সুনামগঞ্জের তাহিরপুরে গোচারণভূমি রক্ষা, দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতিবাজ উপজেলা ভূমি অফিস কর্মকর্তা এবং তেলিগাঁও গ্রামের রণধীর পাল বেণুর বিরুদ্ধে অবৈধভাবে রেকর্ড সংশোধনের অভিযোগ এনে এ কর্মসূচি পালন করেন স্থানীয় এলাকাবাসী। শুক্রবার বিকালে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের পাটলাই নদীর তীরে শ্মশানঘাট প্রাঙ্গণে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নদীপাড়ের ৬/৭টি গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তেলিগাঁওসহ আশপাশের কয়েকটি গ্রামের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, তেলিগাঁও গ্রামের বদনপাল, বিবেকপাল, বালিয়াঘাট গ্রামের বর্তমান সদস্য আমির আলী, সাবেক সদস্য নুরুল আমীন, দুধের আউটা গ্রামের সাবেক সদস্য আসাদ মিয়া, নুরুল হক, পেয়ার আলী এবং বানিয়াগাঁও গ্রামের নুরু তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন, যে স্থানে তারা মানববন্ধন কর্মসূচি পালন করছেন সেটি মূলত সরকারি খাস জমি। এলাকার মানুষ ও তাদের পূর্বপুরুষরা দীর্ঘদিন ধরে এ জমি গরু-ছাগল চরানো এবং ধান শুকানোর মারাখলা হিসেবে ব্যবহার করে আসছেন। তেলিগাঁও গ্রামের মানুষ গরু নিয়ে নদী পার হয়ে এ খাস জমিতেই লালন-পালন করে থাকেন। বক্তারা আরও বলেন, জায়গাটি তেলিগাঁও মৌজার সরকারি ১ নম্বর খাস খতিয়ানের অন্তর্ভুক্ত আর.এস ৩৫০ নম্বর দাগের ভূমি। সম্প্রতি তেলিগাঁও গ্রামের রণধীর পাল বেণুর আর.এস ৩২৩ নম্বর খতিয়ানের ৩৫৪ নম্বর দাগের প্রায় ৩ একর জমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার পর তিনি মোটা অঙ্কের টাকা দিয়ে অবৈধভাবে তাহিরপুর এসিল্যান্ড অফিসের মাধ্যমে আর.এস ৩৫০ নম্বর দাগে রেকর্ড সংশোধন করে ওই জমি দখলের চেষ্টা করছেন। তাদের দাবি, আর.এস ৩৫০ নম্বর দাগের প্রায় ৩ একর সরকারি খাস জমি ব্যক্তি মালিকানায় চলে গেলে ৬ থেকে ৭টি গ্রামের মানুষ চরম ভোগান্তির শিকার হবেন এবং গোচারণভূমি সংকট দেখা দেবে। এলাকাবাসী আরও অভিযোগ করেন, রণধীর পাল বেণু তার স্ত্রী ও বড় ভাইয়ের স্ত্রীর নামে মিথ্যা তথ্য দিয়ে সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তাকে প্রভাবিত করে সরকারি খাস জমি বন্দোবস্ত নিয়েছেন। মানববন্ধনে বক্তারা দ্রুত বিষয়টি তদন্ত করে সরকারি খাস জমি রক্ষা এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
