সম্প্রতি রাজধানীর একটি সিনেপ্লেক্সে ‘প্রিন্স’ সিনেমার বিশেষ প্রদর্শনীকে ঘিরে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। ভিডিওতে ঢালিউড সুপারস্টার শাকিব খানের পাশে দাঁড়িয়ে থাকা অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর সঙ্গে তার আচরণ নিয়ে ওঠে ‘অস্বস্তি’ ও ‘ব্যাড টাচ্’র অভিযোগ। তবে এ বিতর্কে এবার সরাসরি নিজের অবস্থান পরিষ্কার করেছেন জ্যোতির্ময়ী। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে শাকিব খানের পাশে ছিলেন ‘প্রিন্স’র দুই নায়িকা- জ্যোতির্ময়ী কুণ্ডু ও তাসনিয়া ফারিণ। সেই সময় শাকিব খানের হাত জ্যোতির্ময়ীর কোমরে দেখা যাওয়ায় বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নানা ব্যাখ্যা শুরু হয়। তবে এমন অভিযোগকে একেবারেই ভিত্তিহীন বলে দাবি করেছেন জ্যোতির্ময়ী। তার ভাষ্য, বিষয়টা খুব বাজেভাবে ছড়ানো হচ্ছে। সেখানে প্রচণ্ড ভিড় ছিল, আমরা ঠিকমতো দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না। মিডিয়া থেকে শাকিব খানের সঙ্গে ছবি তুলতে বলা হলে সেই মুহূর্তে তিনি আমাদের গার্ড করেছিলেন। ঘটনাটিকে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হচ্ছে বলেও মনে করেন এই টালিউড অভিনেত্রী। তিনি বলেন, যেভাবে বিষয়টি তুলে ধরা হচ্ছে তা বাস্তবতার সঙ্গে মেলে না। মিডিয়ার সামনে এটিকে বাড়িয়ে বলা হচ্ছে, যা হতাশাজনক। তিনি আরও বলেন, ক্যামেরার সামনে কেউ আমাকে ব্যাড টাচ্ করবে, আর আমি চুপ থাকবো- এটা কখনোই সম্ভব নয়। যদি এমন কিছু হতো, আমি অবশ্যই প্রতিবাদ করতাম। অস্বস্তির কোনো প্রশ্নই ওঠে না জানিয়ে জ্যোতির্ময়ী বলেন, এত ভিড় ছিল যে দাঁড়ানোই কঠিন ছিল। কো-আর্টিস্ট হিসেবে একে-অন্যকে প্রটেক্ট করা স্বাভাবিক বিষয়।
‘ঘটনাটিকে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হচ্ছে’
স্টাফ রিপোর্টার
৬ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
