সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় এখনো ৪ জন মৌয়াল নিখোঁজ রয়েছেন। তবে অন্য চার মৌয়ালকে উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাতে সুন্দরবনের কাচিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে উদ্ধার হওয়া মৌয়ালদের সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনে নিয়ে আসা হয়।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ফজলুল রহমান গণমাধ্যমকে বলেন, ‘গত ১ এপ্রিল বৈধ পাস নিয়ে সুন্দরবনে প্রবেশ করেন মৌয়ালেরা। এরপর সোমবার রাতে ঝড়ের কবলে পড়ে নদীতে মৌয়ালদের বহনকারী নৌকা ডুবে যায়। ওই নৌকায় আটজন মৌয়াল ছিলেন। পরের দিন জীবিত অবস্থায় চারজনকে উদ্ধার করা হয়।’ নিখোঁজ অপর চারজনের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
