মৃত্যুর আগেই জীবিত থাকা অবস্থায় এমপিওভুক্ত বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষকদের জমানো অবসর ও কল্যাণ তহবিলের টাকা পাওয়ার আকুতি জানিয়েছেন নাটোরের লালপুর উপজেলার রাকসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান। শনিবার বিদ্যালয়ের এসএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ আকুতি জানান তিনি।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, ২০২৮ সালে তিনি অবসরে যাবেন। এ সময় তিনি আক্ষেপ করে বলেন, আমরা এমপিওভুক্ত বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষকরা এন্ট্রি লেভেলে সর্বসাকুল্যে যে বেতন পান তা সরকারি চাকরিজীবীদের চতুর্থ শ্রেণির কর্মচারীদের বেতনের সমান প্রায়। সে বেতন দিয়ে আমাদের সংসার জীবন চলে না। আবার যেদিন অবসরে যাই, সেদিন একেবারে রিক্ত হস্তে খালি পকেটে আমাদের বিদায় নিতে হয়। যতদিন কল্যাণ তহবিলের টাকা পাওয়া না যায়, ততদিন আমরা অবসরপ্রাপ্ত শিক্ষকরা একরকম অসহায় জীবন-যাপন করি। সে টাকা পেতে দীর্ঘসূত্রিতার কথা জানিয়ে তিনি আরও বলেন, জীবিত অবস্থায় খুব কম শিক্ষকই কল্যাণ তহবিলের টাকা পেয়ে থাকেন। তাই জীবিত থাকতেই যেন অবসরপ্রাপ্ত সকল শিক্ষক অবসর ও কল্যাণ তহবিলের সুবিধা পান তার আকুতি জানান। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুর রহিম তুহিন, বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
