হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের একটি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ১৫ বছর প্রতিষ্ঠানটি থার্ড টার্মিনাল পরিচালনা করবে। বেবিচক বলছে, চুক্তিতে জাতীয় স্বার্থ রক্ষা, আর্থিক সুরক্ষা, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানের যাত্রীসেবা দেওয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে প্রস্তাবিত ১৫ বছরের চুক্তির বিস্তারিত থেকে দেখা যায়, জাপানি পরিচালনাকারী প্রতিষ্ঠানকে উল্লেখযোগ্য বাণিজ্যিক সুবিধা দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে নির্ধারিত আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার একচ্ছত্র অধিকার, ব্যাপক রাজস্ব আদায়ের ক্ষমতা এবং কার্যক্রমের শুরুর দিকে বাংলাদেশের জন্য কম রাজস্ব ভাগ। দীর্ঘ আলোচনার পর আগামীকাল সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ৩০ নভেম্বর চুক্তিটি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। চুক্তির কয়েকটি বিতর্কিত শর্ত নিয়ে আগে বিভিন্ন সরকারি সংস্থা আপত্তি জানিয়েছিল। এমনকি সংসদীয় কমিটির বৈঠকেও বিষয়টি নিয়ে সমালোচনা হয়েছিল।
রোববার বেবিচকের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, দীর্ঘ আলোচনা, কারিগরি ও আর্থিক মূল্যায়ন এবং আইনি যাচাইয়ের পর চুক্তিটি চূড়ান্ত করা হয়েছে। স্বচ্ছতা, জবাবদিহি এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতামূলক যাত্রীসেবা নিশ্চিত করার জন্য চুক্তিতে সুনির্দিষ্ট শর্ত রাখা হয়েছে। এর মাধ্যমে জাতীয় ও আর্থিক স্বার্থ সুরক্ষিত হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে চারটি ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধনের পরিকল্পনা করছে। এটি ধাপে ধাপে কার্যক্রম স্থানান্তরের প্রথম পর্যায় হবে। একবারে পূর্ণাঙ্গভাবে টার্মিনাল চালু করা হবে না।
সংশ্লিষ্টরা বলছেন, সোমবার চুক্তি স্বাক্ষর হলেও সঙ্গে সঙ্গে ১৫ বছরের মেয়াদ শুরু হবে না। বিমানবন্দরের নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের ১০০ শতাংশ তৃতীয় টার্মিনালে স্থানান্তরের পর থেকে এই মেয়াদ শুরু হবে। পরিচালন পরিকল্পনা অনুযায়ী, চুক্তি স্বাক্ষরের ১৫ দিনের মধ্যে জাপানি কনসোর্টিয়ামের কাছে চুক্তির আওতাভুক্ত এলাকাগুলো হস্তান্তর করা হবে। হস্তান্তরের আট মাসের মধ্যে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের অন্তত ২৫ শতাংশ পরিচালনার সক্ষমতা তৈরি করতে হবে। বাকি ফ্লাইটগুলো ধীরে ধীরে স্থানান্তর করা হবে। ১৪ মাসের মধ্যে আন্তর্জাতিক যাত্রী ও কার্গো কার্যক্রম পুরোপুরি তৃতীয় টার্মিনালে স্থানান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ফলে আনুষ্ঠানিক ১৫ বছরের মেয়াদ শুরু হওয়ার আগেই জাপানি কনসোর্টিয়াম একটি অন্তর্বর্তীকালীন পরিচালন সময় পাবে।
বেবিচক চেয়ারম্যানের দেওয়া তথ্য অনুযায়ী, কার্যক্রম শুরুর নির্ধারিত সময় থেকে জাপানি কনসোর্টিয়াম প্রতি মাসে যাত্রী ও কার্গো থেকে পাওয়া মোট আয়ের ১৩ দশমিক ৫ শতাংশ বেবিচককে দেবে। পরবর্তী সময়ে টার্মিনালের পূর্ণ সক্ষমতা অর্জনের নির্ধারিত তারিখ অথবা প্রকৃতপক্ষে পূর্ণ সক্ষমতা অর্জনের তারিখÑএই দুইয়ের মধ্যে যেটি আগে আসবে, সেদিন থেকে বাংলাদেশের রাজস্বের অংশ বেড়ে ২৭ শতাংশ হবে। বেবিচক শেষ পর্যন্ত যে ২৭ শতাংশ রাজস্ব পাবে, কার্যক্রম শুরুর দিকে তার অর্ধেক পাবে। চুক্তির আরেকটি বিতর্কিত বিষয় হলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পুরোনো টার্মিনাল ১ ও ২-এর ভবিষ্যৎ ব্যবহার। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, সব নির্ধারিত আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট শেষ পর্যন্ত তৃতীয় টার্মিনাল দিয়ে পরিচালিত হবে। নতুন নির্মিত আন্তর্জাতিক আমদানি ও রপ্তানি কার্গো টার্মিনালও পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম। তবে পুরোনো টার্মিনালগুলো অভ্যন্তরীণ ফ্লাইট, হজ কার্যক্রম এবং অন্যান্য অনিয়মিত ফ্লাইটের জন্য ব্যবহারের অধিকার বেবিচকের কাছে থাকবে। ফলে নির্ধারিত আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার পুরো দায়িত্ব কার্যত জাপানি কনসোর্টিয়ামের ব্যবস্থাপনাধীন টার্মিনালে কেন্দ্রীভূত হবে।
চুক্তি অনুযায়ী, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে ১৫ বছর কোনো প্রতিদ্বন্দ্বী বেসামরিক বিমানবন্দর চালু করা যাবে না। যাত্রীসংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম এবং বিমানবন্দরের অন্যান্য বাণিজ্যিক খাত থেকে আয় পাবে জাপানি কনসোর্টিয়াম। এর মধ্যে রয়েছে তৃতীয় টার্মিনাল ব্যবহার করে বিদেশগামী যাত্রীদের কাছ থেকে আদায় করা এমবারকেশন ফি, যাত্রী ওঠানামার বোর্ডিং ব্রিজ চার্জ এবং বাণিজ্যিক স্থাপনা থেকে আয়। এ ছাড়া দোকান, লাউঞ্জ, বহুতল গাড়ি পার্কিং এবং বিজ্ঞাপনের জায়গা ভাড়া দিয়েও আয় করতে পারবে প্রতিষ্ঠানটি। অন্যদিকে তৃতীয় টার্মিনাল, বহুতল গাড়ি পার্কিং ভবন এবং নতুন কার্গো টার্মিনাল পরিচালনা, মেরামত ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে জাপানি প্রতিষ্ঠানের। এসব কাজের খরচ তাদেরই বহন করতে হবে। যাত্রী পরিচালনার সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় অতিরিক্ত সরঞ্জাম ও অবকাঠামো উন্নয়নেও অর্থায়ন করতে হবে প্রতিষ্ঠানটিকে।
বেবিচক সূত্র জানায়, চুক্তির ফলে দেশের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থাপনাতেও পরিবর্তন আসছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাশাপাশি দ্বিতীয় একটি আন্তর্জাতিক গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠান যুক্ত হবে। এর ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবায় একক প্রধান প্রতিষ্ঠান হিসেবে বিমানের অবস্থান শেষ হবে। দুটি গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠান এবং নিজস্ব ব্যবস্থাপনায় গ্রাউন্ড হ্যান্ডলিং করা প্রতিষ্ঠানগুলোকেও জাপানি কনসোর্টিয়ামকে রয়্যালটি দিতে হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে প্রতিটি টন কার্গো পরিচালনার জন্যও মার্কিন ডলারে রয়্যালটি দিতে হবে।
বেবিচক জানিয়েছে, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের সার্বভৌম বিমান চলাচল-সংক্রান্ত দায়িত্ব জাপানি কনসোর্টিয়ামের হাতে চলে যাবে না। রানওয়ে, ট্যাক্সিওয়ে, অ্যাপ্রোন, এয়ার ট্রাফিক কন্ট্রোল, বিমান চলাচলের নিরাপত্তা, নিরাপত্তা তল্লাশি, অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমের নিয়ন্ত্রণ বেবিচকের হাতেই থাকবে। অভিবাসন, শুল্ক, স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য সরকারি কার্যক্রম সংশ্লিষ্ট বাংলাদেশি কর্তৃপক্ষের অধীনে থাকবে। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ বিমান চলাচল অবকাঠামোর ওপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ বজায় রেখে বিদেশি প্রতিষ্ঠানকে টার্মিনালের বাণিজ্যিক ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। কারণ নির্ধারিত সব আন্তর্জাতিক ফ্লাইট তৃতীয় টার্মিনালে স্থানান্তরের পর এটিই হবে বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক যাত্রী প্রবেশদ্বার। উড়োজাহাজ থামার ১৫ মিনিটের মধ্যে প্রথম চেক-ইন করা লাগেজ কনভেয়ার বেল্টে পৌঁছে দিতে হবে। সরু দেহের উড়োজাহাজের ক্ষেত্রে শেষ লাগেজ পৌঁছাতে সর্বোচ্চ ৪২ দশমিক ৫ মিনিট এবং বড় দেহের উড়োজাহাজের ক্ষেত্রে ৪৭ দশমিক ৫ মিনিট সময় নেওয়া যাবে। চেক-ইন কাউন্টারেও অপেক্ষার গড় সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্ধারিত মান অনুযায়ী, বিজনেস ক্লাসের যাত্রীদের গড়ে সর্বোচ্চ ৫ বা ১০ মিনিট অপেক্ষা করতে হবে। ইকোনমি ক্লাসের যাত্রীদের ক্ষেত্রে এই সময়সীমা হবে ২০ বা ৩০ মিনিট। এ ছাড়া টার্মিনালের পরিচ্ছন্নতা, আলোর ব্যবস্থা, কার্গো পরিচালনা, গাড়ি পার্কিং এবং লিফট ও এসকেলেটরের কার্যকারিতা নিয়েও শর্ত রয়েছে। লাগেজ ব্যবস্থাপনা, যাত্রীসেবা, স্বয়ংক্রিয় চেক-ইন এবং ফ্লাইট তথ্য প্রদর্শন ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সেবাগুলো নির্ধারিত মান অনুযায়ী ৯৫ বা ৯৮ শতাংশ সময় সচল রাখতে হবে।
সিভিল এভিয়েশন জানায়, নির্ধারিত সেবার মান বারবার পূরণ করতে ব্যর্থ হলে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার বিধান রাখা হয়েছে চুক্তিতে। ব্যর্থতার ধরন ও সংখ্যা অনুযায়ী, প্রতিটি লঙ্ঘনের জন্য পরিচালনাকারী প্রতিষ্ঠানকে ৫ হাজার থেকে ৩৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। নতুন স্থাপনাটি পুরোপুরি চালু হলে বাংলাদেশের আন্তর্জাতিক যাত্রী পরিচালনার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে। বেবিচক চেয়ারম্যানের তথ্য অনুযায়ী, ২ লাখ ৩০ হাজার বর্গমিটার আয়তনের এই টার্মিনালে বছরে ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে। এতে রয়েছে ১২৭টি চেক-ইন কাউন্টার, ১২৯টি পাসপোর্ট নিয়ন্ত্রণ কাউন্টার, ১৬টি লাগেজ কনভেয়ার বেল্ট, ১২টি সংযুক্ত বোর্ডিং গেট এবং উড়োজাহাজ পার্কিংয়ের জন্য ২৫টি দূরবর্তী বে। যাত্রীদের নিরাপত্তার জন্য আধুনিক সরঞ্জামও রয়েছে। এর মধ্যে ৯৯টি লাগেজ এক্স-রে স্ক্যানিং মেশিন, ২২টি বডি স্ক্যানার, ৫৫টি ওয়াক-থ্রু মেটাল ডিটেক্টর এবং ৩৯টি বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্র রয়েছে। আমদানি ও রপ্তানির জন্য নির্মিত কার্গো স্থাপনাগুলোর সম্মিলিত বার্ষিক পরিচালন সক্ষমতা ৮ লাখ ২০ হাজার মেট্রিক টনের বেশি। বেবিচকের দাবি, এর ফলে বিমানবন্দরের কার্গো পরিচালনার সক্ষমতা চার গুণ বাড়বে।
