ভারতের দু’টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ চলছে

ভারতের দু’টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ চলছে

ফন্ট সাইজ:

ভারতের ৪টি রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ৩টিতে আজ বৃহস্পতিবার ভোটগ্রহণ শুরু হয়েছে। যে ৩টি জায়গায় ভোট চলছে সেগুলো হল- আসাম, কেরালা ও পুদুচেরি। আর তামিলনাড়ুতে ভোট হবে ২৩ এপ্রিল এবং পশ্চিমবঙ্গে দুই দফায় ২৩ ও ২৯ এপ্রিল।

আজকের বিধানসভা নির্বাচনে আসাম ও পুদুচেরিতে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-র প্রভাবের পরীক্ষা হবে এবং এই দুই জায়গায় ইন্ডিয়া ব্লকের প্রত্যাবর্তনের সম্ভবনাকে যাচাই করবে। কেরালায় বামপন্থীরা তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবে, নাকি কংগ্রেসের নেতৃত্বাধীন জোটের প্রত্যাবর্তন ঘটবে তাও নির্ধারিত হবে এদিনের ভোটে।

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা, ওয়েবকাস্টিং এবং বিশেষ সুবিধার ব্যবস্থা রেখে সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ শেষ হবে সন্ধ্যা ৬টায় ।

আসামে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এবং কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোটের মধ্যে। এনডিএ-তে রয়েছে বিজেপি এবং তার মিত্র দল অসম গণ পরিষদ (এজিপি) ও অন্যান্য আঞ্চলিক শরিক‌ দলগুলো। বিরোধী জোটে রয়েছে কংগ্রেসের পাশাপাশি এআইইউডিএফ এবং রায়জোর দলের মতো দলগুলো।

কেরালায় নির্বাচন হচ্ছে সিপিআই (এম) নেতৃত্বাধীন ক্ষমতাসীন বাম গণতান্ত্রিক ফ্রন্ট (এলডিএফ) এবং কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত গণতান্ত্রিক ফ্রন্ট (ইউডিএফ)-এর মধ্যে।

পুদুচেরিতে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এআইএনআরসি, বিজেপি ও তাদের মিত্রদের নিয়ে গঠিত এনডিএ এবং কংগ্রেস ও ডিএমকে নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লকের মধ্যে।

এই তিনটি জায়গায় বিধানসভা নির্বাচন ছাড়াও পণ্ডা (গোয়া), বাগলকোট ও দাভানাগেরে দক্ষিণ (কর্নাটক), কোরিডাং (নাগাল্যান্ড) এবং ধর্মনগর (ত্রিপুরা)-তে পাঁচটি বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বর্তমান বিধায়কদের মৃত্যুর কারণে এই উপনির্বাচনগুলো হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন