ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্দশা যেন কাটছেই না। এক ম্যাচের ক্ষত শুকানোর আগেই আরেকটি বড় ধাক্কা। এবার ওল্ড ট্রাফোর্ডে ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত ইংলিশ ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাবটি। লিভারপুলের পর একই ব্যবধানে হার, পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে নেমে যাওয়ার শঙ্কা— সব মিলিয়ে কঠিন বাস্তবতার মুখে নতুন কোচ মরিসিও পচেত্তিনো। আর্জেন্টাইন কোচ স্বীকার করেছেন, রেড ডেভিলদের দায়িত্ব তার ধারণার চেয়েও কঠিন।
ব্রেন্টফোর্ডের বিপক্ষে হারটি ছিল পচেত্তিনোর ওল্ড ট্রাফোর্ডের প্রথম চ্যালেঞ্জ। কিন্তু ঘরের মাঠে সমর্থকদের সামনে ঘুরে দাঁড়ানোর বদলে আরও একবার বিব্রতকর পারফরম্যান্স উপহার দেয় ইউনাইটেড। ম্যাচ শেষে দায়িত্বটি প্রত্যাশার চেয়েও কঠিন কি না, এমন প্রশ্নের উত্তরে পচেত্তিনো অকপটে বলেন, ‘অবশ্যই, হ্যাঁ।’
দলের এমন বিপর্যয়ের কারণ হিসেবে আত্মবিশ্বাসের ঘাটতিকেই বড় করে দেখছেন এই আর্জেন্টাইন কোচ। ব্রেন্টফোর্ডের চারটি শট লক্ষ্যে ছিল, আর চারটিই জালে জড়িয়েছে। প্রতিপক্ষের প্রথম শটেই গোল হজম করার পর খেলোয়াড়দের মানসিকভাবে ম্যাচে ফিরে আসা কঠিন হয়ে পড়ে বলে মনে করেন তিনি।
পচেত্তিনো বলেন, ‘আত্মবিশ্বাস কম থাকলে এমন পরিস্থিতি তৈরি হতে পারে। প্রতিপক্ষের প্রথম শট লক্ষ্যে যাওয়ার পরই আমরা গোল হজম করি। এরপর খেলোয়াড়দের পক্ষে স্বাভাবিক ছন্দে ফিরে আসা সত্যিই কঠিন হয়ে পড়ে। আমরা হতাশ। ফলাফলটি ভীষণ যন্ত্রণার। চারটি শট লক্ষ্যে, চারটিই গোল। এই যন্ত্রণা আমাদের অনুভব করতে হবে। তবে একই সঙ্গে খেলোয়াড়দের মনোবলও ফিরিয়ে আনতে হবে। সামনে এগোনোর একমাত্র পথ হলো চেষ্টা চালিয়ে যাওয়া।’
লীগে টানা দুই ম্যাচে আট গোল হজম করা ইউনাইটেড এখন পয়েন্ট তালিকার ১৯তম স্থানে। রেলিগেশন বা অবনমনের শঙ্কাও তাই আলোচনায় চলে এসেছে। রোববার হাল সিটির বিপক্ষে ক্রিস্টাল প্যালেস জয় পেলে ইউনাইটেড নেমে যাবে তালিকার একেবারে তলানিতে।
তবে পরিস্থিতি যত কঠিনই হোক, হাল ছাড়তে নারাজ পচেত্তিনো। তার বিশ্বাস, রাতারাতি সাফল্য আসবে না; ধারাবাহিক পরিশ্রমের মাধ্যমেই দলকে বদলাতে হবে। ইউনাইটেড বস বলেন, ‘আমাদের অনেক জায়গায় উন্নতি করতে হবে। আমরা সেটি নিয়েই কাজ করছি। হয়তো এখনো ফলাফলে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। ফুটবলে পরিশ্রমের প্রতিদান পেতে সময় লাগে। বিষয়টি বোঝা সহজ নয়, কিন্তু অপেক্ষা করতে হবে। আমি কখনোই ব্যর্থতার অজুহাত দেবো না। আমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করেছি। কাজ করে যাওয়া কখনো বন্ধ করব না। খেলোয়াড়দের বিশ্বাস করতে হবে, আমরা আরও ভালো করতে পারি।’
ইউনাইটেডের সবচেয়ে বড় সমস্যা ধারাবাহিকতার অভাব বলেও মনে করেন তিনি। দলের খেলায় সম্ভাবনার ঝলক দেখা গেলেও তা পুরো ম্যাচে ধরে রাখতে পারছে না ফুটবলাররা। পচেত্তিনোর মতে, ম্যাচের মাত্র ২০ মিনিট ভালো খেললেই বড় দলের বিপক্ষে সাফল্য পাওয়া সম্ভব নয়। তিনি বলেন, ‘আমরা ম্যানচেস্টার ইউনাইটেড, কিন্তু শুধু ইতিহাসের গৌরব দিয়ে ম্যাচ জেতা যায় না। প্রতিপক্ষের সঙ্গে মানের লড়াইয়ে আমাদের সমানভাবে দাঁড়াতে হবে। আমাদের ধারাবাহিক হতে হবে।
অন্যদিকে ব্রেন্টফোর্ডের কোচ কিথ অ্যান্ড্রুজ মনে করেন, ইউনাইটেড এখন মানসিকভাবে বিপর্যস্ত একটি দল। ওল্ড ট্রাফোর্ডে ৮৯ বছর পর ব্রেন্টফোর্ডের জয়কে বিশেষ অর্জন হিসেবে দেখছেন তিনি। অ্যান্ড্রুজ বলেন, ‘তারা বিপজ্জনক, কিন্তু একই সঙ্গে মানসিকভাবে ক্ষতবিক্ষত। আমরা জানতাম, তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। তবে আমরা নিজেদের খেলায় মনোযোগ দিয়েছি। প্রথমার্ধে আমরা দারুণ কার্যকর ছিলাম। খেলোয়াড়েরা সাহস ও আত্মবিশ্বাস নিয়ে খেলেছে।’
ম্যাচ শেষে সমর্থকদের ক্ষোভও স্পষ্ট হয়ে ওঠে। পচেত্তিনো খেলোয়াড়দের নিয়ে ওল্ড ট্রাফোর্ডে সমর্থকদের সামনে দিয়ে হাঁটেন। তখন গ্যালারি থেকে ভেসে আসে, ‘তোমরা এই জার্সি পরার যোগ্য নও’— এমন তিরস্কার।
