দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের দ্বারা সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে হাইকোর্ট মাজার গেট দিয়ে বেরিয়ে কদম ফোয়ারা দিয়ে প্রবেশ করে আইনজীবী সমিতি প্রাঙ্গনে এসে শেষ হয়। এতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শত-শত আইনজীবীর অংশগ্রহশ করেন। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম-মহাসচিব গাজী তৌহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মিছিলে অংশ নিয়ে ফোরামের নেতারা বলেন, সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতি প্রায়ই বিকালে গোপন বৈঠক করেন। তাদের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে চিহ্নিত ওই বিচারপতিরা বিকাল ৪টার পর সুপ্রিম কোর্টের বিজয় একাত্তর ভবনের একটি কক্ষে বৈঠকে বসেন। ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল বলেন, শরষের মধ্যে ভূত রয়েছে। আইনজীবী ফোরাম বারবার দাবি করেছে, এই বিচার অঙ্গনে এখনো শেখ হাসিনার দোসর কিছু বিচারপতি রয়েছেন। আমরা এই সভা থেকে বলতে চাই, আপনাদের আপা হেলিকপ্টারে করে পালিয়েছে। আপনারা কিন্তু নৌকা, রিকশা কোনোটাই পাবেন না।
বিচারপতিদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে সজল আরও বলেন, বাসায় পরিবার নিয়ে শান্তিতে ঘুমাতে পারবেন না। তিনি বলেন, বিগত ১৭ বছর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিচারাঙ্গনে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে কথা বলেছে। বর্তমানে নিজেদের দল ক্ষমতায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা যদি ইশারা দিই, আদালত চত্বর তো দূরের কথা, বাসায় পরিবার নিয়ে শান্তিতে ঘুমাতে পারবেন না। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক এম বদরুদ্দোজা বাদল, দেশে সব ধরনের নৈরাজ্য ও সন্ত্রাস প্রতিহত করতে আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ বিএনপির আইনজীবী নেতৃবৃন্দ ফ্যাসিস্ট ও তাদের দোষরদের বিরুদ্ধে যে কোন কর্মসূচি পালনে প্রতিজ্ঞাবদ্ধ হন।
