৬০০ সমর্থকের যাতায়াতের দায়িত্ব নিলো জার্মানি খেলোয়াড়রা

৬০০ সমর্থকের যাতায়াতের দায়িত্ব নিলো জার্মানি খেলোয়াড়রা

ফন্ট সাইজ:

মাঠে নামার আগে এক অনন্য নজির গড়লো জার্মানি ফুটবল দল। মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান বিশ্বকাপে অতিরিক্ত যাতায়াত খরচের ধাক্কায় যখন সাধারণ সমর্থকরা দিশেহারা, ঠিক তখনই এগিয়ে এলেন জোশুয়া কিমিখ ও তার সতীর্থরা। ৬০০ জার্মান সমর্থকের স্টেডিয়ামে যাওয়ার সমস্ত বাস ভাড়া নিজেদের পকেট থেকে পরিশোধ করার ঘোষণা দিয়েছেন জার্মান ফুটবলাররা।

আগামী ২৫শে জুন নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে গ্রুপ ‘ই’-এর শেষ ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নিউ ইয়র্ক থেকে এই স্টেডিয়ামের সাধারণ ট্রেনের টিকিট যেখানে মাত্র ১২.৯০ ডলার (প্রায় ১৫৮৪ টাকা), বিশ্বকাপের উছিলায় তা এক লাফে বাড়িয়ে করা হয় ১৫০ ডলার! তীব্র সমালোচনার মুখে তা কমিয়ে ৯৮ ডলার করা হলেও, তা সাধারণ ভক্তদের নাগালের বাইরেই। এমনকি শাটল বাসের ভাড়াও ৮০ ডলার থেকে নামিয়ে ২০ ডলার করা হয়েছে। নিউ জার্সির গভর্নরের দাবি-ফিফা যাতায়াত খরচে ভর্তুকি দিতে অস্বীকৃতি জানানোয় এই আকাশচুম্বী মূল্যবৃদ্ধি।

বিগত রাশিয়া বা কাতার বিশ্বকাপে সমর্থকদের জন্য যাতায়াত সম্পূর্ণ ফ্রি থাকলেও, এবার মার্কিন মুলুকে পকেট কাটছে ফিফা। এই পরিস্থিতিতে ত্রাতা হয়ে দাঁড়িয়েছে খোদ জার্মান দল। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) এক বিবৃতিতে বলে, ‘নিউ ইয়র্কে বিশ্বকাপের সময় অতিরিক্ত বাস ও ট্রেন ভাড়ার বিষয়টি মাথায় রেখে, জার্মান জাতীয় দলের খেলোয়াড়রা ৬০০ সমর্থকের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করেছে। অধিনায়ক জোশুয়া কিমিখ এবং তার সতীর্থরা নিজস্ব তহবিল থেকে এই বাসের খরচ বহন করছেন, যা সমর্থকদের নিউ ইয়র্ক থেকে সরাসরি নিউজার্সির স্টেডিয়ামে পৌঁছে দেবে।’

মাঠের বাইরে ফুটবলারদের এমন মানবিক ও দায়িত্বশীল আচরণ প্রমাণ করে দিলো, কেন ফুটবলকে বলা হয় ‘দ্য বিউটিফুল গেম’। তারকাদের এই উপহারে উজ্জীবিত সমর্থকরা এখন গ্যালারিতে গলা ফাটিয়ে ডাই মানশাফটদের পঞ্চমবারের মতো বিশ্বজয়ের স্বপ্ন সত্যি করতে উন্মুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন