ঝালকাঠি শহরের শ্মশানঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার। বৃহস্পতিবার এ পরিদর্শন করেন তিনি।
অগ্নিকাণ্ডে নিম্ন আয়ের ১৭টি পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণরূপে পুড়ে গেছে। ফলে তারা বর্তমানে চরম দুর্দশাগ্রস্ত, আশ্রয়হীন ও খাদ্য সংকটে ভুগছেন।
পরিদর্শনকালে ড. জিয়াউদ্দিন হায়দার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের বর্তমান সমস্যা ও প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজখবর নেন। দুর্গত মানুষদের এই দুরবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘এ ধরনের মানবিক সংকটে সমাজের সকল শ্রেণির মানুষকে এগিয়ে আসা অত্যন্ত জরুরি।’
এসময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়, যার মধ্যে ছিল চাল, ডাল, আলু এবং ভোজ্য তেল। তিনি আশ্বাস দেন যে, ভবিষ্যতেও তাদের পাশে থেকে সহায়তা অব্যাহত রাখা হবে।
উল্লেখ্য, জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ৭,৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
