আসামে বিজেপির নির্বাচনি ইশতেহারে প্রতিদিন বাংলাদেশে পুশব্যাকের প্রতিশ্রুতি

ফন্ট সাইজ:

আসামে ক্ষমতাসীন বিজেপি দলের ইশতেহারে ঘোষিত বিদেশিদের আরও বেশি করে ‘পুশব্যাক’ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। নির্বাচনী ইশতেহারের মূল বিষয়গুলো ঘোষণা করে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, রাজ্যের ফরেনার্স ট্রাইব্যুনাল কর্তৃক বিদেশি ঘোষিত ব্যক্তিদের কূটনৈতিক প্রক্রিয়া এড়িয়ে বাংলাদেশে ‘ঠেলে ফেরত পাঠানোর’ জন্য প্রতিশ্রুতি দিচ্ছে। ‘আসাম থেকে প্রতিদিন বাংলাদেশিদের ফেরত পাঠাতে’ ১৯৫০ সালের অভিবাসী (আসাম থেকে বহিষ্কার) আইনটি ব্যবহার করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, দল তার গণ উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিচ্ছে, যেখানে প্রধানত বাঙালি বংশোদ্ভূত মুসলিম পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি ঘোষণা করেন, “বাংলাদেশি অবৈধ অভিবাসীদের দখলে থাকা প্রতিটি ইঞ্চি জমি আমরা মুক্ত করব”।

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মঙ্গলবার আসামের রাজধানী গুয়াহাটিতে বিজেপির নির্বাচনি ইশতেহার প্রকাশ করেন। ইশতেহারে আসামে অভিন্ন দেওয়ানি বিধির বাস্তবায়ন, ‘ভূমি জিহাদ’ ও ‘প্রেম জিহাদ’-এর বিরুদ্ধে আইন, আরও উচ্ছেদ, আরও বেশি করে ‘পুশব্যাক’ করা এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলির সম্প্রসারণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করে নারীদের জন্য সরকারের মাসিক আর্থিক সহায়তা প্রকল্পের অধীনে প্রদত্ত অর্থের পরিমাণ ১,২৫০ রুপি থেকে বাড়িয়ে ৩,০০০ রুপি করার কথা বলা হয়েছে।

আগামী ৯ই এপ্রিল আসামের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ক্ষমতাসীন বিজেপির সঙ্গে কংগ্রেসের নেতৃত্বাধীন জোটের সরাসরি লড়াই হবে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নানা স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিয়ে রাজ্যের বড় অংশের মানুষ ক্ষুব্ধ। তবে বিজেপি ইশতেহারে সেই সমস্ত বিতর্কিত পদক্ষেপগুলিকে প্রতিশ্রুতির আঙ্গিকে ভোটারদের সামনে রাখা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন