পাকুন্দিয়ার ১৭২নং শ্রীরামদী পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দীন। পরিদর্শনের সময় তিনি বিদ্যালয়ের মোট ৬১ জন শিক্ষার্থীর মধ্যে সাতজন শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে উপস্থিত পেয়েছেন। তৃতীয় ও চতুর্থ এই দুই শ্রেণির শ্রেণিকক্ষে একজন শিক্ষার্থীও পাননি। এ সময় বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন প্রধান শিক্ষকসহ দুইজন শিক্ষক। শিক্ষার্থীদের এমন আশঙ্কাজনক উপস্থিতি এবং শিক্ষকদের গড়হাজিরের বিষয়টি দেখে এডভোকেট মো. জালাল উদ্দীন এমপি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে ফোন করে তাৎক্ষণিক বিদ্যালয়ে ডেকে আনেন।
এমপি’র আকস্মিক পরিদর্শনের খবর পেয়ে বিদ্যালয়টিতে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস। এ ছাড়া বিদ্যালয়ের জরাজীর্ণ অবস্থা দেখেও ব্যথিত হন এডভোকেট মো. জালাল উদ্দীন এমপি। রোববার বেলা ১২টা ৪০মিনিটে তিনি বিদ্যালয়টি পরিদর্শনে গিয়ে এমন চিত্র দেখে অসন্তোষ এবং উদ্বেগ প্রকাশ করেন। এ সময় এডভোকেট মো. জালাল উদ্দীন এমপি শ্রেণিকক্ষের পাঠদান, শিক্ষার পরিবেশ, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি এবং সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন। উপস্থিতি রেজিস্ট্রার পর্যালোচনা করে তিনি দেখতে পান, বিদ্যালয়ের মোট ৬১ জন শিক্ষার্থীর বিপরীতে উপস্থিতির হার অত্যন্ত কম।
জানা যায়, প্রথম শ্রেণিতে ১০ জন, দ্বিতীয় শ্রেণিতে ৭ জন, তৃতীয় শ্রেণিতে ৯ জন, চতুর্থ শ্রেণিতে ১০ জন এবং প্রাক-প্রাথমিক শ্রেণিতে ১৩ জন শিক্ষার্থীর মধ্যে একজনও সেদিন বিদ্যালয়ে উপস্থিত ছিল না। শুধুমাত্র পঞ্চম শ্রেণিতে ১০ জন শিক্ষার্থীর মধ্যে ৭ জন উপস্থিত ছিল। অন্যদিকে বিদ্যালয়ে অনুমোদিত ৬ জন শিক্ষকের মধ্যে উপস্থিত ছিলেন ৪ জন। প্রধান শিক্ষক নাছিমা এবং সহকারী শিক্ষক রাজিয়া পরিদর্শনের সময় অনুপস্থিত ছিলেন।
এ পরিস্থিতিতে এডভোকেট মো. জালাল উদ্দীন এমপি অসন্তোষ প্রকাশ করে বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত পাঠদান, শিক্ষক-শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। তিনি বিদ্যালয়ের শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। পরিদর্শনকালে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
