ভারতীয় ক্রিকেটের বিস্ময়বালক বৈভব সূর্যবংশীর ব্যাটে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ম্যাচগুলিতে রানের ঝড় নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও জোর আলোচনা হয়েছে। বিসিসিআই তাকে ভারতীয় দলে স্থান দিতে বাধ্য হয়েছে। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজে ভারতীয় ‘এ’ দলের হয়ে খুব একটা বড় রান আসছিল না বৈভবের ব্যাটে। শ্রীলঙ্কার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ প্লেয়ারদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন। তৈরি হয়েছিল বিতর্ক। ফলে ফাইনাল ছিল বৈভব সূর্যবংশীর কাছে নিজেকে ফের প্রমাণ করার ম্যাচ। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে যেমন জ্বলে উঠেছিলেন বৈভব সূর্যবংশী, ত্রিদেশীয় সিরিজের ফাইনালও তার ব্যাটিং তাণ্ডব দেখেছে। মাত্র ১১ বলে অর্ধশত রান করে বৈভব সূর্যবংশী লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম অর্ধশত রানের নতুন রেকর্ড গড়লেন।
রোববার ইনিংসের শুরু থেকেই মারকাটারি ব্যাটিং করেন বৈভব সূর্যবংশী। একের পর বিধ্বংসী শট খেলে মাত্র ১১ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি। যা একদিনের ক্রিকেটে সব ধরনের ক্রিকেট মিলিয়ে সব থেকে দ্রুততম অর্ধশত রান। ভারত ‘এ’ দলের হয়ে তার প্রথম অর্ধশত রান। শ্রীলঙ্কার বোলারদের রীতিমতো তুলোধোনা করেন ১৫ বছরের তারকা ব্যাটার। সেই সঙ্গে বৈভব সূর্যবংশী ভেঙেছেন শ্রীলঙ্কার কৌশল্য বীররত্নের রেকর্ড। ২০০৫ সালে ১২ বলে ৫০ করেছিলেন কৌশল্য।
মাত্র ১১ বলে অর্ধশত রানের পথে সূর্যবংশী ১০ বলেই বাউন্ডারি মেরেছেন। এরমধ্যে ছক্কা ৫টি। একটি বল ডট খেলেছেন। এরপরও থেমে থাকেননি সূর্যবংশী। দ্রুততম অর্ধশতরানের পর সেঞ্চুরির পথেও এগিয়ে গিয়েছিলেন। তবে সাহান আরাচ্চিগের বলে মিড অফে ক্যাচ দেয়। মাত্র ৬ রানের জন্য শতরান হাতছাড়া করেন বৈভব সূর্যবংশী। আর ৯৪ রান করেন মাত্র ২৯ বলে। যাতে ছির ৮টি ছক্কা ও চার মেরেছেন ১০টি।
