প্রথম আলো
‘গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ’—এটি দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম। খবরে বলা হয়, গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার কারণে ৯ দিন ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এবার সেখানকার বেশির ভাগ গ্রাহকের মোবাইল ব্যাংকিং সেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। গত বুধবার রাত থেকে মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানগুলোয় লেনদেন করতে পারছেন না স্থানীয় গ্রাহকেরা। সেবা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তাঁরা। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনের কারণে এ সেবা বন্ধ করা হয়েছে।
আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, বুধবার রাতে সরকারের পক্ষ থেকে গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে দুটি সেবাদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা প্রথম আলোকে জানিয়েছেন, সরকারের কাছ থেকে নির্দেশনা পাওয়ার পর এই সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পুলিশ তদন্ত করতে গিয়ে দেখেছে, সাম্প্রতিক সময়ে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে গোপালগঞ্জে অস্বাভাবিক পরিমাণে অর্থ লেনদেন হয়েছে। এ কারণে সাময়িকভাবে শুধু এ জেলায় মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ রাখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার এ সেবা চালু করা হবে।
গোয়েন্দা সংস্থার বরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে জানান, দেশের বিভিন্ন জেলার মানুষ গ্রেপ্তার এড়াতে গোপালগঞ্জে আশ্রয় নিয়েছেন। তাঁদের মোবাইল হিসাবে টাকা পাঠানোর তথ্য রয়েছে। ভবিষ্যতে কর্মসূচি বাস্তবায়নে গোপালগঞ্জে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে টাকা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে জন্য সাময়িক সময়ের জন্য এ সেবা বন্ধ করা হয়েছে।
১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা গোপালগঞ্জে বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এর দুই দিন পর থেকে এ জেলার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলপথ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নাশকতার আশঙ্কা থাকায় সরকার এখনই এই পথে ট্রেন চালুর কথা ভাবছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।
পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রমও শিগগিরই চালু হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, থানা দুটির কার্যক্রম চালুর জন্য স্থানীয় লোকজন অনুরোধ করছেন। তবে এ দুটি থানার কার্যক্রম আবার চালু করতে আরও সময় লাগবে। আপাতত থানা দুটির কার্যক্রম গোপালগঞ্জ সদর থানা থেকে পরিচালিত হচ্ছে।
গোপালগঞ্জে আপাতত বিভিন্ন সরকারি বরাদ্দও স্থগিত থাকবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় সারা দেশে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে যে বরাদ্দ দেওয়া হয়, তার মধ্যে গোপালগঞ্জের তৃতীয় কিস্তির অর্থ এখনই ছাড় করা হবে না বলে জানা গেছে। সাধারণত এসব প্রতিষ্ঠানে চার কিস্তিতে অর্থসহায়তা দেওয়া হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গোপালগঞ্জের জন্য জানুয়ারি থেকে মার্চ মেয়াদের কিস্তির অর্থছাড় বন্ধ থাকবে।
এদিকে আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা শাখার নামে গতকাল এক বিজ্ঞপ্তিতে সব থানা ও ট্রেন আবার চালু করার দাবি জানানো হয়েছে। উন্নয়ন বরাদ্দ ও নাগরিক অধিকার নিশ্চিত করারও দাবি করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
দোকানে ভিড়, টাকা মিলছে না
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকার হাফিজ টেলিকমের বিকাশ এজেন্টের দোকানে টাকা তুলতে যান ধীমান বিশ্বাস। তাঁর বড় বোন সাথী বিশ্বাস বিকাশে দুই হাজার টাকা পাঠিয়েছিলেন। সেই টাকা দিয়ে বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। টাকা তুলতে গিয়ে জানতে পারেন, তাঁর বিকাশ অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ রয়েছে। পরে এজেন্টের সহায়তা চাইলে তিনিও অ্যাকাউন্ট বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন।
গোপালগঞ্জ সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ তামান্না তাহা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছেন। আবেদনপ্রক্রিয়া শেষ করলেও রকেট অ্যাকাউন্ট থেকে ফি পরিশোধ করতে না পেরে বিপাকে পড়েছেন। গতকাল গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকার কয়েকটি দোকানে ঘুরে শেষ পর্যন্ত যান হাফিজ টেলিকমে। সেখানে কথা হয় তামান্নার সঙ্গে। তিনি জানান, শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের শেষ দিন। তাই বৃহস্পতিবার আবেদন ও ফি পরিশোধের কাজ শেষ করতে চেয়েছিলেন। কিন্তু রকেট অ্যাকাউন্ট থেকে টাকা পরিশোধ করতে না পারায় আবেদনপ্রক্রিয়া শেষ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।
গোপালগঞ্জে হঠাৎ বিকাশ, নগদ ও রকেটের অনেক ব্যক্তিগত অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন গ্রাহকেরা। বৃহস্পতিবার থেকে এসব মোবাইলে আর্থিক সেবার (এমএফএস) অ্যাকাউন্ট বন্ধ হতে শুরু করে। অ্যাকাউন্ট বন্ধ থাকায় অনেকে টাকা তুলতে, পাঠাতে ও জরুরি লেনদেন করতে পারছেন না। কেন অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে এবং কত দিন এ অবস্থা থাকবে, তা জানার চেষ্টা করছেন গ্রাহকেরা।
গতকাল বিকেলে গোপালগঞ্জ শহরের বিভিন্ন বিকাশ, নগদ ও রকেট এজেন্টের দোকানে গিয়ে গ্রাহকদের ভিড় দেখা যায়। ঢাকায় একটি প্রতিষ্ঠানে চাকরি করেন গোপালগঞ্জের বাসিন্দা কাজী আকাশ। গতকাল বিকেলে হঠাৎ তাঁর বিকাশ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। এর কারণ জানতে বিকাশের হেল্পলাইনে ফোন করলে তাঁকে জানানো হয়, তদন্তের স্বার্থে তাঁর নম্বরটি বন্ধ রাখা হয়েছে। কাজী আকাশ বলেন, ‘আমি কোথাও থেকে অবৈধভাবে টাকা গ্রহণ করিনি, কাউকে সন্দেহজনকভাবে টাকাও পাঠাইনি। তাহলে আমার অ্যাকাউন্ট কেন বন্ধ করা হলো? হেল্পলাইন থেকে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।’ পরে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, গোপালগঞ্জের অনেক সহপাঠীর বিকাশ অ্যাকাউন্টও বন্ধ। একসঙ্গে অনেকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা উদ্বিগ্ন। কেন অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে এবং কবে তা আবার চালু হবে, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাচ্ছেন না তাঁরা। ফলে প্রয়োজনীয় লেনদেন করতে গিয়ে সমস্যায় পড়ছেন।
অ্যাকাউন্ট বন্ধ থাকা গ্রাহকদের নিবন্ধিত মুঠোফোন নম্বরে খুদে বার্তা (এসএমএস) পাঠানো হচ্ছে। বার্তায় বলা হচ্ছে, ‘স্যার/ম্যাডাম, এমএফএস বিধিমালা অনুযায়ী আপনার বিকাশ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ মুহূর্তে এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না বলে দুঃখিত।’
গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকার হাফিজ টেলিকমের স্বত্বাধিকারী মোহাম্মদ হাফিজ খান মোল্লা বলেন, গতকাল সকাল থেকে বিকাশ, নগদ ও রকেটের অ্যাকাউন্ট বন্ধের সমস্যা নিয়ে অন্তত ৩০০ থেকে ৪০০ গ্রাহক তাঁর দোকানে এসেছেন। তাঁদের অনেকেই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান প্রথম আলোকে বলেন, আইন অনুযায়ী সন্দেহজনক যেকোনো লেনদেনকারীর হিসাব মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিতে পারে। তারই আলোকে সম্প্রতি গোপালগঞ্জ এলাকার কিছু হিসাবে স্বাভাবিকের চেয়ে বেশি সন্দেহজনক লেনদেন হওয়ায় এসব হিসাব বন্ধ করে দেওয়া হয়েছে। এটি এমএফএস প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক প্রক্রিয়া।
বিদ্যুৎকেন্দ্রে হামলা না করার অনুরোধ
গোপালগঞ্জে বিদ্যুৎকেন্দ্রে হামলা না করতে স্থানীয় গ্রাহকদের অনুরোধ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)। গতকাল সংস্থাটির ফেসবুক পেজে বলা হয়, গোপালগঞ্জের সব শ্রেণির বিদ্যুৎ গ্রাহকদের কাছে অনুরোধ, রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের সঙ্গে নিয়োজিত যানবাহন ও জনবলকে হামলার লক্ষ্যবস্তু করবেন না। বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে।
গোপালগঞ্জ জেলার ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, ১৯ নভেম্বর শতাধিক ব্যক্তি কার্যালয়ের ভেতর ঢুকেছিল। যদিও ওই দিন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আগামী দিনে যাতে বিদ্যুৎকেন্দ্রের কোনো ক্ষতি না করে, সে জন্য আগাম অনুরোধ করা হয়েছে। কেউ যাতে জরুরি সেবায় হামলা না করে। হামলা করলে সবার জন্য বিদ্যুৎসেবা বন্ধ হয়ে যাবে। এতে সবারই ক্ষতি হবে।
লগি-বইঠা, রামদা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে ১৫ নভেম্বর গোপালগঞ্জে মহড়া দেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, এর সহযোগী সংগঠন এবং নিষিদ্ধ ছাত্রলীগ। ওই দিন পুলিশের একটি সাঁজোয়া যানে আগুন এবং পুলিশ বক্স ভাঙচুর করা হয়। জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন দলটির নেতা-কর্মীরা। এরপর বিএনপিদলীয় তিন সংসদ সদস্যের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ১৭ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা এবং ১৯ নভেম্বর মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়। তার পর থেকে দুই থানার কার্যক্রম বন্ধ রয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড মোকাবিলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানোর প্রসঙ্গে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করবে না। তবে জনগণের জানমাল রক্ষার প্রয়োজন হলে আইনানুগভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সরকার এ অবস্থান আগেই ঘোষণা করেছে। সরকার গণতান্ত্রিক আচরণ করবে বলে অঙ্গীকারবদ্ধ।
বিকল্প রুটে ট্রেন চালানোর প্রস্তাব
যাত্রীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকা–খুলনা রুটের জাহানাবাদ এক্সপ্রেস এবং ঢাকা-বেনাপোল রুটের রূপসী বাংলা এক্সপ্রেস ১৯ নভেম্বর থেকে সাময়িকভাবে বন্ধ রেখেছে বাংলাদেশ রেলওয়ে। এর ফলে যাত্রীদের ভোগান্তি বাড়ছে এবং নিয়মিত টিকিট বিক্রির কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর পরিবর্তে খুলনা-পোড়াদহ-রাজবাড়ী-ঢাকা রুটে এক জোড়া বিকল্প ট্রেন চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
গত বুধবার রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তার কার্যালয় থেকে রেলওয়ের মহাপরিচালকের কাছে এই প্রস্তাব পাঠানো হয়। প্রস্তাবে বলা হয়, ২৮ নভেম্বর থেকে জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন দুটির বগি ব্যবহার করে খুলনা-পোড়াদহ-রাজবাড়ী-ঢাকা রুটে নতুন এক জোড়া ট্রেন চালানো যেতে পারে। এ সিদ্ধান্ত কার্যকর হলে ট্রেন দুটি গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর স্টেশনের ওপর দিয়ে যাবে না।
যুগান্তর
দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম ‘দেশে পা দিলেই গ্রেফতার’। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা ভারতের যে কোনো সীমানা বা ইমিগ্রেশন পার হয়ে বাংলাদেশের সীমার ভেতরে প্রবেশ করলেই তাকে গ্রেফতার করা সম্ভব। একজন দণ্ডপ্রাপ্ত আসামি হিসাবে তিনি যদি নোম্যানস ল্যান্ডেও অবস্থান নেন এবং কোনোভাবে বাংলাদেশের সীমানায় পা রাখেন তাহলে তাকে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রেফতার করতে পারবে। দেশের প্রচলিত আইন অনুযায়ী অন্য সব আসামির মতোই তাকে গ্রেফতার করা যাবে। শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণায় এমনটাই বলছেন আইন বিশেষজ্ঞরা।
তারা জানিয়েছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি প্রত্যর্পণ অনুযায়ী দণ্ডপ্রাপ্ত একজন আসামিকে গ্রেফতার করে তার নিজ দেশে ফেরত পাঠানোই নিয়ম। কিন্তু ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাজাপ্রাপ্ত আসামি হওয়ার পরও ভারত তাকে গ্রেফতার করেনি। বরং তার ক্ষেত্রে প্রত্যর্পণ নীতির ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। ভারতের মাটিতে বসেই শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়ে রাজনৈতিক অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন। দেশটির প্রত্যক্ষ বা পরোক্ষ ইন্ধন ছাড়া যা সম্ভব নয়।
বিশ্লেষকরা মনে করেন, বিষয়টি নিয়ে রাজনৈতিক ক্যাম্পেইন বা যতই কূটচাল চলুক না কেন শেখ হাসিনা দেশে পা রাখামাত্রই গ্রেফতার হবেন। সরকারের কাছে এর বাইরে আর কোনো বিকল্প নেই।
প্রসঙ্গত, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার বাংলাদেশে ফেরা প্রসঙ্গে বলেছেন, এটি সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়। গত বুধবার অনুষ্ঠিত সাপ্তাহিক এক ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ঢাকার অনুরোধ প্রসঙ্গে জানতে চাওয়া হলে জয়সওয়াল বলেন, প্রত্যর্পণ অনুরোধটি আমাদের প্রচলিত নিয়ম অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে। তবে ভ্রমণ নথিসহ স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক কোনো নাগরিকের বিষয়টি প্রত্যর্পণ অনুরোধ থেকে আলাদা বিষয়।
রণধীর জয়সওয়ালের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ঢাকার কূটনৈতিক মহল মনে করছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ফেরত দেবে না ভারত। এটি শুধুই বলার মধ্যে রয়ে যাবে। অন্যদিকে আইন বিশেষজ্ঞরা বলছেন, ভারত শেখ হাসিনার ক্ষেত্রে দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ নীতির ভুল ব্যাখ্যা দিচ্ছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম যুগান্তরকে বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল প্রত্যর্পণ আইনের সম্পূর্ণ ভুল ব্যাখ্যা দিয়েছেন। প্রত্যর্পণ আইনের ক্ষেত্রে যদি কোনো আসামি নিজ দেশে ফিরে যেতে চায় তাহলে তাকে এই আইনের নিয়ম-কানুন মেনেই নিজ দেশে আসতে হবে। শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতের আশ্রয়-প্রশ্রয়ে আছেন। তার বিরুদ্ধে সাজা হয়েছে। তাই ভারত থেকে স্বেচ্ছায় তার আসা-যাওয়ার কোনো আইনগত সুযোগ নেই।
তিনি বলেন, ভারতের আইনগত বাধ্যবাধকতা এই যে, তারা শেখ হাসিনাকে গ্রেফতার করে প্রত্যর্পণ করতে বাধ্য। স্বেচ্ছায় তিনি ফেরত যেতে চান এই কথা বলারও সুযোগ নেই। তিনি যদি তৃতীয় কোনো দেশেও যেতে চান তাহলে ভারতের সে অনুমতি দেওয়া উচিত নয়। একজন দণ্ডপ্রাপ্ত আসামি হিসাবে তৃতীয় কোনো দেশে যাওয়ার সুযোগ দিলে সেটিও প্রত্যর্পণ চুক্তিবিরোধী, সিভিক সেন্সবিরোধী। তাই রণধীর জয়সওয়াল যা বলছেন তা কূটনৈতিক শিষ্টাচারের মধ্যেও পড়ে না।
শেখ হাসিনা ভারতে থেকে স্বেচ্ছায় সীমানা পার হয়ে বাংলাদেশে প্রবেশ করতে চাইলে বা নোম্যানস ল্যান্ডে অবস্থান নিলে বাংলাদেশের করণীয় প্রসঙ্গে এই আইনজীবী বলেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন বা যদি এমন হয় তিনি নোম্যানস ল্যান্ডে অবস্থান নিয়েছেন তাহলে তাকে বাংলাদেশের সীমানার মধ্যে পেলেই গ্রেফতার করা হবে। ভারত খুব ভালো করে জানে, তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি। এজন্য তারা শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য। কিন্তু সেটা না করে তারা নানা বাহানা ও অজুহাত তৈরি করছে।
কালের কণ্ঠ
‘মজুরি বৃদ্ধির পর যুক্তরাষ্ট্রের শুল্কঝুঁকির চাপে পোশাক খাত’—এটি দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, দেশের তৈরি পোশাক শিল্প একসঙ্গে দুটি চ্যালেঞ্জের মুখে পড়েছে। শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কাঠামো কার্যকরে প্রস্তুতি শুরু হলেও কারখানায় শ্রমিক অসন্তোষ পুরোপুরি কাটেনি।
তার ওপর বাংলাদেশের পণ্যের ওপর নতুন করে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব পোশাকশিল্পকে নতুন করে চাপের মুখে ফেলেছে।
শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের আশঙ্কা, নতুন শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাকের দাম বাড়তে পারে। এতে ক্রেতাদের চাহিদা কমে যাওয়ার পাশাপাশি রপ্তানি আদেশ কমারও ঝুঁকি তৈরি হবে।
