যুক্তরাষ্ট্রের শিকাগোতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের উদ্যোগ নিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রবাসী বাংলাদেশি রাজনৈতিক ও কমিউনিটি সংগঠক শাহ মোজাম্মেল নান্টু।
তিনি শিকাগো ইলিনয় স্টেট বিএনপির সভাপতি। একইসঙ্গে হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নবীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য। নান্টু হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ১১ নম্বর গজনাইপুর ইউনিয়নের দরগাপাড়া গ্রামের দরগাবাড়ির সন্তান।
দীর্ঘ প্রায় চার দশক ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত শাহ মোজাম্মেল নান্টু প্রবাসে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় নেতৃত্বের অবদান তুলে ধরতে কাজ করে যাচ্ছেন।
২০১৪ সালে তার উদ্যোগে শিকাগোতে প্রতিষ্ঠিত হয় ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’। নানা বাধা ও প্রতিকূলতা অতিক্রম করে তিনি শিকাগো সিটি কাউন্সিলের অনুমোদনের মাধ্যমে এই ঐতিহাসিক উদ্যোগ বাস্তবায়ন করেন।
এর ১২ বছর পর তার উদ্যোগে শিকাগোর প্রাণকেন্দ্রে বিশ্ববিখ্যাত উইলিস টাওয়ার, সাবেক সিয়ার্স টাওয়ারের সামনে প্রতিষ্ঠিত হলো ‘অনারারি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’।
২০২৬ সালের ১৪ অক্টোবর শিকাগো সিটি কাউন্সিলে সড়কটির সম্মানসূচক নামকরণের অধ্যাদেশ পাস হয়। ২২ নভেম্বর সিটি অব শিকাগোর উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন শিকাগো সিটির ৩৬তম ওয়ার্ডের অল্ডারম্যান গিলবার্ট ভিলেগাস।
ওই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মুহাম্মদ আরিফুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজাসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও বিএনপির নেতৃবৃন্দ।
এই ঐতিহাসিক উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ সহযোগিতা করেন শিকাগো সিটির অল্ডারম্যান গিলবার্ট ভিলেগাস, অল্ডারম্যান ব্রেন্ডন রেইলি, শিকাগো ইলিনয় স্টেট বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা শাহ মুসাদ্দেক মিন্টু এবং বাংলাদেশ কমিউনিটি অব শিকাগোল্যান্ডের সভাপতি শাহ মুশাররফসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ।
বিশ্ববিখ্যাত উইলিস টাওয়ারের সামনে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ বিশেষ তাৎপর্য বহন করে। ১৯৭৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ ভবন হিসেবে পরিচিত এই ভবনের কাঠামোগত নকশায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বাংলাদেশের গর্ব, বিশ্ববরেণ্য প্রকৌশলী ড. ফজলুর রহমান খান।
শাহ মোজাম্মেল নান্টুর উদ্যোগে একই মার্কিন নগরীতে বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে দুটি সম্মানসূচক সড়ক প্রতিষ্ঠা বাংলাদেশের ইতিহাস ও পরিচিতিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার একটি উল্লেখযোগ্য অর্জন।
