জীবননগরে নৈশপ্রহরীর মৃত্যু

ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গার জীবননগরে একটি কোল্ড স্টোরেজের ছাদ থেকে পড়ে তুষার মণ্ডল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার সন্তোষপুর-দেহাটি সড়কের জাহান মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তুষার মেহেরপুর জেলার গাংনী উপজেলার যোগিন্দা গ্রামের লাবণ মণ্ডলের ছেলে ও ওই কোল্ড স্টোরেজে কর্মরত ছিলেন। সহকর্মীদের সূত্রে জানা যায়- গত বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত তুষার ও তার সহকর্মী মফিজুল হক (৪২) একসঙ্গে দায়িত্ব পালন করছিলেন। রাতের দিকে মফিজুলের চোখে গ্যাস লাগলে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তুষার তাকে বিশ্রাম নিতে বলেন এবং নিজেই রাত্রের ডিউটি করতে থাকেন। পরে ভোর সাড়ে ৪টার দিকে মফিজুল ঘুম থেকে উঠে তুষারকে না পেয়ে স্টোরেজের ভেতরে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সকাল ৭টার দিকে স্টোরেজের পূর্ব পাশে ছাদের নিচে তুষারকে মৃত অবস্থায় শনাক্ত করা হয়। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। জীবননগর থানার ওসি সোলায়মান সেখ জানান-প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে তদন্ত চলছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন