চুল গজাতে বৈদ্যুতিক চিরুনি আবিষ্কার বিজ্ঞানীদের

টাকের দিন শেষ?

চুল গজাতে বৈদ্যুতিক চিরুনি আবিষ্কার বিজ্ঞানীদের

ফন্ট সাইজ:

টাক পড়া বা চুল হারানোর সমস্যার সমাধানে নতুন এক প্রযুক্তি উদ্ভাবনের দাবি করেছেন চীনের বিজ্ঞানীরা। তাদের তৈরি বিশেষ বৈদ্যুতিক চিরুনি চুলের গোড়ায় উদ্দীপনা সৃষ্টি করে দ্রুত নতুন চুল গজাতে সহায়তা করতে পারে।
গবেষকদের দাবি, প্রচলিত চিকিৎসার তুলনায় এটি অনেক বেশি কার্যকর। পরীক্ষায় এক মাসের মধ্যে চুল পুনরুদ্ধারের সাফল্য প্রায় ১০০ শতাংশে পৌঁছেছে। তবে প্রযুক্তিটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
চীনের বেইজিংয়ের বেইহাং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ‘ডিট্যাঙ্গল’ নামের এই বৈদ্যুতিক চিরুনি তৈরি করেছেন। তাদের গবেষণার ফল সম্প্রতি মর্যাদাপূর্ণ বিজ্ঞান সাময়িকী নেচার কমিউনিকেশনস-এ প্রকাশিত হয়েছে।
‘কম্বিং-ট্রিগার্ড ইলেকট্রোস্টিমুলেশন সিনক্রোনাইজিং ডিপ ডেলিভারি ফর র‌্যাপিড হেয়ার রিগ্রোথ ইন অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া’ শিরোনামের গবেষণায় চিরুনিটির কার্যকারিতা তুলে ধরা হয়েছে।
এতে বলা হয়েছে, প্রচলিত চুল পড়া রোধের ওষুধ মিনোক্সিডিলের তুলনায় পরীক্ষামূলকভাবে তৈরি চিরুনিটি ভালো ফল দিয়েছে।

ডিট্যাঙ্গল চিরুনির দাঁতে বিশেষ ইলেকট্রোড বসানো হয়েছে। এগুলোর উচ্চতা ভিন্ন এবং এর সঙ্গে ওষুধ বহনকারী অণুও যুক্ত রয়েছে। চিরুনিটি ব্যবহারের সময় চুলের গোড়ার আশপাশে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হয়। এর মাধ্যমে চুলের ফলিকল বা চুলের গোড়ায় উদ্দীপনা সৃষ্টি করার পাশাপাশি ওষুধ পৌঁছে দেয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
গবেষণায় বিজ্ঞানীরা লিখেছেন, পুরুষদের বংশগত টাক পড়ার একটি ইঁদুরের মডেলে এই প্রযুক্তি চুল পুনরুদ্ধারের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। প্রচলিত মিনোক্সিডিল চিকিৎসায় যেখানে ফল পাওয়ার হার প্রায় ৭০ শতাংশ, সেখানে ডিট্যাঙ্গল ব্যবহারে এক মাসের মধ্যে তা প্রায় ১০০ শতাংশে পৌঁছেছে।

মানুষের ওপর পরীক্ষার অপেক্ষা
তবে ডিট্যাঙ্গল চিরুনি মানুষের ক্ষেত্রে কার্যকর হবে-এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। গবেষণাটি এখন পর্যন্ত শুধু ইঁদুরের ওপর চালানো হয়েছে। যদিও প্রাণীর ওপর পরীক্ষার ফল মানুষের ক্ষেত্রে সম্ভাব্য কার্যকারিতা যাচাইয়ের প্রাথমিক ধারণা দিতে পারে, তা নিশ্চিত প্রমাণ নয়।
মানুষের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর আগে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। এসব পরীক্ষার মাধ্যমে প্রযুক্তিটির নিরাপত্তা ও কার্যকারিতা যাচাই করা হবে। ফলে চিরুনিটি বাজারে আসতে বা মানুষের চিকিৎসায় ব্যবহারযোগ্য হতে আরও সময় লাগতে পারে।