শিক্ষকদের জন্য আলাদা একটা পে-স্কেল গঠন করা উচিত: শিক্ষামন্ত্রী

ফন্ট সাইজ:

শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল গঠন করা উচিত বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আমি মনে করি শিক্ষকদের জন্য আলাদা একটা পে-স্কেল গঠন করা উচিত। গতকাল দুপুরে ময়মনসিংহের এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় একজন শিক্ষক মেধাবিদের শিক্ষকতা পেশায় ধরে রাখতে শিক্ষকদের অর্থনৈতিক উন্নয়নের ব্যাপারে জানতে চান। উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, এই জায়গাটিতে আমার মন্তব্য হলো আমরা ফিন্যান্সিয়ালি তাদের আরও যে সাপোর্টটা দেবো, এই সাপোর্টটা অন্যান্য স্কেলের সঙ্গে তুলনামূলক দিলে চলবে না। এই তুলনা দিলেই কেবল তুলনা চলতে থাকে, মামলা হতে থাকে, আন্দোলন হতে থাকে। ডিজিটাল জালিয়াতি বন্ধে আইন হালনাগাদ হচ্ছে। পাবলিক পরীক্ষায় সবধরনের ডিজিটাল ডিভাইস ব্যবহার ঠেকাতে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইন হালনাগাদ করে কঠোর করা হচ্ছে বলে জানান মন্ত্রী। নতুন আইনে পাবলিক পরীক্ষার সংজ্ঞা বদলে যাচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এবার আমি পাবলিক পরীক্ষার ডেফিনেশন পাল্টিয়েছি। খাতা দেখায় অনিয়ম হলে পরীক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সারা দেশে নকলমুক্ত ও স্বচ্ছ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। একইসঙ্গে তিনি খাতা মূল্যায়নেও কঠোরভাবে নিয়ম অনুসরণের শিক্ষকদের নির্দেশনা দেন। ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ ২ আসনের সংসদ সদস্য মাহমুদুল্লাহ, ময়মনসিংহ-৪ এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রোকন, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের রাষ্ট্রপতি মনোনীত বোর্ড সদস্য শফিকুল ইসলাম, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মিয়া নুরুল হক, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. রুহুল আমিন, ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান, ময়মনসিংহের পুলিশ সুপার কামরুল হাসান, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান, ময়মনসিংহ জিলা স্কুল প্রধান শিক্ষক আব্দুস সালাম প্রমুখ।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন