ঢাকায় মৌসুমি ফ্লাইট চালু করছে ইতিহাদ এয়ারওয়েজ

ঢাকায় মৌসুমি ফ্লাইট চালু করছে ইতিহাদ এয়ারওয়েজ

ফন্ট সাইজ:

সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ এই গ্রীষ্মে ঢাকায় একটি মৌসুমি ফ্লাইট চালু করছে। দক্ষিণ এশিয়া অঞ্চলে যাত্রী ও পণ্য পরিবহনের চাহিদা ধরতে বাংলাদেশকে তাদের নেটওয়ার্কে যুক্ত করা হচ্ছে। এ খবর দিয়ে অনলাইন এরোটাইমস বলছে, এই ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (ডিএসি)-এ ২৬ জুন ২০২৬ থেকে শুরু হয়ে ২৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলবে। সপ্তাহে চার দিন বোয়িং ৭৭৭ ওয়াইডবডি বিমান দিয়ে এই ফ্লাইট পরিচালিত হবে। প্রতিটি ফ্লাইটে থাকবে ২৮টি বিজনেস ক্লাস এবং ৩৭৪টি ইকোনমি আসন। পাশাপাশি কার্গো পরিবহনের জন্য বড় পরিসরের বেলি-হোল্ড সুবিধা। সংযুক্ত আরব আমিরাতে বিশ্বের অন্যতম বৃহৎ বাংলাদেশি প্রবাসী কমিউনিটি আছেন। ফলে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইটের চাহিদা সবসময়ই বেশি। ইতিহাদের জন্য এই রুট শুধু যাত্রী পরিবহন নয়, বরং বাংলাদেশের রপ্তানিনির্ভর অর্থনীতিকেও টার্গেট করছে, বিশেষ করে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ পোশাক ও বস্ত্র খাত।

ইতিহাদের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্টোনালদো নেভেস ঢাকাকে একটি অগ্রাধিকারমূলক বাজার হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ঢাকা একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাজার। সেখানে যাত্রী ও কার্গো- দুই ক্ষেত্রেই শক্তিশালী ও স্থায়ী চাহিদা আছে। এই ফ্লাইট আমাদের সেই জায়গায় সক্ষমতা বাড়াতে সাহায্য করবে, যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন এবং বাংলাদেশ, আমিরাত ও বৈশ্বিক বাজারের মধ্যে সংযোগ আরও শক্তিশালী করবে।
এই রুটে ব্যবহৃত ওয়াইডবডি বিমান বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য পণ্য পরিবহন আরও নির্ভরযোগ্য করবে। মধ্যপ্রাচ্য, ইউরোপ ও উত্তর আমেরিকায় পণ্য পাঠাতে বাংলাদেশ ব্যাপকভাবে বিমান কার্গোর ওপর নির্ভরশীল। নেভেস বিশেষভাবে উল্লেখ করেছেন, এই রুট বাংলাদেশের বস্ত্র শিল্পের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আবুধাবির মাধ্যমে দক্ষিণ এশিয়ার সঙ্গে সংযোগ বাড়াবে। শুধু আবুধাবি-ঢাকা সরাসরি যাত্রাই নয়, ইতিহাদ এই ফ্লাইটকে প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি সংযোগ কেন্দ্র হিসেবে ব্যবহার করতে চায়। বৃটেন, ইতালি এবং উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিরা আবুধাবির মাধ্যমে সহজেই ঢাকায় আসতে পারবেন। এর মাধ্যমে ইতিহাদ প্রতিযোগী বিমানবন্দরগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নামছে। এই মৌসুমি ফ্লাইট অক্টোবর পর্যন্ত চালু রাখা হচ্ছে, যা থেকে বোঝা যায়, স্থায়ীভাবে চালু করার আগে তারা বাজার যাচাই করছে।

ফ্লাইট সূচি
এই ফ্লাইট ২৬ জুন থেকে ২৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত নিম্নলিখিত সময়সূচিতে চলবে। আবুধাবি থেকে ঢাকা ছেড়ে যাবে: রাত ১০:০০ টায় (স্থানীয় সময়)। পৌঁছাবে পরদিন ভোর ৪:৫০ মিনিটে। চলাচল করবে সোমবার, বুধবার, শুক্রবার ও শনিবার। ঢাকা থেকে আবুধাবিগামী ফ্লাইট ছেড়ে যাবে রাত ৯:৩৫ মিনিটে। গন্তব্যে পেঁৗঁছাবে পরদিন রাত ১২:৪০ মিনিটে। চলাচল করবে মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার ও রবিবার।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন