রাবিতে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য অভিযানে জরিমানা

ফন্ট সাইজ:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিরাপদ খাদ্য পরীক্ষার অংশ হিসেবে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খোলা দোকানে নিম্নমানের খাদ্য বিক্রি ও খাদ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে কয়েকজন দোকানিকে জরিমানা করা হয়েছে। গতকাল সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে এ অভিযান শুরু হয়। ভোক্তা অধিদপ্তর, জাতীয় খাদ্য নিরাপত্তা অধিদপ্তর, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাকসু’র যৌথ উদ্যোগে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে দোকানিদের নিরাপদ খাদ্য পরিবেশন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে নির্দেশনা দেয়া হয়। এ সময় রাকসু’র পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাসুদ রানা বলেন, নিরাপদ খাদ্য অধিদপ্তর, ভোক্তা অধিকার পরিষদ এবং রাকসু’র উদ্যোগে আমরা আজকের অভিযান পরিচালনা করেছি। এর আগেও চত্বরের দোকান এবং এর আশপাশের দোকানে অভিযান পরিচালনা করেছিলাম এবং তাদের সতর্ক করা হয়েছিল। দোকানিরা স্বাস্থ্য সচেতনতা মানছে না। দাম বেশি রাখাসহ নানা অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে। জাতীয় ভোক্তা অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফজলে এলাহী বলেন, অভিযানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খাবারের হোটেল এবং অন্যান্য ছোটখাটো দোকানগুলোতে অভিযান পরিচালনা করেছি। কীভাবে সঠিক পদ্ধতিতে খাবার পরিবেশন করা যায় সে বিষয়ে তাদের সতর্ক করা হয়েছে। সতর্কতার অংশ হিসেবে কিছু কিছু দোকানিকে জরিমানা করা হয়েছে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন