প্রায় দুই মাসের অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ শেষে থাইল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ফুটবল দল। আন্তর্জাতিক এই সফরে তিনটি ম্যাচ খেলার পাশাপাশি অভিজ্ঞতা বিনিময়ের সুযোগও পাবেন দলের সদস্যরা। আজ বিএসপিএ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ১৩ সদস্যের ফুটবল দলের সদস্যদের নাম ঘোষণা করেন কোচ জাহিদ হাসান এমিলি। দলের অধিনায়ক সাদমান সাকিব। তার নেতৃত্বে থাইল্যান্ডের ক্রীড়া সাংবাদিকদের বিপক্ষে দুটি এবং ফিলিপাইন কমিউনিটির বিপক্ষে একটি ম্যাচ খেলবে দলটি। দল গঠনের প্রক্রিয়াটি সহজ ছিল না এমিলির জন্য। শুরুতে ১৭-১৮ জন খেলোয়াড় থাকলেও শেষ পর্যন্ত ১৩ জনকে বেছে নিতে হয়েছে। সাংবাদিকরা পেশাদার ফুটবলার না হলেও অনুশীলনে তাদের আন্তরিকতা ও উন্নতিতে সন্তুষ্ট কোচ। এমিলি বলেন, ‘সত্যি বলতে, আমি তাদের অনেক পরিশ্রম করিয়েছি; কিন্তু তারা কেউ কখনো অসন্তুষ্ট হয়নি। সবাই একদম মন খুলে প্র্যাকটিসগুলো করেছে এবং শেষের দিকে এসে আমি দেখলাম যে তারা বেশ উন্নতি করেছে খেলায়।’
দলের খেলোয়াড়েরা হলেন- ফয়সাল তিতুমীর, আশরাফ হোসাইন, সাদমান সাকিব, রাশেদুল ইসলাম, রেদোয়ান সুলতান শোয়েব, মাহফুজুল ইসলাম, গোলাম মোস্তফা, মোহাম্মদ সাজ্জাদ হোসেন মুকুল, রানা শেখ, সৌরভ কুমার দাস, মৃদুল হাসান, তাসওয়ার সালসাবিল নাফি ও আরিফুল ইসলাম। ম্যানেজার জাহিদ মুনির কল্লোল, সহকারী ম্যানেজার রায়হান উদ্দিন রাসেল।
