অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার দ্বিপক্ষীয় সিরিজ খেলার ঐতিহাসিক মুহূর্তের আনন্দ কিছুটা ম্লান হয়ে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। আগামী অক্টোবরে পূর্বনির্ধারিত সফর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টি-টোয়েন্টি সিরিজ মাঠে না গড়ালেও, তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি যথারীতি অনুষ্ঠিত হবে।
আইসিসি নারী চ্যাম্পিয়নস ট্রফির সূচি পরিবর্তনের জের ধরেই মূলত সিরিজ বাতিল হলো নিগার সুলতানা জ্যোতির দলের। ২০২৭ সালের জুন-জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে বসার কথা ছিল এই টুর্নামেন্টের প্রথম আসর। তবে আইসিসির সর্বশেষ সভায় টুর্নামেন্টটি এগিয়ে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে নির্ধারণ করা হয়েছে। আর এই বিশাল পরিবর্তনের কারণেই অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট মৌসুমের আন্তর্জাতিক সূচিতে বড় ওলটপালট করতে বাধ্য হয়েছে সিএ।
নতুন সূচি অনুযায়ী, আগামী ৯ থেকে ২২শে অক্টোবরের বদলে সফরটি সংক্ষিপ্ত হয়ে শেষ হবে ১৪ই অক্টোবর। ব্রিজবেনের অ্যালান বোর্ডার মাঠে ৯, ১১ ও ১৪ই অক্টোবর তিনটি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এরপরই দেশে ফিরতে হবে টাইগ্রেসদের। বাংলাদেশের টি-টোয়েন্টির জায়গায় ১৮ থেকে ২২শে অক্টোবরের মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সীমিত ওভারের সিরিজ খেলবে অজি মেয়েরা। পরবর্তীতে চ্যাম্পিয়নস ট্রফি শেষে ২০২৭ সালের মার্চে ওয়ানডে খেলতে আবারও অস্ট্রেলিয়া সফর করবে কিউই নারী দল।
ঐতিহাসিক এই সফরের সূচি পরিবর্তনে নমনীয় ভাব দেখানোর জন্য বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছে সিএ। এক বিবৃতিতে তারা বলে, ‘সহযোগিতার জন্য বাংলাদেশ ও নিউজিল্যান্ডের কাছে আমরা কৃতজ্ঞ। বিশেষ করে, নিউজিল্যান্ড দুই বার অস্ট্রেলিয়া সফর করতে রাজি হওয়ায় কৃতজ্ঞ।’
প্রসঙ্গত, এর আগে ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়া কখনোই অস্ট্রেলিয়ার মাটিতে খেলার সুযোগ পাননি বাংলাদেশের মেয়েরা। এবার সেই দ্বিপক্ষীয় সিরিজের আক্ষেপ ঘুচছে। তবে অস্ট্রেলিয়ান কন্ডিশনে সীমিত ওভারের ক্রিকেটের অভিজ্ঞতা থেকে বঞ্চিতই রয়ে গেলেন জ্যোতি-নাহিদারা।
