শর্তসাপেক্ষে ইসলামাবাদে আলোচনায় বসতে রাজি ইরান

শর্তসাপেক্ষে ইসলামাবাদে আলোচনায় বসতে রাজি ইরান

ফন্ট সাইজ:

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসতে শর্ত দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যৎ আলোচনায় যেতে ইরান ইচ্ছুক নয় বলে শনিবার যেসকল প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন তিনি। আরাগচি জোর দিয়ে বলেছেন, তেহরানের অবস্থান যেকোনো আলোচনার শর্তাবলীর ওপর নির্ভরশীল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, মার্কিন গণমাধ্যম ইরানের অবস্থানকে ভুলভাবে উপস্থাপন করছে। আমরা পাকিস্তানের প্রচেষ্টার জন্য গভীরভাবে কৃতজ্ঞ এবং ইসলামাবাদে যেতে কখনো অস্বীকৃতি জানাইনি। তিনি আরও বলেন, আমাদের উপর চাপিয়ে দেয়া এই অবৈধ যুদ্ধের একটি চূড়ান্ত ও স্থায়ী সমাপ্তির শর্তাবলীই আমাদের কাছে মুখ্য। তিনি এই মন্তব্যটি করেন দ্য ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন প্রকাশের একদিন পর, যেখানে বলা হয় মার্কিন দাবির প্রতি আপত্তি জানিয়ে এবং পাকিস্তানের প্রচেষ্টা থমকে গেছে বলে ইঙ্গিত করে ইরান ইসলামাবাদে আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে। আরাগচির বক্তব্যের জবাবে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক্স বার্তায় বলেন, স্পষ্ট করার জন্য ধন্যবাদ প্রিয় ভাই আমার।
আরাগচির এই বক্তব্য এমন এক সময় এলো যখন আলোচনা স্তিমিত হয়ে পড়েছে এবং তেহরান এখনো কোনো ইঙ্গিত দেয়নি মধ্যস্থতাকারীদের। পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন তারা আলোচনায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করার জন্য ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং আরাগচির সঙ্গে যোগাযোগ বজায় রাখছেন। শনিবার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত ছিল, যেখানে ইসহাক দার মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি এবং বাহরাইনি পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানির সঙ্গে পৃথকভাবে টেলিফোনে কথা বলেন। সরকারি ভাষ্যমতে, আলোচনায় আঞ্চলিক ঘটনাবলী, উত্তেজনা হ্রাসের প্রয়োজনীয়তা এবং সংলাপের প্রতি সমর্থন বিষয়ক ইস্যুগুলো প্রাধান্য পায়। জায়ানির সঙ্গে কথোপকথনে ইসহাক দার পাকিস্তান-চীনের পাঁচ দফা উদ্যোগের কথা তুলে ধরে বলেন, উপসাগরীয় এবং মধ্যপ্রাচ্যের স্থায়ী শান্তির জন্য এটি কার্যকর হতে পারে। উত্তেজনা প্রশমনে আলোচনা এবং কূটনেতিক পদক্ষেপ প্রয়োজন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন