সৈয়দপুরে জ্বালানি তেল উদ্ধার ৭ জনকে জরিমানা-কারাদণ্ড

সৈয়দপুরে জ্বালানি তেল উদ্ধার ৭ জনকে জরিমানা-কারাদণ্ড

ফন্ট সাইজ:

নীলফামারীর সৈয়দপুরে মতির মোড় বাইপাস সড়কে অবস্থিত মেসার্স রোকেয়া এলপিজি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। একইসঙ্গে অবৈধভাবে জ্বালানি তেল সংরক্ষণ ও সরবরাহের অভিযোগে ৭ জনকে বিভিন্ন মেয়াদে জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন। অভিযানে সৈয়দপুর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে। প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদে প্রথমে ফিলিং স্টেশনটি পর্যবেক্ষণ করা হয়। পরে পাশের একটি সন্দেহজনক স্থানে তল্লাশি চালালে একটি নোয়া গাড়ি ও একটি কাভার্ডভ্যান পাওয়া যায়। প্রাথমিকভাবে সাধারণ মনে হলেও যানবাহন দু’টি ভেতরে জ্বালানি পরিবহনের জন্য বিশেষভাবে রূপান্তর করা ছিল বলে জানায় প্রশাসন। তল্লাশিতে কাভার্ডভ্যানের ভেতরে অবৈধভাবে স্থাপিত মিনি পাম্পের মাধ্যমে অকটেন ও পেট্রোল স্থানান্তরের প্রমাণ মেলে। একইসঙ্গে নোয়া গাড়িতে জ্বালানি সরবরাহের সরঞ্জাম এবং বিপুলসংখ্যক প্লাস্টিকের জার উদ্ধার করা হয়, যা জ্বালানি স্থানান্তর ও সংরক্ষণে ব্যবহৃত হতো বলে ধারণা করা হচ্ছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পুরাতন বাবুপাড়া এলাকার আব্দুল রহমানের ছেলে মো. রফিকুল ইসলাম (২৬) কে ২ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এ ছাড়া একই এলাকার মো. সেরাজ (২৫), হাতিখানা এলাকার মঈনুদ্দীন (৪৮), সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকার জাহাঙ্গীর (৩৫), সাগর (৩৫), মিস শেখ (২৪) এবং ঠাকুরগাঁওয়ের সিরাজ (২৮) কে ১ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ৩ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন জানান, জব্দকৃত জ্বালানি তেলের পরিমাণ নির্ধারণের জন্য তা নিকটস্থ পেট্রোল পাম্পে নেয়া হয়। পরবর্তীতে যাচাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সবকিছু জব্দ তালিকাভুক্ত করা হবে। সূত্র জানায়, বেশ কয়েকটি তেলের লরি, ক্যাভার্ডভ্যান, বড় বড় জার, এম্বুলেন্সে করে তেল মজুত রাখা এবং সিন্ডিকেটের মাধ্যমে উচ্চ দামে বিক্রি করে আসছিল তারা। বাইপাসের উভয় সাইডে বিশাল গোডাউন করে অসদুপায়ে তেল মজুত ও সিন্ডিকেটের মাধ্যমে উচ্চ দামে বিক্রির সব ব্যবস্থা ধরা পড়েছে। এ নিয়ে গোটা সৈয়দপুরসহ আশপাশের জেলাতেও চাঞ্চল্য সৃষ্টি করেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন