কাফরুলে আওয়ামী লীগ নেতার বাসায় হামলা, ভাঙচুর

কাফরুলে আওয়ামী লীগ নেতার বাসায় হামলা, ভাঙচুর

ফন্ট সাইজ:

রাজধানীর কাফরুলে কার্যক্রম নিষিদ্ধ থানা আওয়ামী লীগের সদস্য সচিব মো. মইজ উদ্দিনের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পরিবারের দুই নারীকে মারধর করা হয়। তাদের একজনকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম মানবজমিনকে বলেন, এ সংক্রান্ত তথ্য আমার কাছে নেই। কেউ থানায় অভিযোগও দেয়নি।

ভুক্তভোগী পরিবারের দেয়া তথ্য অনুযায়ী, বুধবার দুপুর ২টার দিকে ২০ থেকে ২৫ জনের একটি দল কাফরুলের সেনপাড়ার ১৭৮ নম্বর বাড়িতে যায়। এ সময় তারা ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ স্লোগান দিতে দিতে বাড়ির দ্বিতীয় তলায় প্রবেশ করে। অভিযোগ রয়েছে, এ সময় মইজ উদ্দিনের ছোট ভাইয়ের স্ত্রী হোসনে আরা বেগমকে লোহার বস্তু দিয়ে কোমরে আঘাত করা হয়। একপর্যায়ে তার কাছ থেকে ঘরের আলমারির চাবি ছিনিয়ে নেয় হামলাকারীরা। এ সময় মইজ উদ্দিনের বড় মেয়ে মহুয়া ফেরদৌসী মৌকেও মারধর করা হয়। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবারের অভিযোগ, হামলাকারীরা বাড়িতে থাকা জমি, গাড়ি এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির বিলসংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র নিচে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। বাড়ির নিচে রাখা একটি টয়োটা করোলা গাড়িও ভাঙচুর করা হয়।
এছাড়া, একই এলাকার স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। দুপুর সাড়ে ১২টার দিকে কাফরুল থানার উত্তর ইব্রাহিমপুরের ১৭৩ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এতে বাড়িটির নিচতলার গ্যারেজে থাকা একটি মোটরসাইকেল ও সোফা পুড়ে গেছে। ভাঙচুর করা হয়েছে বাড়ির কেয়ারটেকারের কক্ষও। পরে স্থানীয় লোকজন ১০ থেকে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।