বাচিত হওয়া কয়েকজন সদস্য জেফরিসকে সমর্থন করবেন কি না, তা জানাতে অস্বীকৃতি জানান। তাদের কয়েকজনের বক্তব্য, নির্বাচনী প্রচারে যেসব সাহসী ও জনতুষ্টিবাদী নীতির প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, সেগুলো বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ একজন নেতা চান তারা।
এই বিরোধীদের মধ্যে অন্যতম ওহাইও থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য ডন লিওনার্ড। প্রগতিশীল কয়েকটি নীতিগত বিষয়ে নিশ্চয়তা না পেলে জেফরিসকে ভোট দেবেন না বলে জানান তিনি। এসব দাবির মধ্যে রয়েছে ইসরাইলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধ করা এবং সুপ্রিম কোর্টের ‘সিটিজেনস ইউনাইটেড’ মামলার রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত নির্বাচনী প্রচারের অর্থায়নব্যবস্থার সংস্কার।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে ওহাইওর এই ডেমোক্রেট বলেন, স্পিকার জেফরিস যদি গাজায় ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে আমাদের দেশের আইন, বিশেষ করে লেহি আইন প্রয়োগে প্রতিশ্রুতিবদ্ধ না হন, যদি এই সংকটের মূল জায়গা- সিটিজেনস ইউনাইটেড নিয়ে কাজ করতে না চান, তাহলে তিনি আমার ভোট পাবেন না।
ইসরাইলের প্রতি জেফরিসের অবস্থান এবং ইসরাইলপন্থি লবিং গোষ্ঠী আমেরিকান ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির (এআইপ্যাক) সঙ্গে তার সম্পর্ক নিয়েও ডেমোক্রেটদের একটি অংশের সমালোচনা রয়েছে। মঙ্গলবার দ্য আটলান্টিক সাময়িকীকে দেয়া এক সাক্ষাৎকারে এসব সমালোচনার জবাব দেন জেফরিস। মধ্যপ্রাচ্যে ‘বড় ধরনের পরিবর্তনের’ আহ্বান জানান তিনি। একই সঙ্গে ইসরাইল ও ফিলিস্তিনের জন্য দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে নিজের অবস্থান তুলে ধরেন। বুধবারের ভোটে কিছু বিরোধিতা থাকলেও প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট ককাসের বিপুল সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন পেয়েছেন জেফরিস। তার মনোনয়নের পক্ষে ভোট দেন ২৫১ জন সদস্য। বিপক্ষে ভোট দেন মাত্র ১১ জন।
জেফরিসের বিরোধিতা করে ভোট দেওয়া সাতজনের মধ্যে ছিলেন সদ্য নির্বাচিত ডেমোক্রেট সদস্য নিউইয়র্কের দারিয়ালিজা আভিলা শেভালিয়ের ও ক্লেয়ার ভালদেজ, নিউ জার্সির অ্যাডাম হামাউয়ি, কলোরাডোর মেলাত কিরোস, মিশিগানের ডোনাভান ম্যাককিনি এবং পেনসিলভানিয়ার ক্রিস রাব।
এই সদস্যরা আলজাজিরার সঙ্গে শেয়ার করা এক বিবৃতিতে জেফরিসের প্রতি তাদের বিরোধিতার কারণ তুলে ধরেন। তাদের অভিযোগ, ‘সবার জন্য মেডিকেয়ার’, অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসিইর (আইস) কঠোর কর্মকাণ্ড বন্ধ, রাজনীতি থেকে অর্থের প্রভাব দূর করা এবং গাজায় গণহত্যার অবসানের মতো নীতিতে জেফরিসের কাছ থেকে তারা প্রতিশ্রুতি পাননি।
