জাফলংয়ে কূপ থেকে পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ৩

জাফলংয়ে কূপ থেকে পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ৩

ফন্ট সাইজ:

সিলেটের জাফলংয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি কূপ থেকে দেশীয় তৈরি একটি পিস্তল উদ্ধার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৩ যুবককে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাত প্রায় ৮টার দিকে জাফলংয়ের রসুলপুর এলাকার একটি কূপ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- সিলেটের এয়ারপোর্ট থানার বাসিন্দা আতাউর রহমানের ছেলে সুরমান আহমদ (২৫), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বপাড়া এলাকার মোজাম্মেল হক চৌধুরীর ছেলে আতাউল মোস্তফা (৩১) ও সিলেটের শাহপরান থানা এলাকার কল্লগ্রাম এলাকার মৃত হাফিজ মিয়ার ছেলে টুটুল মিয়া (২৪)। জানা যায়, বৃহস্পতিবার সকালে গোয়াইনঘাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয় পূর্ব জাফলং এলাকায় ১টি পানির কূপে দেশীয় তৈরি ১টি আগ্নয়াস্ত্র লুকিয়ে রাখা হয়েছে- এই তথ্যের ভিত্তিতেই শুরু হয় পুলিশের বিশেষ অভিযান। শুরুতেই আটক করা হয় সন্দেহভাজন সুরমান আহমদ নামীয় ব্যক্তিকে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে দিনভর তল্লাশি চালানো হয় ওই কূপে। খবর দেয়া হয় ফায়ার সার্ভিসেও। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ব্যর্থ হন কূপ থেকে পিস্তলটি উদ্ধারে। অবশেষে রাত ৮টার দিকে স্থানীয় দুইজন সংবাদকর্মী ও জনসাধারণের সহযোগিতায় লম্বা একটি দড়ির (রশির) মাথায় চুম্বক বেঁধে কূপের ভিতরে ফেলে চুম্বকের সাহায্যে কূপের ভিতরে পড়ে থাকা দেশীয় তৈরি পিস্তলটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ঘটনার সঙ্গে জড়িত আরও ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান, “সোর্সের দেয়া তথ্যের ভিত্তিতে প্রথমে একজনকে আটক করি। পরে তার জবানবন্দি অনুযায়ী স্থানীয়দের সহায়তায় কূপ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। এ সময় আরও দুইজনকে আটক করা হয়।” এ ঘটনায় ৩ জনকেই গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রটি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১টি মামলা দায়ের করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান সব সময়ই অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন