ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলায় নিখোঁজ তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার জাহাজে নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকের লাশ উদ্ধার করা হয়েছে এবং তাদের পরিচয় শনাক্ত করা গেছে বলে নিশ্চিত করেছেন ভারতের নৌপরিবহন মন্ত্রী সর্বানন্দ সনোয়াল। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ট্যাংকারটিতে মার্কিন হামলার পর থেকেই ওই তিন নাবিক নিখোঁজ ছিলেন। আমেরিকার পক্ষ থেকে দাবি করা হয়েছে, ট্যাংকারটি তাদের দেয়া নির্দেশনা অমান্য করে এবং অবৈধভাবে ইরানের তেল পরিবহন করছিল। যার জেরে তারা ট্যাংকারটি টার্গেট করে নিখুঁত হামলা চালায়। এই ঘটনার পর নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে তীব্র কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। রয়টার্সের বরাতে ভারতীয় সূত্রগুলো জানায়, এই হত্যাকাণ্ডের পর ভারত সরকার দিল্লিতে নিযুক্ত মার্কিন মিশনের ডেপুটি চিফকে তলব করে এবং এই হামলার বিরুদ্ধে নিজেদের তীব্র ও কড়া প্রতিবাদ জানায়। উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনা এবং বাণিজ্যিক নৌপথগুলোর নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে বাড়তে থাকা উদ্বেগের মধ্যেই এই প্রাণহানির ঘটনা ঘটল।
এদিকে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ওমানের শিনাস বন্দরের কাছে আরেকটি জাহাজে নতুন করে হামলা হয়েছে। ওমানে নিযুক্ত ভারতীয় দূতাবাস আজ বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করে। চলতি সপ্তাহে এই নিয়ে তৃতীয়বারের মতো এমন ঘটনা ঘটল। ‘ফরওয়ার্ড সি ম্যান ইউনিয়ন অব ইন্ডিয়া’ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানায়, হামলার শিকার হওয়া নতুন এই জাহাজটির নাম ‘এমটি জলবীর’। তবে এই জাহাজটিতে কোনো ভারতীয় নাবিক ছিলেন কি না, তা ওমানের ভারতীয় দূতাবাস এখনও স্পষ্ট করেনি। দূতাবাস থেকে জানানো হয়েছে, তারা পরিস্থিতি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং বিস্তারিত তথ্যের জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। এর আগে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তারা ‘এমটি মারিভেক্স’ এবং ‘সেত্তেবেলো’ নামের দুটি জাহাজে হামলা চালিয়েছে। এই দুটি জাহাজেই ভারতীয় নাবিকরা কর্মরত ছিলেন।
