সুনামগঞ্জ পৌর শহরে এক সরকারি কর্মচারীকে হানি ট্র্যাপে ফেলে বিবস্ত্র করে ভিডিও ধারণ করার ঘটনা ঘটেছে। এ ছাড়া সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে টাকা দাবির ঘটনায় এক নারীসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পৌর শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো, জামালগঞ্জ উপজেলার তুলনা আক্তার ও শহরের ধোপাখালী এলাকার অজিত দে (৩৩)। জানা যায়, এক সরকারি কর্মচারীকে পরিকল্পিতভাবে হানি ট্র্যাপে ফেলে বাসায় নিয়ে বিবস্ত্র করে নির্যাতন চালানো হয়। পরে বিবস্ত্র অবস্থায় ভিডিও ধারণ করে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। বারবার টাকা দাবির মুখে পড়ে ভুক্তভোগী বাধ্য হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান শুরু করে এবং প্রথমে অজিত দে-কে আটক করে। পরে তাকে সঙ্গে নিয়ে অভিযুক্ত নারীকে ধরতে তার বাসায় গেলে প্রথমে তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে আটক ব্যক্তিকে ব্যবহার করে নতুন কৌশল নেয় পুলিশ। অজিত দে’র মাধ্যমে খবর পাঠানো হয় যে, নতুন আরেকজন ব্যক্তিকে ফাঁদে ফেলে অর্থ আদায়ের সুযোগ রয়েছে। এ খবর পেয়ে অভিযুক্ত নারী ঘটনাস্থলে এলে আগে থেকে ওত পেতে থাকা পুলিশের একটি দল তাকে আটক করে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন সেখ বলেন, ভুক্তভোগী একটি ভিডিওসহ পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন। পরে পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনা করে কৌশলে অভিযুক্ত দু’জনকে আটক করা হয়। তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে। এর আগে তারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিল কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
হানি ট্র্যাপে ফেলে বিবস্ত্র করে ভিডিও ধারণ, নারীসহ গ্রেপ্তার ২
সুনামগঞ্জ প্রতিনিধি
২১ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
