পশ্চিম এশিয়ার সংঘাত ভারতকে অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে বলে মনে করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই তিনি ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলো ‘টিম ইন্ডিয়া’ হিসেবে মোকাবিলা করতে রাজ্যগুলোকে আহ্বান জানিয়েছেন। শুক্রবার নির্বাচনমুখী ৫ রাজ্য বাদে বাকি সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন মোদি। সংকট মোকাবিলায় তিনি একতার উপর জোর দিয়েছেন। ‘টিম ইন্ডিয়া’ হিসেবে কাজ করার পরামর্শ দিয়েছেন। তাতেই সংকটকাল পেরিয়ে যাওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন মোদি।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে দেশে জ্বালানি সংকট এড়াতে প্রধানমন্ত্রী মোদি কোভিড-১৯ মহামারির সময়কার সম্মিলিত সহযোগিতার কথা স্মরণ করেন, যখন সরবরাহ ব্যবস্থা, বাণিজ্য এবং দৈনন্দিন জীবনের উপর এর প্রভাব প্রশমিত করতে কেন্দ্র ও রাজ্যগুলো “টিম ইন্ডিয়া” হিসেবে একসঙ্গে কাজ করেছিল।
পিআইবি-এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে, সরকারের অগ্রাধিকার হলো অর্থনৈতিক ও বাণিজ্য স্থিতিশীলতা বজায় রাখা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, নাগরিকদের স্বার্থ রক্ষা করা এবং শিল্প ও সরবরাহ ব্যবস্থাকে শক্তিশালী করা।
রাজ্যগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন যে, সিদ্ধান্তগুলোর কার্যকর বাস্তবায়ন রাজ্য পর্যায়েই হয়ে থাকে। তিনি কেন্দ্র ও রাজ্যগুলোর মধ্যে নিরন্তর যোগাযোগ ও সমন্বয়ের পাশাপাশি সময়মতো তথ্য আদান-প্রদান এবং যৌথ সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান, যাতে পদক্ষেপগুলো দ্রুত এবং সুসংহত হয়।
প্রধানমন্ত্রী রাজ্যগুলোকে নির্বিঘ্ন সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে এবং মজুতদারি ও মুনাফাখোরির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেও অনুরোধ করেছেন। তিনি রাজ্য ও জেলা পর্যায়ে কন্ট্রোল রুম সক্রিয় করতে এবং কোনো ধরনের বিঘ্ন এড়াতে প্রশাসনিক সতর্কতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। কৃষি খাতে অগ্রিম পরিকল্পনার ওপরও জোর দিয়েছেন, বিশেষ করে সারের মজুত ও বিতরণ পর্যবেক্ষণের ওপর, যাতে আসন্ন খরিফ মৌসুমে কৃষকরা কোনো অসুবিধার সম্মুখীন না হন।
প্রধানমন্ত্রী জনগণের আস্থা বজায় রাখার গুরুত্বের ওপর জোর দিয়ে বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রাপ্যতা সম্পর্কে সুস্পষ্ট আশ্বাস আতঙ্ক প্রতিরোধে সহায়তা করবে।
সংকট মোকাবিলায় রাজ্যগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ভারতের প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
ভারত
৩ মাস আগে
২৮ মার্চ (শনিবার), ২০২৬, ১০ঃ৩৪ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
