পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও কার্য উপদেষ্টা কমিটি গঠন

ফন্ট সাইজ:

ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন এবং কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন করা হয়েছে। বুধবার (১০ জুন) স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর পক্ষে এই প্রস্তাবগুলো উত্থাপন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।  

সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং সংসদের কার্যপ্রণালী বিধির সংশ্লিষ্ট ধারা অনুযায়ী সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে প্রস্তাবগুলো পাস হয়।  

চিফ হুইপ নূরুল ইসলাম মনির প্রস্তাব অনুযায়ী, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন খানকে সভাপতি করে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।  

এই কমিটির অপর সদস্যরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি, নাটোর-২ আসনের এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বগুড়া-১ আসনের কাজী রফিকুল ইসলাম, মানিকগঞ্জ-২ আসনের মইনুল ইসলাম খান, নোয়াখালী-৫ আসনের মোহাম্মদ ফখরুল ইসলাম, মৌলভীবাজার-২ আসনের মোহাম্মদ শওকতুল ইসলাম, মহিলা আসন-৬ এর মোসাম্মদ ফরিদা ইয়াসমিন, ঢাকা-১২ আসনের মোহাম্মদ সাইফুল আলম এবং শেরপুর-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ। চিফ হুইপ কর্তৃক প্রস্তাবটি হাউজে তোলার পর স্পিকার তা কণ্ঠভোটে দিলে সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে পাস হয়।  

কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন 

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের পরপরই সংসদের সম্পূরক কার্যসূচি অনুযায়ী সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুসরণ করে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠনপূর্বক মনোনয়ন দেওয়া হয়। এই কমিটিতে ভোলা-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে সভাপতি মনোনীত করা হয়েছে। 

কার্য উপদেষ্টা কমিটির অপর সদস্যরা হলেন— ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও সংসদ নেতা তারেক রহমান, ঢাকা-১৫ আসনের মো. শফিকুর রহমান, কুমিল্লা-১ আসনের ডক্টর খন্দকার মোশারফ হোসেন, ঢাকা-৩ আসনের গয়েশ্বর চন্দ্র রায়, ঠাকুরগাঁও-১ আসনের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চট্টগ্রাম-১১ আসনের আমির খসরু মাহমুদ চৌধুরী এবং কক্সবাজার-১ আসনের সালাহ উদ্দিন আহমদ।  

এছাড়া এই পুনর্গঠিত কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, বরগুনা-২ আসনের মো. নুরুল ইসলাম মনি, ঝিনাইদহ-১ আসনের মো. আসাদুজ্জামান, কুমিল্লা-১১ আসনের সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, রংপুর-২ আসনের এ টি এম আজহারুল ইসলাম, ঢাকা-১১ আসনের মো. নাহিদ ইসলাম এবং পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. নওশাদ জমির। স্পিকার এই কমিটির নাম ঘোষণার পর তা সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন