কালিয়ায় সন্ত্রাসবিরোধী শোভাযাত্রায় অতর্কিত হামলা, বিএনপি নেতা নিহত

কালিয়ায় সন্ত্রাসবিরোধী শোভাযাত্রায় অতর্কিত হামলা, বিএনপি নেতা নিহত

ফন্ট সাইজ:

নড়াইলের কালিয়ায় সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোভাযাত্রায় অতর্কিত হামলা করেছে নিষিদ্ধঘেষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এতে সোহেল শেখ নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। এছাড়া শোভাযাত্রার একাধিক মোটরসাইকেল ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে কালিয়া পৌরসভার বিভিন্ন সড়কে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ৪০-৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে প্রতিবাদী শোভাযাত্রা করছিলেন। শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচর গ্রামের রাস্তা দিয়ে বটগাছের উত্তর পাশের সড়ক হয়ে বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্বপাশে খালের কাছে পৌঁছায়। এসময় আগে থেকে ওঁৎপেতে থাকা নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৩০০-৪০০ নেতাকর্মী অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

এতে কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান (৪২), কালিয়া উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক শাহীন (৪৫), বিএনপি নেতা সোহেল শেখ (৩৫)’সহ বেশ কয়েকজন আহত হন। আহতদের কয়েকজনকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অন্যদিকে, গুরুতর আহত সোহেল শেখ ও শাহীনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। পথিমধ্যে সোহেল শেখের মুত্যু হয়। কালিয়া সার্কেল এএসপি রবিন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলীর বক্তব্য পাওয়া যায়নি।