ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু হলেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, মানুষ ভোটমুখী হলেই দেশে বিশৃঙ্খলা কমে যাবে।
গতকাল রাজধানীর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম, বর্তমান ও উত্তরণ শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। যথাসময়েই এ নির্বাচনের ভোটের তফসিল ঘোষণা করা হবে।
এদিকে জাতীয় পরিচয়পত্রের সেবা নিশ্চিত করে জনগণের ভোগান্তি কমাতে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছেন সিইসি। তিনি বলেন, এনআইডি সেবায় কোনো ধরনের হয়রানি ও দুর্নীতির অভিযোগ আর দেখতে চায় না কমিশন। এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
কর্মশালায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, গত দুই বছরে ১৭ লাখের বেশি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। তবে আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এসব কারণে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
দিনব্যাপী এ কর্মশালায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকরা অংশ নেন।
