দেশের মানুষের মাথাপিছু আয় ও জিডিপির আকার দুই ক্ষেত্রে রেকর্ড হয়েছে। মাথাপিছু আয় প্রথমবারের মতো তিন হাজার মার্কিন ডলার পেরিয়ে গেছে। এখন মাথাপিছু গড় আয় ৩ হাজার ২০ ডলার। মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। আর ২০২৫–২৬ অর্থবছরে জিডিপির আকার দাঁড়িয়েছে ৫০১ বিলিয়ন ডলার। বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৫–২৬ অর্থবছরের মাথাপিছু আয় ও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সাময়িক হিসাব দিয়েছে।
হিসাব অনুযায়ী, এক বছরের ব্যবধানে মাথাপিছু আয় ২৫১ ডলার বেড়েছে। আগের অর্থবছরের (২০২৩–২৪) মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৬৯ ডলার। অর্থনীতির আকার বেড়েছে ৪৫ বিলিয়ন ডলার। জিডিপির হিসাব চলতি মূল্যে করা হয়েছে। চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ১৪ শতাংশ।
সরকার তাদের নির্বাচনী ইশতেহারে ২০৩৪ সাল নাগাদ এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি করার লক্ষ্য ঠিক করেছে। চলতি ২০২৫–২৬ অর্থবছরে সেই এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির অর্ধেক হলো।
বিবিএসের হিসাবে দেখা গেছে, তিন বছর ধরেই মানুষের গড় মাথাপিছু আয় বেড়েছে। ২০২৩–২৪ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৩৮ ডলার। গত অর্থবছরে মাথাপিছু আয় হয় ২ হাজার ৭৬৯ ডলার। এবার তা বেড়ে দাঁড়াল ৩ হাজার ২০ ডলার। বিবিএস বলছে, টাকার হিসাবে দেশের মানুষের মাথাপিছু আয় এখন ৩ লাখ ৬৮ হাজার ৮৭৩ টাকা।
বিবিএসের হিসাবে ২০২৪–২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ৪৯ শতাংশ হয়েছে। এবার তা বেড়ে ৪ দশমিক ১৪ শতাংশ। কৃষি ও সেবা খাতে প্রবৃদ্ধি বাড়লেও শিল্প খাতে কমেছে। জিডিপির অনুপাতে সরকারি–বেসরকারি বিনিয়োগ কমেছে। বেসরকারি বিনিয়োগ অনুপাত ২১ দশমিক ৫৩ শতাংশ হয়েছে, যা বিগত চার বছরের মধ্যে সবচেয়ে কম।
