জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য হত্যা মামলায় গ্রেপ্তার ২০

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য ডিএডি আব্দুল মোতালেব হত্যা মামলায় পৃথক অভিযানে এখন পর্যন্ত ২০ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে র‌্যাব-৭ চট্টগ্রাম গ্রেপ্তার করেছে ১৩ জনকে এবং জেলা পুলিশ গ্রেপ্তার করেছে আরও ৭ জনকে।
র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গত ২৭ মার্চ র‌্যাব-৭ ও র‌্যাব-১১ নারায়ণঞ্জ এর যৌথ অভিযানিক দল নোয়াখালীর কবিরহাট থানাধীন নবগ্রাম এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ২৯ নম্বর আসামি মো. পারভেজকে (৩৫) গ্রেপ্তার করে। এদিন পাহাড়তলী থানাধীন উদালিয়া এলাকা থেকে আসামি মো. বেলাল (৩০), বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকা থেকে আসামি সাইদুল ইসলামকে (২৬) গ্রেপ্তার করা হয়। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এর আগে গত ২৩শে মার্চ সীতাকুণ্ড থানাধীন ফৌজদারহাট এলাকা থেকে আসামি মো. মিজানুর রহমান সোহান (১৯), গত ১৫ ফেব্রুয়ারি দক্ষিণ কাট্টলী এলাকা থেকে আসামি মো. সেলিম (৩৫), গত ১০ই ফেব্রুয়ারি চান্দগাঁও থানাধীন ফরিদার পাড়া এলাকা থেকে আসামি মো. সেকেন্দার মিয়া প্রকাশ ইয়াকুব (৪৩), গত ২২শে জানুয়ারি বায়েজিদ বোস্তামী থানাধীন ইকবাল কনভেনশন হল এলাকা থেকে আসামি মো. ইউনুছ আলী হাওলাদারকে (৬২) গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ইউনুছ আলী হাওলাদারের দেয়া তথ্যে পতেঙ্গা থানাধীন ওয়াসা গলি এলাকা থেকে মামলার ২৬ নম্বর আসামি খন্দকার জাহিদ হোসেনকে (৩৯) গ্রেপ্তার করা হয়।
এছাড়া গত ২৪শে জানুয়ারি র‌্যাব-৭ চট্টগ্রাম ও র‌্যাব-১৫ কক্সবাজার এর যৌথ আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন সুগন্ধা পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ২১নম্বর এজাহারনামীয় আসামি আলীরাজ হাসান প্রকাশ সাগর (২৮), গত ২৫শে জানুয়ারি নগরীর খুলশী থানাধীন ইস্পাহানি মোড় এলাকা থেকে মো. মিজান (৫৩), গত ২৬শে জানুয়ারি বায়েজিদ বোস্তামী থানাধীন বগুড়া নিবাস এলাকা থেকে পলাতক আসামি মো. মামুন (৩৮), গত ২৮শে জানুয়ারি সীতাকুণ্ড থানাধীন সালেহা কটন মিল এলাকা থেকে পলাতক আসামি মো. শহাজাহান (৫৩), গত ২৯শে জানুয়ারি আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকা থেকে পলাতক আসামি মো. শফিকুল ইসলাম প্রকাশ মাস্টার শফিকুল ইসলামকে (৫১) গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গত ১৯শে জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে অভিযান চালানোর সময় র‌্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে চারজন সদস্য গুরুতর আহত হন। তাদের চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডিএডি আব্দুল মোতালেবকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় র‌্যাব-৭ চট্টগ্রাম বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ২৯ জনকে এজাহারভুক্ত ও ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করে। মামলাটি ২২শে জানুয়ারি দায়ের করা হয়। এর আগে গত ৯ই মার্চ জঙ্গল সলিমপুরে সেনাবাহিনী-বিজিবি-র‌্যাব-পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। যৌথ বাহিনীর অভিযানে একটি বিদেশি ও একটি দেশি পিস্তল, একটি এলজি, ২৭টি পাইপগান, পিস্তলের ৩০টি খালি ম্যাগাজিন, ৬১টি কার্তুজ, বিভিন্ন ধরনের ১১৬৪ রাউন্ড গুলি, ১১টি ককটেল, পাইপগান তৈরির লেদ মেশিনসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় এবং ২২ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছিল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন