পশ্চিমবঙ্গে বিচারকের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার আইনজীবী

ফন্ট সাইজ:

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ জেলায় সম্প্রতি অবরোধ-বিক্ষোভ ও বিচারকদের ওপর হামলার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মোফাক্কেরুল ইসলাম নামের এক আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। মোফাক্কেরুল এ ঘটনায় মূল অভিযুক্ত বলে জানানো হয়েছে ভারতের নির্বাচন কমিশন সূত্রে। শুক্রবার সকালে বেঙ্গালুরুতে পালিয়ে যাওয়ার জন্য শিলিগুড়ির বাগডোগরা‌ বিমানবন্দরে এলে পুলিশের হাতে গ্রেপ্তার হন মোফাক্কেরুল।
সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন বৃহস্পতিবার মোফাক্কেরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।
পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে রাজ্যের বিভিন্ন এলাকায় আন্দোলন চলছে। গত বুধবার এসআইআরে বাদ পড়া ভোটারদের শুনানি চলছিল মালদহের কালিয়াচকে। সে সময় কালিয়াচকসহ মোথাবাড়ি, সুজাপুর এলাকায় বিক্ষুব্ধ ভোটাররা ব্যাপক হাঙ্গামা করেন। সড়ক অবরোধ করেন। গাড়ি ভাঙচুর করেন। ভোটার সংশোধন কাজে যেসব বিচারক সুপ্রিম কোর্টের নির্দেশে কাজ চালিয়ে যাচ্ছিলেন, তখন তাদের ওপর হামলা হয়। মালদহের ইটাহারে কালিয়াচক ব্লক অফিসে সাতজন বিচারককে আটক করে রাখা হয়। এর মধ্যে একজন ছিলেন নারী বিচারক। বিচারকদের বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত আটক করে রাখা হয় ওই দপ্তরে। আর এর নেতৃত্ব দেওয়ার অভিযোগ ওঠে এলাকার একজন আইনজীবী মোফাক্কেরুল ইসলামসহ বিধানসভা নির্বাচনে মোথাবাড়ি আসনে আইএসএফ প্রার্থী শাজাহান আলীর বিরুদ্ধে। মোফাক্কেরুল ইসলাম এসআইআরবিরোধী আন্দোলনের মাস্টারমাইন্ড। দুজনের উসকানিতে ওই বিচারকদের আটক রেখে তাদের গাড়িতে হামলা চালানো হয়।
এদিকে মমতা শুক্রবার বলেন, 'মালদার ঘটনা যে ঘটিয়েছে, তাকে কে গ্রেফতার করেছে জানেন তো? এই রাজ্যের সিআইডি। মহারাষ্ট্র থেকে আসছিল। বিজেপির কথায় দাঙ্গা ছড়ানোর ছক। এনআইএ আসার আগেই বাগডোগরা থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে মোফাক্কেরুলের গ্রেফতারি নিয়ে এডিজি উত্তরবঙ্গকে জয়রামন বলেন, 'মালদার ঘটনায় এখনও ৩৩ জন গ্রেফতার হয়েছে। আমরা মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করেছি। ইটাহার থানার বাসিন্দা, একজন অ্যাডভোকেট। মূলত তিনিই উস্কানি দিয়েছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন