৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইমামকে মারধর করে পুলিশে দিয়েছে এলাকাবাসী

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইমামকে মারধর করে পুলিশে দিয়েছে এলাকাবাসী

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ত্রিশালে পাঁচ বছর বয়সী মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগে এক মসজিদের ইমামকে মারধর করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন বলে জানিয়েছেন ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ।

মামলায় অভিযোগ করা হয়েছে, শনিবার দুপুর আড়াইটার দিকে ত্রিশালের একটি গ্রামের মসজিদের পাশে থাকার ঘরে ধর্ষণের এ ঘটনা ঘটেছে। গ্রেপ্তার মাওলানা শাহিনুর ইসলাম (৪৫) টাঙ্গাইল জেলার গোপালপুর থানার মোজাম্মেল হোসেনের ছেলে। শিশুটির পরিবার ওই মসজিদ সংলগ্ন এলাকার একটি বাসায় ভাড়া থাকে।
মামলার বরাতে পুলিশ জানায়, তিন মাস ধরে মাওলানা শাহিনুরের কাছে পড়তে যাচ্ছে মেয়েটি। শনিবার পড়া শেষ হওয়ার নির্ধারিত সময়েও ছুটি না হওয়ায় শিশুটির মা মেয়েকে আনতে যান। পরে তিনি ইমামকে নগ্ন অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেন। এতে স্থানীয়রা এসে ইমামকে মারধর করে জুতার মালা পরিয়ে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে থানা হেফাজতে নিয়ে যায়।

ভুক্তভোগী শিশুটির মা বলেন, ‘আমার ছুটির সময় পার হলেও মেয়ে বাসায় না ফেরায় আনতে গিয়ে মসজিদে ইমামের থাকার জায়গায় তাকে আপত্তিকর পরিস্থিতিতে দেখতে পাই। বিষয়টি দেখে সবাইকে ডাকাডাকি করলে তারা এসে ইমামকে আটক করে। আমার নিষ্পাপ মেয়ের সঙ্গে যে হুজুর এই কাজ করেছে আমি তার ফাঁসি চাই।’

ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ বলেন, ‘খবর পেয়ে ইমামকে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। ভিকটিমের বাবার লিখিত অভিযোগের প্রেক্ষিতে একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে।’
এছাড়া ভুক্তভোগী শিশুটিকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারের পরামর্শে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ সার্ভিস সেন্টারে পাঠানো হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন