ঢাকায় সড়ক-ফুটপাথে উচ্ছেদ অভিযান, ২৩ জনকে কারাদণ্ড

ফন্ট সাইজ:

রাজধানীর ফুটপাথ ও সড়ক দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বেশ কিছু স্থানে অভিযানে আসার খবর পেয়ে আগেই সরে পড়েন অনেক অবৈধ দোকানি। আবার অনেকে সড়ক থেকে নিজ উদ্যোগেই সরিয়ে নেয় দোকানপাট। অনেক ব্যবসাপ্রতিষ্ঠান নিজস্ব সীমানার বাইরে ফুটপাথ ও সড়কের অংশ দখল করে বিভিন্ন কার্যক্রম চালায়। ফুটপাথ ও সড়কের কিছু স্থানে কোথাও আসবাবপত্র, ওয়ার্কশপের যন্ত্রপাতি, হোটেলের রান্নার সরঞ্জাম, কোথাও গ্রিল মেশিন, আবার কোথাও এসব কাজে ব্যবহৃত পিকআপ-ভ্যান ফুটপাথ জুড়ে রাখা হয়েছে। এসব সরিয়ে দিতে অভিযান পরিচালনা করা হয় এবং মার্কেটের বর্ধিতাংশে যারা দোকান দিয়েছে তাদের সতর্ক করেছে ডিএমপি। এ ছাড়া ফুটপাথ উদ্ধার অভিযান নিয়মিত মনিটরিং করার কথাও জানান সংশ্লিষ্টরা। ডিএমপি জানিয়েছে, দিনব্যাপী সমন্বিত এ উচ্ছেদ অভিযানে ফুটপাথ ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ, জরিমানা আদায়, মালামাল জব্দ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেন। এতে এক লাখ ৯২ হাজার টাকা জরিমানা ও ২৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার থেকে শুরু হওয়া এই অভিযান আগামী রোববার পর্যন্ত চলবে।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি বলেন, কোতোয়ালি ট্রাফিক জোনের গোয়ালঘাট-নারিন্দা এলাকায় পরিচালিত অভিযানে আইন অমান্য করায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয় এবং সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়েরসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। এদিকে ট্রাফিক ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী জোনে ধোলাইপাড় থেকে যাত্রাবাড়ী মোড় এবং শহীদ ফারুক সরণি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাস্তার পাশে অবৈধভাবে স্থাপিত দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। আইন অমান্য করায় ৭ জন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং অন্যদের সতর্ক করা হয়।

ট্রাফিক রমনা বিভাগ সূত্রে জানা যায়, মগবাজার মোড় থেকে বাংলামোটর সিগন্যাল পর্যন্ত ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়। এতে অবৈধভাবে পার্কিং করা বাইকের বিরুদ্ধে ৪৯টি ভিডিও মামলা ও ১০টি তাৎক্ষণিক মামলা দেয়া হয়। পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা এবং প্রায় তিন পিকআপ সমপরিমাণ মালামাল জব্দ করা হয়। অন্যদিকে ট্রাফিক মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, পল্লবী জোনে কাজীপাড়া, শেওড়াপাড়া ও ভাষানটেক এলাকায় পরিচালিত অভিযানে ৬ ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং রাস্তা দখলমুক্ত করা হয়। ট্রাফিক মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল কাঁচাবাজার পর্যন্ত সড়ক ও ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান পরিচালিত হয়। এ অভিযানে প্রায় ৭০ হাজার টাকা জরিমানা আদায় এবং ১০ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ট্রাফিক তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, ইন্দিরা রোড এলাকায় অবৈধভাবে দখল করা ফুটপাথ ও সড়ক থেকে মালামাল অপসারণে অভিযান পরিচালনার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বলেন, আমরা এটাকে অস্বীকার করি না যে, আমরা একদিকে পরিষ্কার করি তারা আবার এখানে বসে। আমরা এটা শুরু করলাম রেগুলার মনিটরিং করার চেষ্টা করবো। একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের জনবল সম্পদ কম আছে এবং এটা আমরা প্রতিনিয়ত সবসময় পারবো না। মানুষ যদি সচেতন না হয়, যদি লোকাল কমিউনিটি আমাদের হেল্প না করে তাহলে শুধু একাই এই কাজটা আমাদের পক্ষে করা সম্ভব না। তবে আমরা এটা ধরে রাখার চেষ্টা করবো।

Alam

২ মাস আগে

এটা ফুট -পাথ দখলদারদের জন্য একটা সল্প
মেয়াদি রেস্ট। কিছু দিন পরে যেই লাও সেই কদু।

Shah Alam Bhuiyan.

২ মাস আগে

দখল মুক্ত করে আবার যেন নূতন ভাবে ইজারা দেওয়া না হয়। দলীয় লোকদের বসানো না হয়।

মন্তব্য করুন