শুল্ক কমাতে তৎপরতার প্রস্তুতি নিচ্ছে আমেরিকা-বাংলাদেশ চেম্বার

সরকারকে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান

শুল্ক কমাতে তৎপরতার প্রস্তুতি নিচ্ছে আমেরিকা-বাংলাদেশ চেম্বার

ফন্ট সাইজ:

অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও অন্যায্য বাণিজ্যিক নীতির অভিযোগ তুলে বাংলাদেশি পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত 'সেকশন ৩০১' শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর । যুক্তরাষ্ট্রের এই নতুন শুল্ক প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ব্যবসায়ী নেতারা মনে করছেন, বাংলাদেশের প্রধান প্রতিযোগী দেশগুলোর ওপরও একই ধরনের শুল্ক প্রস্তাব থাকায় মার্কিন বাজারে বাংলাদেশের অবস্থানে বড় কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। তবে এই শুল্ক কার্যকর হলে পণ্যের দাম বাড়বে এবং এর বাড়তি আর্থিক চাপ মূলত মার্কিন ক্রেতাদেরই বহন করতে হবে।
এ বিষয়ে আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট গিয়াস আহমেদ বলেন, শুল্কের এই বাড়তি বোঝা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাধারণ ভোক্তাদের ওপরই বর্তাবে।
বাংলাদেশের তৈরি পোশাক খাতে 'জোরপূর্বক শ্রম' বা ফোর্স লেবারের যে অভিযোগ তোলা হয়েছে, তা সরাসরি নাকচ করে দেন গিয়াস আহমেদ। তিনি বলেন, "বাংলাদেশে লক্ষ লক্ষ পোশাক শ্রমিক স্বেচ্ছায় কাজ করছেন। সেখানে কাউকে জোরপূর্বক আটকে রেখে কাজ করানো হচ্ছে না।"
প্রস্তাবিত এই শুল্কের হার কমিয়ে আনতে বাংলাদেশ সরকারকে জরুরি ভিত্তিতে কূটনৈতিক ও বাণিজ্যিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এই ব্যবসায়ী নেতা। তার মতে, ট্যারিফ কমাতে হলে বাংলাদেশ সরকারকে আমেরিকান সরকারের সাথে কূটনৈতিকভাবে জোরালো আলোচনা (নেগোসিয়েশন) চালাতে হবে। প্রয়োজনে কিছু ভর্তুকি দিয়ে হলেও যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে হবে। এমন পদক্ষেপ নিতে পারলে শুল্কের হার কমিয়ে আনা সম্ভব হবে, যা বাংলাদেশের রপ্তানি খাতের জন্য বড় সুবিধা বয়ে আনবে।
আগামী জানুয়ারিতে প্রস্তাবিত এই শুল্কের বিষয়ে ইউএসটিআরের জনমত গ্রহণ ও গণশুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গিয়াস আহমেদ জানান, ওই গণশুনানিতে শুল্ক কমানোর পক্ষে জোরালো অবস্থান নেওয়া হবে। ৪০ জনেরও বেশি কংগ্রেস সদস্যের সংগঠন 'কংগ্রেসনাল বাংলাদেশ ককাস' এবং সিনেটরদের মাধ্যমে স্টেট ডিপার্টমেন্ট ও সংশ্লিষ্ট দপ্তরে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই শুল্ক পর্যালোচনার তালিকায় বাংলাদেশের পাশাপাশি চীন, ভারত, ভিয়েতনাম ও ইউরোপীয় ইউনিয়নসহ মোট ১৪টি দেশ ও অর্থনৈতিক জোট রয়েছে। বিশ্ববাণিজ্যের প্রধান প্রতিযোগীরা একই তালিকায় থাকায় পুরো বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন জানুয়ারির গণশুনানি ও উচ্চপর্যায়ের আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্তে বাংলাদেশের রপ্তানি খাতের জন্য কী সমীকরণ তৈরি হয়, তা-ই দেখার বিষয়।