৩৬ অ্যাথলেটের সঙ্গে ২০ কর্মকর্তার বহর নিয়ে ভারতের ওড়িশার ভুবনেশ্বরে বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস মিটে অংশ নিয়েছিল বাংলাদেশ দল। তিন দিনব্যাপী ৩২ ইভেন্টের এই আসর শেষ হয়েছে বাংলাদেশের জন্য হতাশার গল্প হয়ে। কোনো সোনা জিততে পারেনি দল। অর্জন বলতে ২ রুপা ও ৮ ব্রোঞ্জসহ ১০ পদক। পদকের সংখ্যায় একেবারে খালি হাতে ফিরতে হয়নি, তবে এই ফলাফল আবারও দেশের অ্যাথলেটিকসের প্রস্তুতি, পরিকল্পনা ও ব্যবস্থাপনার দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে। বাংলাদেশের হয়ে ১০ পদকের সাতটিই এসেছে নারী অ্যাথলেটদের হাত ধরে। দুটি রুপা জিতেছেন স্বপ্না খাতুন। নারীদের ট্রিপল জাম্পে ১৩.২২ মিটার লাফিয়ে মাত্র ০.০২ মিটার ব্যবধানে ভারতের সাধনা রবির কাছে সোনা হারান তিনি। লংজাম্পেও ৬.০৮ মিটার দূরত্ব অতিক্রম করে দ্বিতীয় হয়েছেন স্বপ্না।
দুটি ইভেন্টেই সোনার খুব কাছে গিয়ে রুপা নিয়ে ফিরতে হয়েছে তাকে। কিন্তু স্বপ্নার আক্ষেপ শুধু পদকের রং নিয়ে নয়, আন্তর্জাতিক আসরের জন্য যথাযথ প্রস্তুতি না থাকার বিষয়টিও উঠে এসেছে তার কথায়। স্বপ্না বলেন, ‘আসলে এসব আন্তর্জাতিক আসরে অংশ নেওয়ার জন্য আমাদের যেমন প্রস্তুতি দরকার, তেমন প্রস্তুতি নিয়ে আমরা যেতে পারিনি। তাই সামর্থ্য থাকার পরও কাঙ্ক্ষিত সফলতা পাইনি আমরা।’ স্বপ্নার এই বক্তব্য শুধু একজন অ্যাথলেটের হতাশা নয়, বাংলাদেশের অ্যাথলেটিকস প্রস্তুতির বাস্তবতাও যেন তুলে ধরে। অ্যাথলেটদের প্রস্তুতি যেখানে প্রতিযোগিতার ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ, সেখানে কর্মকর্তাদের বিদেশ সফরের প্রস্তুতি শুরু হয় অনেক আগে থেকেই। এই আসরে আয়োজকদের অর্থায়নে ২০ কর্মকর্তার সফর হলেও অ্যাথলেটদের প্রস্তুতি কতটা পরিকল্পিত, পর্যাপ্ত ও প্রতিযোগিতাভিত্তিক ছিল, সেই প্রশ্ন থেকেই যায়। ব্যক্তিগত ও দলীয় মিলিয়ে সর্বোচ্চ চারটি ব্রোঞ্জ জিতেছেন সুমাইয়া দেওয়ান। প্রথম দিন নারীদের ১০০ মিটার স্প্রিন্টে ১২.২৪ সেকেন্ড এবং ২০০ মিটারে ২৪.৭৩ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন তিনি। নারীদের শটপুটে ১২.৬৪ মিটার ছুড়ে ব্রোঞ্জ জিতেন জাকিয়া সুলতানা।
পুরুষদের জ্যাভলিন থ্রোতে ৬৪.৭৫ মিটার ছুড়ে ব্রোঞ্জ জেতেন মো. হাসিব খান। অবশিষ্ট চারটি ব্রোঞ্জ এসেছে রিলেতে। পুরুষদের ৪ গুণিতক ১০০ মিটার (৪২.০৪ সেকেন্ড), নারীদের ৪ গুণিতক ১০০ মিটার (৪৭.৮৩ সেকেন্ড), পুরুষদের ৪ গুণিতক ৪০০ মিটার (৩ মিনিট ১৭.৩৭ সেকেন্ড) ও নারীদের ৪ গুণিতক ৪০০ মিটার রিলেতে (৩ মিনিট ৫৬.৬০ সেকেন্ড) তৃতীয় হয়েছে বাংলাদেশ। ২২ সোনা, ১৮ রুপা ও ৭ ব্রোঞ্জসহ ৪৭ পদক নিয়ে শীর্ষে থেকে আসর শেষ করেছে স্বাগতিক ভারত। ১০ সোনাসহ ৩৮ পদক নিয়ে দ্বিতীয় শ্রীলঙ্কা। নেপাল একটি রুপা জিতলেও পদকশূন্য থেকেছে ভুটান ও মিয়ানমার। বাংলাদেশের পদকসংখ্যা ১০ হলেও সোনাশূন্য এই মিশন সাফল্যের চেয়ে প্রস্তুতির ঘাটতি ও পরিকল্পনার সীমাবদ্ধতাকেই বেশি সামনে এনেছে।
