গাজীপুরের কাপাসিয়ায় গাছের কাঠ পরিবহনকে কেন্দ্র করে চাঁদা দাবি, হামলা, নারী নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত আব্দুল হেকিম (৭৬) কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সালোয়াটেকি গ্রামের বাসিন্দা আব্দুল হেকিম তার নিজস্ব জমির ঝড়ে হেলে পড়া কয়েকটি গাছ কাটেন। পরে কাঠ পরিবহনের জন্য ৫টার দিকে গাড়ি ঘটনাস্থলে এলে একই গ্রামের আমির হোসেন (৪৫) ওরফে আলী হোসেন ও রইছ উদ্দিন (বয়স ৫০) কাঠবোঝাই গাড়ির গতিরোধ করেন। ভুক্তভোগীর দাবি, এ সময় তারা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে কাঠ পরিবহন করতে দেয়া হবে না বলে জানান। পরে হকিম অর্থ দিতে অস্বীকৃতি জানালে দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালানো হয়।
হামলায় হেকিম গুরুতর আহত হন। এসময় তাকে রক্ষা করতে তার ছেলে আবু বকর সিদ্দিক (৩৭), স্ত্রী আনোয়ারা খাতুন (৬৫) এবং মেয়ে মহসিনা আক্তার (৪২) এগিয়ে তাদেরও মারধর করে আহত করা হয়। এসময় নারীদের শ্লীলতাহানিরও অভিযোগ উঠেছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে হেকিম ও তার মেয়ে চিকিৎসাধীন রয়েছেন। অপর আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পরও অভিযুক্তরা ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন। এ বিষয়ে টোক নয়ন বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক মিনহাজ উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