একদিকে শ্রমিকের মজুরি বাড়ার কারণে উৎপাদন ব্যয় বাড়বে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে বাড়তি শুল্কের আশঙ্কা—এই দুই পরিস্থিতি পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।
তবে শুল্ক প্রস্তাবটি এখনো চূড়ান্ত হয়নি। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) আগামী ৫ জানুয়ারি ২০২৭ পর্যন্ত এ বিষয়ে মতামত নেবে। ২৫ জানুয়ারি থেকে গণশুনানি শুরু হওয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রের শুল্ক প্রস্তাব কী: ২৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর বাংলাদেশসহ ১৪টি দেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, বাংলাদেশের শিল্পনীতি, উৎপাদনে প্রণোদনা এবং শ্রম অধিকারসংক্রান্ত কিছু নীতি দেশটির উৎপাদক ও বাণিজ্য খাতের জন্য অসুবিধা তৈরি করছে।
এই পদক্ষেপটি যুক্তরাষ্ট্রের সেকশন ৩০১-এর আওতায় নেওয়া তদন্তের অংশ। উৎপাদন খাতে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা ও উৎপাদনসংক্রান্ত নীতির অভিযোগে বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, ভিয়েতনাম, জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের অর্থনীতিকে তদন্তের আওতায় আনা হয়েছে।
ইউএসটিআরের প্রস্তাবে বাংলাদেশের নীতিমালাকে অযৌক্তিক বলে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব নীতি তাদের বাণিজ্যের ওপর বোঝা তৈরি করছে বা বাণিজ্য সীমিত করছে। তবে এখনই নতুন শুল্ক কার্যকর হচ্ছে না; মতামত গ্রহণ, শুনানি ও পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্বেগ: যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, প্রস্তাবটি এখনো চূড়ান্ত হয়নি। বাংলাদেশের স্বার্থ ও অবস্থান যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরার সুযোগ রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের আশ্বাস, এ নিয়ে এখনই উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। প্রস্তাবের বিভিন্ন দিক পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তবে প্রস্তাবটি চূড়ান্ত হলে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে প্রভাব পড়বে বলে মনে করছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাকের দাম বাড়লে ক্রেতাদের চাহিদা ও আমদানি আদেশ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বাংলাদেশের জন্য এখন গুরুত্বপূর্ণ হলো শুনানি ও পর্যালোচনার আগে যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের অবস্থান তুলে ধরা এবং শুল্কঝুঁকি কমানোর জন্য আলোচনার সুযোগ কাজে লাগানো।
সমকাল
দৈনিক সমকালের প্রধান শিরোনাম ‘ডিসেম্বরে নাশকতার শঙ্কা, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক’। প্রতিবেদনে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতাকর্মীরা আসছে ডিসেম্বরে দেশে সহিংসতা ও নাশকতা চালাতে পারে। এ ধরনের অপতৎপরতা ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ জন্য দলটির নেতাকর্মীদের গ্রেপ্তারের পাশাপাশি পুলিশ বাহিনীর ভেতরে নজরদারি চালানো হচ্ছে। গত ১২ দিনে চার পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা কার্যক্রম নিষিদ্ধ দলের সঙ্গে যুক্ত থেকে ষড়যন্ত্র করছেন বলে মনে করছে সরকার
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের মাঠ পর্যায়ের সদস্যদের থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা, থানা ও পুলিশ সদস্যদের নিরাপত্তার জন্য বাড়তি পদক্ষেপ নেওয়া হয়েছে।
গত কয়েক দিনে গ্রেপ্তার হওয়া পুলিশ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও আবুল কালাম আজাদ এবং অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান ও রাকিবুল হাসান।
এ ছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন, মোহনা টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তসলিমসহ একই দিনে শুধু রাজধানীতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর ভ্রাতৃপ্রতিম সংগঠনের ৪৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশের বিভিন্ন জেলায়ও গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।
গত কিছু দিনে দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গোপালগঞ্জে সংসদ সদস্যদের বাড়ি ও একটি হাসপাতালে হামলা-ভাঙচুরের পর অগ্নিসংযোগ করা হয়। টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায়ও হামলা ও আস্তানের ঘটনা ঘটে। নড়াইলে হামলায় বিএনপির দুই নেতা নিহত হন। এসব ঘটনার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা বলছেন, পলাতক শীর্ষ নেতাদের নির্দেশনা ও অর্থায়নে এসব নাশকতা চালানো হচ্ছে।
গোয়েন্দাদের আশঙ্কা, ডিসেম্বরেও বড় ধরনের নাশকতার চেষ্টা হতে পারে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা ও রাজনৈতিক নেতারা হামলার লক্ষ্য হতে পারেন। এ পরিস্থিতিতে পুলিশ প্রশাসনে রদবদলও করা হয়েছে। গত বুধবার নড়াইলসহ সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়। অন্য জেলাগুলো হলো- খুলনা, সুনামগঞ্জ, লালমনিরহাট, ফেনী, গাইবান্ধা ও নওগা।
এর আগে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের ঘটনার পর ওই জেলার পুলিশ সুপারকে বদলি করা হয়। পরে ঢাকা রেঞ্জের ১৩ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকিতে ১২ জন অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে সংযুক্ত বলা হয়।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষনার প্রেক্ষাপটে সীমান্তবর্তী ৩২ জেলায় নজরদারি বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিদেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে ফিরে নাশকতার চেষ্টা করতে পারেন-এমন তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিজিবির সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সুনামগঞ্জ ও দিনাজপুরের হিলি সীমান্তে নাইট ভিশন ডিভাইস, থার্মাল ড্রোন, সিসিটিভি ক্যামেরা ও সৌরবিদ্যুৎ চালিত সার্চলাইট ব্যবহার করছে বিজিবি। নদী, হাওর, পাহাড় ও দুর্গম এলাকায়ও উত্তল চলছে।
ইত্তেফাক
‘আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে নজরদারি, এসপিসহ গ্রেফতার ৩’—এটি দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। একই সময়ে বাহিনীর ভেতরেও নজরদারি বাড়ানো হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে একজন পুলিশ সুপার ও দুই জন অতিরিক্ত পুলিশ সুপারকে গ্রেফতার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কর্মকর্তা ‘ফ্যাসিস্ট শক্তির’ সঙ্গে যুক্ত আছেন। সরকার তাদের কঠোর নজরদারিতে রেখেছে।
এদিকে কলকাতায় খুন হওয়া সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে (২৪), শেখ হাসিনার ডিপিএস কে এম শাখাওয়াত মুন, সাবেক উপকমিশনার (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন, আয়কর আইনজীবী সুফি মোহাম্মদ আল মামুন, কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান ও তার দুই ভাই আবদুস শুক্কুর এবং আবদুল আমিন গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজধানীতে বিভিন্ন অপরাধে ৪৯৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে ৪৯৯ জন গ্রেফতার হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। একই সময়ে ৫২টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৩ জন, লালবাগ বিভাগ ৫৯ জন, ওয়ারী বিভাগ ৭৯ জন, মতিঝিল বিভাগ ৪৫ জন, তেজগাঁও বিভাগ ৬৬ জন, মিরপুর বিভাগ ১৩৯ জন, গুলশান বিভাগ ৪৪ জন উত্তরা বিভাগ ৪২ জন ও গোয়েন্দা বিভাগ দুই জনকে গ্রেফতার করেছে।
পুলিশের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, কিছু কর্মকর্তার বিরুদ্ধে গণঅভ্যুত্থান-পূর্ববর্তী সময়ে কর্মস্থলে দায়িত্ব পালনকালে সংঘটিত অপরাধে জড়ানোর অভিযোগ আছে। গ্রেফতারের ক্ষেত্রে সেসব অভিযোগের কথা সামনে আসছে। তবে এত দিন পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পেছনে অভ্যন্তরীণ তথ্য ফাঁস ও কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগের বিষয়ে পাওয়া তথ্য ও ভূমিকা রাখছে বলে জানা গেছে।
দপ্তরের মুখপাত্র ও সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে কয়েক জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্য যাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ রয়েছে, তাদের কর্মকাণ্ড গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে।
খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়েছে। গত ১৪ নভেম্বর থেকে এখন পর্যন্ত আজাদসহ দুই এসপি ও দুই অতিরিক্ত এসপি গ্রেফতার হলেন।
গত বুধবার গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে আজাদকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, নুরুজ্জামান জনি হত্যা মামলায় আজাদকে গ্রেফতার করা হয়েছে। তিনি গাজীপুরের ঐ প্রশিক্ষণকেন্দ্রে কর্মরত ছিলেন। ঝালকাঠির বাসিন্দা আজাদ ২৫তম বিসিএসের পুলিশ কর্মকর্তা। গ্রেফতার অন্য তিন কর্মকর্তা হলেন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং অতিরিক্ত এসপি আবুল হাসান ও মো. রাকিবুল হাসান।
নয়া দিগন্ত
দৈনিক নয়া দিগন্তের প্রধান শিরোনাম ‘মালয়েশিয়াগামী কর্মীদের কাছে ৫ গুণ টাকা চাইছে এজেন্সিগুলো’। প্রতিবেদনে বলা হয়, সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ের বাইরে মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। কিন্তু সেই হুঁশিয়ারির পরও মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য যেতে আগ্রহীদের কাছ থেকে সাড়ে ৭ লাখ থেকে ৮ লাখ টাকা দাবি করার অভিযোগ উঠেছে। সরকার নির্ধারিত এক লাখ ৫৪ হাজার টাকার তুলনায় এই অর্থ প্রায় পাঁচ গুণ। সম্প্রতি অতিরিক্ত টাকা দাবির অভিযোগে একজন বিদেশগামী কর্মী মন্ত্রীর দফতরে লিখিত আবেদন করে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। অভিযোগের পর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এনফোর্সমেন্ট শাখা তদন্ত শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযোগকারীর দাবি, সাধারণ কর্মীদের স্বল্প খরচে বিদেশে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে হবে, যাতে তারা দালালচক্র ও অতিরিক্ত অর্থের চাপ থেকে মুক্ত থাকতে পারেন। তবে শুধু একজন কর্মীর কাছেই নয়, মালয়েশিয়ায় বেসরকারিভাবে যেতে আগ্রহী অনেকের কাছ থেকেই একই ধরনের অর্থ নানা কৌশলে দাবি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, সরকার নির্ধারিত এক লাখ ৫৪ হাজার টাকায় মালয়েশিয়া যাওয়ার ব্যবস্থা নেই বলে কর্মীদের বোঝাচ্ছেন কিছু রিক্রুটিং এজেন্সি ও তাদের মনোনীত মধ্যস্বত্বভোগীরা। তাদের বক্তব্য, নির্ধারিত ব্যয়ের অঙ্কটি শুধু আনুষ্ঠানিকভাবে বলা হয়। অথচ মালয়েশিয়ার প থেকে ঘোষণা রয়েছে, বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্যে যাওয়া কর্মীদের বিমানভাড়া, কলিং ভিসা ও সিন্ডিকেটের সংশ্লিষ্ট খরচ তারা বহন করবে; কর্মীদের কোনো অর্থ দিতে হবে না। এ অবস্থায় কর্মীদের কাছ থেকে কেন ৮ লাখ টাকা দাবি করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এক ভিডিও বার্তায় বলেছেন, সরকার নির্ধারিত ব্যয়ের বাইরে কোনো এজেন্সি অতিরিক্ত টাকা চাইলে প্রমাণসহ লিখিতভাবে মন্ত্রণালয়কে জানাতে হবে। বিদেশে যাওয়ার জন্য অর্থ লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে করারও পরামর্শ দিয়েছেন তিনি।
অভিযান শুরু, তদন্ত চলছে: গত মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এনফোর্সমেন্ট শাখার এক দায়িত্বশীল কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার শর্তে নয়া দিগন্তকে বলেন, সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ের বাইরে কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ দাবি, স্বাস্থ্য পরীার নামে টাকা আদায়সহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। তিনি জানান, সোমবার ঢাকার পল্টন টাওয়ারে চাঁদ ট্র্যাভেলসে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের কথিত মালিককে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীা করিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগও রয়েছে।
ওই কর্মকর্তা বলেন, অতিরিক্ত অভিবাসন ব্যয় আদায়কারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর সিদ্ধান্ত হয়েছে। কর্মীদের কাছ থেকে বাড়তি টাকা নেয়া, প্রতারণা ও জালিয়াতির অভিযোগে ইতোমধ্যে আড়াই শতাধিক রিক্রুটিং এজেন্সির মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। প্রাথমিকভাবে এসব প্রতিষ্ঠানের লাইসেন্সসংক্রান্ত কার্যক্রম বন্ধ রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ ও অনিয়মের তথ্য সংগ্রহ করে তদন্ত চলছে। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্স বাতিল ও জামানত প্রত্যাহার করা হবে।
বণিক বার্তা
‘রাজস্ব আয়ের বড় অংশ ব্যয় হচ্ছে ঋণ ও সুদ পরিশোধে’—এটি দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম। খবরে বলা হয়, ঋণঝুঁকির বিচারে বাংলাদেশের অবস্থানের অবনতি হয়েছে। আন্তর্জাতিক ঋণ মূল্যায়নে ঝুঁকির মাত্রা নিম্ন থেকে মধ্যম পর্যায়ে উন্নীত হয়েছে। জিডিপির তুলনায় সরকারি ঋণের পরিমাণ এখনো ঝুঁকিসীমার নিচে থাকলেও পরিশোধের সক্ষমতা ক্রমেই দুর্বল হচ্ছে। রাজস্ব আহরণে দীর্ঘদিনের দুর্বলতার কারণে সরকারের আয়ের বড় অংশ এখন ব্যয় হচ্ছে ঋণের আসল ও সুদ পরিশোধে। ফলে প্রশাসনিক ব্যয় নির্বাহ, শিক্ষা-স্বাস্থ্যসহ সামাজিক খাতে বিনিয়োগ এবং উন্নয়ন কর্মকাণ্ডে নিজস্ব অর্থায়নের সক্ষমতা সংকুচিত হচ্ছে। অন্যদিকে সরকারের ঋণের স্থিতি ও সুদ ব্যয়—দুটিই বাড়ছে, যদিও সে অনুপাতে বাড়ছে না রাজস্ব আয়। এমন অবস্থায় উন্নয়ন ব্যয় মেটানোর পাশাপাশি পুরনো ঋণের দায় পরিশোধে সরকারকে নতুন ঋণ নিতে হচ্ছে। এতে ঋণ পরিশোধের সক্ষমতা দুর্বল হওয়ার পাশাপাশি ঋণনির্ভরতার দুষ্টচক্রে আটকে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।
বিশ্বব্যাংকের সাম্প্রতিক মূল্যায়নে উঠে এসেছে এ সংকটের গভীরতা। সংস্থাটির হিসাবে বাংলাদেশের কর-জিডিপি অনুপাত বিশ্বে সর্বনিম্নে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম। অন্যদিকে ঋণের সুদ পরিশোধে সরকারের ব্যয় গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ঋণের আসল ও সুদ পরিশোধের সম্মিলিত দায় রাজস্ব আয়ের প্রায় কাছাকাছি পৌঁছে গেছে। অর্থাৎ ঋণের বোঝা সামাল দেয়ার সক্ষমতা নির্ভর করছে এমন এক রাজস্ব কাঠামোর ওপর, যেখানে আহরণের পরিমাণ প্রয়োজনের তুলনায় অনেক কম।
বাংলাদেশের ঋণ-জিডিপি অনুপাত ২০২৫-২৬ অর্থবছরে দাঁড়িয়েছে ৪০ দশমিক ৫ শতাংশে—বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ পাবলিক ফাইন্যান্স রিভিউ, নভেম্বর ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাব অনুযায়ী, ওই অর্থবছরে দেশের মোট জিডিপির আকার ছিল ৬১ লাখ ২০ হাজার ২০৯ কোটি টাকা। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, একই সময়ে সরকারের ঋণের স্থিতি দাঁড়িয়েছে ২৪ লাখ ৭৮ হাজার ৬৮৫ কোটি টাকায়। তবে এ হিসাবের মধ্যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর ঋণ অন্তর্ভুক্ত করা হয়নি।
ঋণের এ স্থিতি আপাতদৃষ্টিতে উদ্বেগজনক মনে না হলেও এর বিপরীতে সুদ পরিশোধের ব্যয় বৃদ্ধি সরকারের আর্থিক সক্ষমতার ওপর চাপ তৈরি করছে। বিশ্বব্যাংকের প্রাক্কলন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ঋণের সুদ পরিশোধে সরকারের ব্যয় জিডিপির ২ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে। ২০১৬-১৭ অর্থবছরে এ হার ছিল ১ দশমিক ৫ শতাংশ। অর্থাৎ এক দশকের ব্যবধানে জিডিপির অনুপাতে সুদ পরিশোধের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
ঋণের আসল ও সুদ পরিশোধের সম্মিলিত দায়ের সঙ্গে রাজস্ব আহরণের তুলনা করলে চাপের মাত্রা আরো স্পষ্ট হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাম্প্রতিক এক প্রতিবেদনের প্রক্ষেপণ অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশী-বিদেশী ঋণের আসল ও সুদ পরিশোধে সরকারের ব্যয় হয়েছে ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলার। ডলারপ্রতি ১২৪ টাকা ৭৫ পয়সা বিনিময় হার ধরে বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৩ লাখ ৮১ হাজার ৪৮৫ কোটি টাকা। একই অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রকৃত রাজস্ব আহরণ হয়েছে ৪ লাখ ১৫ হাজার ৪৭৩ কোটি টাকা। সে হিসাবে এনবিআরের আহরিত রাজস্বের প্রায় ৯২ শতাংশের সমপরিমাণ অর্থ ব্যয় হয়েছে সরকারের ঋণের আসল ও সুদ পরিশোধে।
আজকের পত্রিকা
দৈনিক আজকের পত্রিকার প্রথম পাতার খবর ‘ইউপি নির্বাচন: নির্দলীয় ভোটে দলীয় প্রভাব কমাতে চায় কমিশন’। প্রতিবেদনে বলা হয়, আগামী জানুয়ারি থেকে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন নির্দলীয় প্রতীকে হলেও এরই মধ্যে স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করছে রাজনৈতিক দলগুলো। এমন পরিস্থিতিতে ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে সংলাপে বসছে কমিশন। সংলাপে নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখা, সহিংসতা এড়ানো ও আচরণবিধি মেনে চলতে দলগুলোর সহযোগিতা চাইবে ইসি।
তবে নির্দলীয় নির্বাচনে দলগুলোর প্রার্থী মনোনয়ন ও সমর্থনের সুযোগ নিয়ে বিশ্লেষকদের মধ্যে ভিন্নমত রয়েছে। কেউ দলগুলোর হস্তক্ষেপ বন্ধের পক্ষে, আবার কারও মতে, আইনে স্পষ্ট বিধান না থাকায় এ বিষয়ে কমিশনের ব্যবস্থা নেওয়ার সুযোগ সীমিত।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ আজকের পত্রিকাকে বলেন, দলীয় প্রতীক না থাকলেও বাস্তবে রাজনৈতিক দলগুলোকে আলাদা করা যাবে না। কারণ, প্রার্থীরা কমবেশি কোনো না কোনো দলের সঙ্গে যুক্ত। এ কারণে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ও পরামর্শ চায় কমিশন।
২০১৫ সালে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করার বিধান চালু করে তৎকালীন সরকার। এ জন্য সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ-সংক্রান্ত আইন সংশোধন করা হয়। জাতীয় রাজনীতির বিরোধ তৃণমূলে ছড়িয়ে পড়ার আশঙ্কা করে তখন বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের পক্ষ থেকে এর বিরোধিতা করা হয়েছিল।
এরপর ২০২৫ সালের ১৮ আগস্ট অধ্যাদেশ জারির মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বিধান বাতিল করে অন্তর্বর্তী সরকার। এ বছর বিএনপি ক্ষমতায় এসে অধ্যাদেশটি আইনে পরিণত করে। নির্দলীয় প্রতীকে পাঁচ ধাপে ইউপি নির্বাচনের সম্ভাব্য নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে ইসি।
বিশ্লেষকেরা বলছেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হলেও আইনে নির্দলীয় নির্বাচনের কোনো সংজ্ঞা নেই। দলগুলো কী করতে পারবে বা পারবে না, কিংবা কতটুকু ভূমিকা রাখতে পারবে, সে বিষয়েও স্পষ্ট বিধান নেই। শুধু আচরণবিধিতে নির্বাচনী প্রচারণায় কারা অংশ নিতে পারবেন, আর কারা পারবেন না, সে বিষয়ে কিছু নির্দেশনা রয়েছে। আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন দেওয়া বা কোনো প্রার্থীকে সমর্থনের বিষয়েও আইনে কিছু বলা নেই। এটিকে আইনের ত্রুটি ও দুর্বলতা বলে মনে করেন তাঁরা।
দেশ রূপান্তর
‘আমলনামার ফাঁদে ৭২ পুলিশ কর্মকর্তা’—এটি দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, বাংলাদেশ পুলিশের ভেতরে রাজনৈতিক সংশ্লিষ্টতা, অতীত কর্মকাণ্ড এবং দায়িত্ব পালনে নিরপেক্ষতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক পট-পরিবর্তনের পরও বাহিনীর ভেতরে রাজনৈতিক যোগাযোগ, প্রভাব বিস্তার ও তথ্যের আদান-প্রদানের অভিযোগ থামছেই না। সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ তথ্য বাইরে চলে যাওয়ার অভিযোগ সামনে আসায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন সরকারের নীতিনির্ধারকরা। বিশেষ করে যেসব কর্মকর্তার বিরুদ্ধে অতীতে রাজনৈতিক প্রভাব খাটানো, বিতর্কিত দায়িত্ব পালন কিংবা রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের অভিযোগ রয়েছে, তাদের কর্মকাণ্ড পর্যালোচনার বিষয়টি সামনে এসেছে।
ইতিমধ্যে এসব কর্মকা-ের দায়ে পুলিশের একাধিক কর্মকর্তাকে বরখাস্ত, ওএসডি ও আটক করা হয়েছে। নতুন করে সামনে এসেছে পুলিশকর্তাদের সর্বশেষ কর্মকা-। গত ১৪ নভেম্বর থেকে গতকাল পর্যন্ত চার পুলিশকর্তাকে আটকের পাশাপাশি আরও ৭২ কর্তার আমলনামা প্রস্তুত করা হয়েছে। তালিকাটি প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারের নীতিনির্ধারকদের ‘বিশেষ টেবিলে’ পাঠানো হয়েছে বলে পুলিশসূত্র জানিয়েছে।
সূত্রটি জানিয়েছে, তালিকাভুক্ত পুলিশকর্তাদের কর্মকা-ে নজরদারি করছে পুলিশ সদর দপ্তর। তাছাড়া পুলিশের সবকটি ইউনিটিও নজরদারি করছে। পুলিশের যেসব কর্মকর্তা ও অন্য সদস্য সামাজিক মাধ্যম ব্যবহার করছেন তা নজরদারির আওতায় আনা হয়েছে। মোবাইল ফোনে কার কার সঙ্গে এসএমএস করেছেন বা হোয়াটসঅ্যাপে চ্যাট করেছেন সে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এসব পুলিশ কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত আইজিপি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার ও ইনসপেক্টর রয়েছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ : তারা রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা উসকে দিচ্ছেন।
তবে অনেকে অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘পুলিশের সবাই রাজনীতি করে না। গুটি কয়েক পুলিশ রাজনীতি করছে। তারা অতীতে সুবিধা নিয়েছেন। সরকারের পরিবর্তনের পর তারাই আবার সব ধরনের সুবিধা নিচ্ছেন। অথচ রাজনৈতিক মাশুল গুনছেন অন্য পুলিশকর্তারা। যে সরকারই ক্ষমতায় আসে তারা ব্যবহার করছে পুলিশকে। পুলিশও “তোষামোদি” থেকে বের হতে পারছে না। গত সতেরো বছর একটানা আওয়ামী লীগ সরকার পুলিশকে ব্যবহার করেছে। দলটির মতের বাইরে থাকলেই তাদের বরখাস্ত, ওএসডি বা ডাম্পিং করা হতো। চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের পতন হওয়ার পর শীর্ষ পুলিশকর্তারা চলে যান অন্তরালে। আমরাও চাই যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদের আইনের আওতায় আনতে হবে।’
সব তথ্যের পর্যালোচনা হচ্ছে : পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, ‘পুলিশের ভেতরে তথ্যপাচার, দুর্নীতি, রাজনৈতিক প্রভাব কিংবা দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগের তদন্ত করতে গিয়ে এখন একদিকে তথ্যভা-ার যাচাই করতে হচ্ছে, অন্যদিকে নির্দোষ সদস্যদের অযথা হয়রানি না করার বিষয়টিও নিশ্চিত করা হচ্ছে। সদস্যের অতীত রেকর্ড যাচাইয়ের ক্ষেত্রে অভিযোগ, গোয়েন্দা তথ্য ও বিভাগীয় নথি পর্যালোচনা করা হচ্ছে। নজরদারিতে থাকা পুলিশসদস্যদের বিভিন্ন বার্তা আদান-প্রদানকারী এনক্রিপ্টেড অ্যাপ (হোয়াটসঅ্যাপ, সিগন্যাল, টেলিগ্রাম) ব্যবহার করে বাইরের স্বার্থান্বেষী গোষ্ঠী, পলাতক অপরাধী কিংবা নির্দিষ্ট কিছু রাজনৈতিক সুবিধাভোগীর কাছে বাহিনীর অভ্যন্তরীণ খবরাখবর পৌঁছে দেওয়া হচ্ছে বলে আমরা তথ্য পেয়েছি। তথ্যপাচারকারীদের ডিজিটাল ফুটপ্রিন্ট, কল ডিটেইল রেকর্ড (সিডিআর) ও গোপন যোগাযোগের বিষয়াদির ট্র্যাকিং শুরু হয়েছে। অপরাধ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে শুধু বিভাগীয় ব্যবস্থাই নয়, দেশের প্রচলিত আইনে রাষ্ট্রদ্রোহিতা বা দণ্ডবিধির আওতায় অভিযোগ আনা হবে।’
বাংলাদেশ প্রতিদিন
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম ‘সারা দেশে চলছে চিরুনি অভিযান’। প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বর ঘিরে নাশকতা ও সহিংসতা প্রতিরোধে সারা দেশে চিরুনি অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপরাধপ্রবণ এলাকা, নিষিদ্ধ দলের সন্দেহভাজন ব্যক্তিদের গোপন বৈঠকের আস্তানা, মেস, আবাসিক হোটেলসহ বিভিন্ন স্থানে চলছে তল্লাশি। অভিযানে চিহ্নিত অপরাধী, নাশকতাকারী, অবৈধ অস্ত্রধারী ও পলাতক আসামিদের গ্রেপ্তারে গুরুত্ব দেওয়া হচ্ছে। গোয়েন্দা নজরদারির পাশাপাশি বাড়ানো হয়েছে টহল ও তল্লাশি কার্যক্রম। পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, ডিসেম্বরজুড়ে একটি নিরাপত্তা পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের নাশকতা ঠেকানো এবং ডিসেম্বরে জাতীয় দিবস ও রাজনৈতিক কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে মাঠ পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।
ঝুঁকিপূর্ণ কয়েকটি জেলার নিরাপত্তা সমন্বয়ে ইতোমধ্যে ঢাকা রেঞ্জে অতিরিক্ত পুলিশ কর্মকর্তা সংযুক্ত করা হচ্ছে। গাফিলতির কারণে কোনো জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে পুলিশ সুপারকে প্রত্যাহার করা হতে পারে এমন বার্তা গেছে ঊর্ধ্বতন মহল থেকে। একই সঙ্গে পুলিশের ভিতরে আওয়ামী ঘেঁষা কর্মকর্তাদের গতিবিধিও নজরদারিতে রাখা হয়েছে। কয়েক দিনের মধ্যেই আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হতে পারেন বলে জানিয়েছে একাধিক সূত্র। ঝুঁকিপূর্ণ কোনো ব্যক্তি যাতে দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য কঠোর নজরদারি চলছে সীমান্ত এলাকাতেও।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চিরুনি অভিযানে ঘাপটি মেরে থাকা নিষিদ্ধ দলের নেতা-কর্মী গ্রেপ্তারের সংখ্যা ক্রমেই বাড়ছে। এদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন উসকানিমূলক পোস্ট দিয়ে আসছিলেন। গত বুধবার রাতে কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তারের পর ডিবি পুলিশ জানায়, দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন ডরিন। পরে গতকাল যাত্রাবাড়ী থানার একটি বিস্ফোরক মামলায় তাঁকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার রাতে ধানমন্ডির একটি বাসা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন ও আয়কর আইনজীবী সুফি মো. আল মামুনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। ডিএমপি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪৯ নেতা-কর্মীসহ ৪৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা বলেন, ডিসেম্বরে নিষিদ্ধ সংগঠন কিংবা কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল যাতে নাশকতা, সহিংসতা বা জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। কেউ অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। জানমালের ক্ষয়ক্ষতি, অগ্নিসংযোগ, ভাঙচুর কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সামগ্রিক বিষয়ে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে পুলিশ। গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত তথ্য বিনিময়, পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে। উৎসবকেন্দ্রিক জনসমাগম ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখার বিষয়টিও গুরুত্ব দেওয়া হবে।
সহযোগীদের খবর
গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ
অনলাইন ডেস্ক
অনলাইন
২৬ মিনিট আগে
২৭ নভেম্বর (শুক্রবার), ২০২৬, ৯ঃ৩০ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
