ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান

সংসদে প্রধানমন্ত্রী

ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান

ফন্ট সাইজ:

পতিত, পরাজিত এবং ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোকে একমঞ্চে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে সমাপনী বক্তব্য তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশে পতিত, পরাজিত, বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান ঠেকাতে দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে এই মুহূর্তে প্রয়োজন দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক শক্তিকে ২৪-এর মতো একমঞ্চে এসে দাঁড়াতে হবে। এই সংসদে উপস্থিত প্রতিনিধিত্বকারী প্রত্যেকটি গণতান্ত্রিক দল এবং এই সংসদের বাইরে অন্য যেসকল গণতান্ত্রিক দল আছে, সকলের প্রতি আমি আহ্বান জানিয়ে বলতে চাই, আসুন ঐক্যবদ্ধভাবে ৭ই নভেম্বর এবং ঐক্যবদ্ধভাবে ৫ই আগস্টের চেতনায় পতিত, পরাজিত, তাবেদার অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা সকলে একমঞ্চে দাঁড়াই।

তিনি বলেন, সংন্ত্রাসী দলের পলাতক নেত্রী সন্ত্রাসীদেরকে গণতন্ত্রকামী জনগণের ঘর-বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেশবাসী এটা জেনেছি। জনগণকে হত্যা করার জন্য তালিকা করার নির্দেশ দিয়েছেন। বেপরোয়া সন্ত্রাসী চালিয়ে দেশে কার্যক্রম নিষিদ্ধ এই সন্ত্রাসী দলটি প্রমাণ করেছে যে, এরা কোনো রাজনৈতিক দল নয়। তাদের কথা, তাদের কাজসহ সবকিছুতে তারা প্রমাণ করেছে-তারা কোনো রাজনৈতিক দল নয়। তাদের পরিচয় একটি, এরা হচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী।

তিনি বলেন, এই সন্ত্রাসী গোষ্ঠী রাজনীতিকে চ্যালেঞ্জ করেছে। তাদের এই বেপরোয়া সন্ত্রাস কোনোভাবেই মেনে নেয়া যায় না। এই সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, এর মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা প্রিয় জনগণের প্রতি তাদের মনোভাব স্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেছে।