পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদ দেওয়া নিয়ে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নানা অভিযোগে বার বার নির্বাচন কমিশনের সমালোচনা করা হয়েছে। অবশেষে সোমবার গভীর রাতে নির্বাচন কমিশনের তরফে জেলা অনুযায়ী বাদ পড়া (ডিলিটেড) নামের তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় বাদ পড়া নামের সঙ্গে আগে বাদপড়া নাম যোগ করে দেখা গেছে, বাদ পড়েছে প্রায় ৯১ লাখ নাম।
গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত প্রথম চূড়ান্ত তালিকায় বাদ পড়েছিল ৬৩ লাখ ৬৬ হাজার ৯৫২ জনের নাম। বিচারাধীন ছিলেন ৬০ লাখ ৬ হাজার ৬৭৫ জন ভোটার। তাদের মধ্যে বাদ পড়েছেন ২৭ লাখ ১৬ হাজার ৩৯৩। বিচারাধীন ভোটার তালিকা থেকে নাম উঠেছে ৩২ লাখ ৬৮ হাজার ১১৯ জনের। ফলে মোট বাদ পড়ার সংখ্যা ছাড়িয়েছে ৯০ লাখ ৮৩ হাজার ৩৪৫।
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর কাজ শুরু হওয়ার আগে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ৭ কোটি ৬৬ লাখ ৩৭ হাজার ৫২৯ জনের নাম ছিল।
দেখা গেছে, এসআইআরে বিচারাধীন ভোটারদের তালিকা থেকে সবথেকে বেশি নাম বাদ পড়েছে মুর্শিদাবাদ জেলা থেকে। সেই জেলায় মোট ১১ লাখ ১ হাজার ১৪৫ জনের নাম বিচারাধীন ছিল। সেখান থেকে সম্পূরক (সাপ্লিমেন্টারি) তালিকায় বাদ পড়েছে ৪ লাখ ৫৫ হাজার ১৩৭ জনের নাম। আর এরপরই তালিকায় আছে উত্তর ২৪ পরগনা। বিচারাধীন ভোটারদের তালিকায় এই জেলা থেকে নাম ছিল ৫ লাখ ৯১ হাজার ২৫২ জনের নাম। সেখান থেকে বাদ পড়েছে ৩ লাখ ২৫ হাজার ৬৬৬ নাম।
গত বছরের ৪ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় এনুমারেশন ফর্ম বিলি শুরু হয়েছিল। এরপর গত বছরের ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল কমিশন। সেইসময় ৫৮ লাখ নাম বাদ যায়। এই সব ভোটারের নামে এনুমারেশন ফর্মই জমা পড়েনি। তাই খসড়া তালিকা থেকেই বাদ পড়েছিল তাদের নাম। এর মধ্যে মৃত ভোটার ২৪ লাখ ১৬ হাজার ৮৫২, নিখোঁজ ১২ লাখ ২০ হাজার ৩৮ জন, স্থানান্তরিত রয়েছেন ১৯ লাখ ৮৮ হাজার ৭৬ জন, ভুয়ো ভোটার ১ লাখ ৮৩ হাজার ৩২৮ জন এবং অন্যান্য ৫৭ হাজার জন।
এরপর গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়। সেখানে আরও সাড়ে ৫ লাখের মতো নাম বাদ যায়। সব মিলিয়ে সেই পর্যন্ত এসআইআরের 'চূড়ান্ত তালিকায়' ৬৩ লাখ লোকের নাম বাদ পড়েছিল। এছাড়া আরও প্রায় ৬০ লাখ ভোটারের নাম ছিল বিচারাধীন। এই আবহে গত ২৩ মার্চ প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়। তারপর ২৭ মার্চ থেকে রোজ একটি করে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে শুরু করে নির্বাচন কমিশন। ৬ এপ্রিল রাতে শেষ সাপ্লিমেন্টারি তালিকাটি প্রকাশ করে নির্বাচন কমিশন।
পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ৯১ লাখ নাম
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
ভারত
৬ মাস আগে
৭ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬, ১১ঃ৪১ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
