স্পেনের বিপক্ষে ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা দলের কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফের আচরণ নিয়ে শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু করতে যাচ্ছে ফিফা। সোমবার (২০ জুলাই) স্কাই স্পোর্টস নিউজ জানিয়েছে, ম্যাচের রেফারিদের প্রতিবেদন এবং ভিডিও ফুটেজ পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো, ম্যাচ শেষের বাঁশি বাজার পর সহিংস আচরণের অভিযোগে লিয়ান্দ্রো পারেদেসের লাল কার্ড। শিরোপা উদ্যাপনের সময় স্পেনের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে তার হাতাহাতির ঘটনা খতিয়ে দেখা হবে।
এছাড়া উদ্যাপনের সময় স্পেনের মিডফিল্ডার রদ্রিকে ঘুষি মারার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে নাহুয়েল মোলিনার বিরুদ্ধে। এই ঘটনাটিও তদন্তের আওতায় থাকবে।
আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালার বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। স্পেনের মিডফিল্ডার দানি ওলমোকে ধাক্কা দেয়ার ঘটনায় তার সম্পৃক্ততা ছিল কি না, সেটিও খতিয়ে দেখবে ফিফা।
শুধু সংঘর্ষের ঘটনাই নয়, ট্রফি প্রদান অনুষ্ঠানে আর্জেন্টিনা দলের আচরণও তদন্তের অংশ হবে। অভিযোগ রয়েছে, স্পেন বিশ্বকাপ ট্রফি গ্রহণের সময় আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার ইচ্ছাকৃতভাবে তাদের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়েছিলেন। এই ঘটনাকে ঘিরেও ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে।
তবে এখন পর্যন্ত সম্ভাব্য কোনো শাস্তির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ফিফা। তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার পরই সংস্থাটি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
ধারণা করা হচ্ছে, এ বিষয়ে আনুষ্ঠানিক রায় প্রকাশ হতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।
