ওমানের উপকূলে জাহাজে হামলা

মার্কিন দূতকে তলব করে ভারতের প্রতিবাদপত্র

ফন্ট সাইজ:

ওমানের উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা জানিয়েছে ভারত। জাহাজটিতে ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন। একটি বড় ঘটনা হিসেবে, এই হামলার পর বুধবার নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিককে তলব করে একটি প্রতিবাদপত্র দেয়া হয়েছে। জানা গেছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাগরাজ নাইডু জাহাজটিতে হামলার প্রতিবাদ জানাতে যুক্তরাষ্ট্রের চার্জ ডি'অ্যাফেয়ার্স জেসন মিকসকে তলব করেছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, "আমরা আজ (বুধবার ) ওমানের উপকূলে বাণিজ্যিক জাহাজ 'সেত্তেবেলো'-র ওপর হামলার নিন্দা জানাই। জাহাজে থাকা ২৪ জন ভারতীয় নাবিকের মধ্যে এখন পর্যন্ত ২১ জনকে উদ্ধার করা হয়েছে এবং ৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।"

ভারত জানিয়েছে , ওই অঞ্চলে জাহাজগুলোর ওপর হামলা "গভীরভাবে উদ্বেগজনক" এবং এটিকে মধ্যপ্রাচ্যের সংঘাতের সরাসরি ফল বলে অভিহিত করা , হয়েছে ।

বিবৃতিতে আরও বলা হয়, ভারত অবিলম্বে উত্তেজনা প্রশমন এবং একটি কূটনৈতিক সমাধানের জন্য চলমান আলোচনা শেষ করার আহ্বান পুনর্ব্যক্ত করেছে, যাতে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসতে পারে। এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা অবশ্যই বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক আইন মেনে এই অঞ্চলের আন্তর্জাতিক জলপথে অবাধ ও নির্বিঘ্ন নৌচলাচল এবং বাণিজ্য যত দ্রুত সম্ভব পুনরুদ্ধার করতে হবে বলে জানানো হয়েছে।

এদিকে,ওমানের উপকূলে একটি জাহাজের ওপর মার্কিন হামলায় তিনজন ভারতীয় নাবিক নিখোঁজ হওয়ার ঘটনার নিন্দা জানিয়ে এবং শীর্ষ মার্কিন কূটনীতিককে ভারতের তলব করার পর বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ভারত সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি যোগাযোগ রাখছে ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন