বিশ্বজুড়ে সংবাদমাধ্যম দমনে বাড়ছে স্বৈরাচারীদের নতুন কৌশল

নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয়

বিশ্বজুড়ে সংবাদমাধ্যম দমনে বাড়ছে স্বৈরাচারীদের নতুন কৌশল

ফন্ট সাইজ:

বিশ্বের বিভিন্ন দেশে সাম্প্রতিক বছরগুলোতে গণতন্ত্র ও স্বাধীনতার পরিসর সংকুচিত হয়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে স্বৈরশাসক ও স্বৈরাচারী হয়ে উঠতে আগ্রহী নেতাদের অন্যতম প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে সংবাদমাধ্যম। সাংবাদিকদের এমন প্রশ্ন করতে বাধা দেয়া হচ্ছে, যেগুলোর উত্তর দিতে ক্ষমতাসীনরা চান না। একইভাবে এমন তথ্য অনুসন্ধান ও প্রকাশের পথও বন্ধ করে দেয়া হচ্ছে, যেগুলো তারা জনসমক্ষে আসতে দিতে চান না। এভাবে সাংবাদিকদের কণ্ঠরোধ করতে পারলে শাসকদের জবাবদিহির বাইরে থেকে কাজ করা সহজ হয়।
রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের অর্ধেকেরও বেশি দেশে স্বাধীন সংবাদমাধ্যমের ওপর কঠোর বিধিনিষেধ রয়েছে। ২০০২ সালে এমন দেশের সংখ্যা ছিল মাত্র ১৪ শতাংশ।

গত কয়েক মাসে সংবাদমাধ্যমের ওপর দমন-পীড়নের নতুন নতুন ঘটনা সামনে এসেছে। রাশিয়ায় কমিউনিজমের পতনের পর দেশটির উচ্ছ্বাসময় শুরুর দিনগুলোতে যাত্রা শুরু করা সংবাদপত্র ‘নোভায়া গেজেটা’ (নিউ নিউজপেপার) গত সপ্তাহে বন্ধ হয়ে গেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার মিত্রদের প্রায় তিন দশকের দমন-পীড়নের মুখে টিকে থাকার চেষ্টা করেছিল পত্রিকাটি। যুদ্ধকালীন সেন্সরশিপ, ছাপাখানা জব্দ, প্রতিষ্ঠাতার ওপর অ্যাসিড হামলা এবং পাঁচ সাংবাদিক ও একজন আইনজীবীকে হত্যার মতো ঘটনার মধ্য দিয়েও প্রকাশনা চালিয়ে যাচ্ছিল তারা। বন্ধ হওয়ার কিছুদিন আগে পত্রিকাটির সাংবাদিকরা বলেছিলেন, ‘তারা আমাদের হত্যা করেছে।’

এর দুই সপ্তাহ আগে মিসরের রাজধানী কায়রোতে আদালতের নির্দেশে বন্ধ করে দেয়া হয় দেশটির অন্যতম পরিচিত স্বাধীন সংবাদমাধ্যম ‘মাদা মাসর’। একই সঙ্গে আটক করা হয় এর প্রধান সম্পাদক ও সহপ্রতিষ্ঠাতা লিনা আতাল্লাহকে।
আরব বসন্তের পর ২০১৩ সালের জুনে তিনি মাদা মাসর প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। তখন তার অঙ্গীকার ছিল, ‘আমরা শুধু আমাদের পেশার প্রতিই অনুগত থাকব।’ এরপর থেকেই সংবাদমাধ্যমটি সরকারি হয়রানির শিকার হয়ে আসছে। সর্বশেষ প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সরকারের বাহিনীর চাপের মুখে পড়ে এটি।
এ ছাড়া তথ্য যাচাইবিষয়ক সংবাদমাধ্যম ‘মাতসাদ্দাশ’-এর ছয় সাংবাদিককে গত সেপ্টেম্বরের শেষ দিক থেকে আটক রেখেছে মিসরীয় সরকার। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনে যোগদান এবং মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।
বাংলাদেশেও গত আগস্টে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিন সাংবাদিকের বিরুদ্ধে একটি ‘অযৌক্তিক’ মামলা হয়েছে। অভিযোগে বলা হয়, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র বিক্ষোভ দমনে সহিংস অভিযান চালাতে তারা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উসকানি দিয়েছিলেন।

এর কারণ হিসেবে দেখানো হয়, সাংবাদিকরা শেখ হাসিনাকে বিভিন্ন প্রশ্ন করেছিলেন। অর্থাৎ, ক্ষমতাসীনদের জবাবদিহির আওতায় আনার সাংবাদিকতার মৌলিক দায়িত্ব পালন করাকেই তাদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তি করা হয়েছে। দাবি করা হয়, সাংবাদিকদের প্রশ্নে উসকানি পেয়ে শেখ হাসিনা প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দিয়েছিলেন।
এসব ঘটনার মধ্যে সবচেয়ে বড় মিল হলো, স্বাধীন সংবাদমাধ্যমের বিরুদ্ধে রাষ্ট্রীয় বিচারব্যবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। সরকারগুলো সংবাদমাধ্যম ও সাংবাদিকদের ওপর জরিমানা, বিধিনিষেধ এবং কারাদণ্ড চাপিয়ে দিচ্ছে। এ কৌশল নতুন নয়। তবে বিচারব্যবস্থা ক্রমেই স্বৈরাচারী শাসকদের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় এর ব্যবহার বেড়েছে।
এই প্রবণতায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ভূমিকাও অত্যন্ত প্রভাবশালী এবং উদ্বেগজনক। কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে স্বাধীন সংবাদমাধ্যমের অন্যতম সমর্থক হিসেবে পরিচিত ছিল। যদিও সেই ভূমিকা সব সময় নিখুঁত ছিল না। সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করার চেষ্টা করা বিদেশি নেতাদের বিরুদ্ধে মার্কিন কর্মকর্তারা প্রকাশ্যে সমালোচনা করতেন এবং ব্যক্তিগত পর্যায়ে চাপ প্রয়োগ করতেন।

কিন্তু ট্রাম্পের অবস্থান এর সম্পূর্ণ বিপরীত। তিনি সংবাদমাধ্যম সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ান। ‘ফেক নিউজ’ বা ভুয়া খবর শব্দবন্ধটিকে জনপ্রিয় করেছেন এবং সাংবাদিকদের ‘আমেরিকান জনগণের শত্রু’ বলে অভিহিত করেছেন। নিজ দেশে সমালোচনা দমনকারী পুতিনের মতো নেতাদের বিরুদ্ধে অবস্থান নেয়ার পরিবর্তে ট্রাম্প তাদের প্রশংসা ও সমর্থন পাওয়ার চেষ্টা করেন।
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও কয়েক দশকের দ্বিদলীয় রাজনৈতিক ঐতিহ্য উপেক্ষা করে সমালোচনার কণ্ঠরোধের চেষ্টা করেছেন ট্রাম্প। তার প্রশাসন সংবাদমাধ্যমকে অনুগত ও প্রশংসামুখর সংবাদ পরিবেশনে উৎসাহিত করতে চেয়েছে। কঠিন প্রশ্ন করা সাংবাদিক ও সংবাদমাধ্যমকে শাস্তি দিতে নিয়ন্ত্রক সংস্থার মাধ্যমে হুমকি, ভিত্তিহীন মামলা দায়ের এবং হোয়াইট হাউসে প্রবেশাধিকার বন্ধ করার মতো পদক্ষেপ নেয়া হয়েছে।

আদালতের সমর্থন নিয়ে মার্কিন সংবাদমাধ্যমের একটি অংশ ট্রাম্পের এসব আক্রমণ প্রতিহত করতে পেরেছে। তবে অন্যরা চাপের কাছে নতি স্বীকার করেছে। ডিজনির মালিকানাধীন এবিসি নিউজ এবং সিবিএস নিউজের মালিক প্রতিষ্ঠান প্যারামাউন্ট ট্রাম্পের দুর্বল মামলার মুখে তাকে অর্থ পরিশোধ করেছে। অন্যদিকে অ্যামাজন মেলানিয়া ট্রাম্পকে নিয়ে প্রশংসামূলক একটি প্রামাণ্যচিত্রের স্বত্ব কিনতে ৪ কোটি ডলার ব্যয় করেছে।
সম্প্রতি অন্যান্য গণতান্ত্রিক দেশও সংবাদমাধ্যমের স্বাধীনতা সীমিত করার পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ তার একটি উদাহরণ। আরেকটি দেশ ভারত। ভারতে নতুন একটি গোপনীয়তা আইন করা হয়েছে, যার আওতায় সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতি ছাড়া তার ব্যক্তিগত তথ্যÑযেমন আর্থিক লেনদেনের রেকর্ড-প্রকাশ করা যাবে না। আইনটি কার্যকর হলে অনুসন্ধানী সাংবাদিকতা কার্যত নিষিদ্ধ হয়ে পড়তে পারে।

সাংবাদিকদের ওপর সবচেয়ে কঠোর দমন-পীড়নের রূপ হলো সরাসরি কারাবন্দি করা কিংবা হত্যা। সাংবাদিকদের সুরক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) তথ্য অনুযায়ী, গত বছর বিশ্বজুড়ে ৩৩০ জন সাংবাদিক তাদের পেশাগত কাজের কারণে কারাবন্দি হয়েছেন। ২০০০ সালে এই সংখ্যা ছিল ৮১।
একই সময়ে পেশাগত দায়িত্ব পালনের সঙ্গে সংশ্লিষ্ট কারণে ১২৯ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। ১৯৯২ সালে এ বিষয়ে রেকর্ড রাখা শুরু হওয়ার পর গত বছরই সর্বোচ্চসংখ্যক সাংবাদিক ও গণমাধ্যমকর্মী হত্যার ঘটনা ঘটেছে।
ক্ষমতাসীনদের চিরাচরিত প্রবণতা হলো নিজেদের দুর্নীতি, আইন লঙ্ঘন, এমনকি সৎ উদ্দেশ্যে নেয়া সিদ্ধান্তের ভুলত্রুটিও আড়াল করা। স্বাধীন সংবাদমাধ্যম এই প্রবণতার বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণব্যবস্থা হিসেবে কাজ করে।

তবু পুতিনসহ অন্যান্য নেতার সংবাদমাধ্যম দমনের প্রচেষ্টাকে আইনি বৈধতার আবরণ দেয়ার চেষ্টা প্রমাণ করে, তারা এখনো নিজেদের ভাবমূর্তি নিয়ে সংবেদনশীল। আধুনিক যুগের অধিকাংশ স্বৈরশাসকই নিজেদের স্বৈরশাসক হিসেবে পরিচিত হতে পছন্দ করেন না। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীদের কেউই চান না তাদের এমন নেতা হিসেবে দেখা হোক, যারা সামান্য সমালোচনাতেই ক্ষুব্ধ হন এবং সত্যকে ভয় পান।
স্বাধীন সাংবাদিকতার ওপর হয়রানি ও দমন-পীড়নের ঘটনা সামনে আনা তাই অত্যন্ত জরুরি। সত্য অনুসন্ধানে অবিচল থাকা সাহসী সাংবাদিকরা প্রায়ই বড় মূল্য চুকিয়েও তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। বিশ্বের স্বাধীনতাপ্রিয় মানুষের কাছ থেকে তাদের কৃতজ্ঞতা ও সমর্থন প্রাপ্য।