তাকে মিস্টার ডিপেন্ডেবল নামেই চেনে বাংলাদেশ ক্রিকেট। দেশের ক্রিকেটের ভরসা- তাই মুশফিকুর রহীমকে এই নামেই ডাকেন সবাই। এক এক করে দেশের হয়ে খেলেছেন ২১ বছর। তবে আর নয়, এবার এখানেই বিদায় বলতে চান তিনি। গতকাল দুপুরে মিরপুর শেরেবাংলায় চলছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পঞ্চম কার্যনির্বাহী কমিটির সভা। সংবাদমাধ্যম অপেক্ষায় ছিল সেই সভার সিদ্ধান্ত জানার জন্য। বিকেল সাড়ে পাঁচটায় সংবাদ সম্মেলন কক্ষে এলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তবে সেখানে সেই সভা নিয়ে তিনি কথাই বলছেন না। জানালেন শুধু মুশফিকুর রহীমের অবসরের কথা। তামিম বলেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে। এটিই হতে যাচ্ছে সম্ভবত সংক্ষিপ্ততম সংবাদ সম্মেলন, কারণ বিসিবিতে সভায় আলোচনার মতো তেমন কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এমন একটি বিষয় আছে যা আমি বলতে চাই এবং সেটি ঘোষণার পরই আমি শেষ করব। মুশফিক বেশ কয়েকদিন আগে আমাকে ফোন করে তার এই সিদ্ধান্তের ব্যাপারে জানায়। তারপরে আমি তার সাথে নিয়মিত যোগাযোগে ছিলাম। তার অনুরোধেই আমি এই ঘোষণাটি দিচ্ছি যে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টই হবে তার শেষ ম্যাচ। আর বিসিবির পক্ষ থেকে আমরা কেবল তাকে ধন্যবাদ জানাতে পারি এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য সে যে অবদান রেখেছে, সেটিকে সমর্থন জানাতে পারি।’
ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টের পরই ক্যারিয়ারের ইতি টানছেন মুশফিকুর রহীম। বিসিবি সভাপতি তামিম জানান, বোর্ডের সভায় আলোচনার মতো তেমন কোনো সিদ্ধান্ত হয়নি। তবে রহীমের বিদায়ের খবরটিই সবার সামনে তুলে ধরতে চেয়েছেন তিনি। তামিম চেয়েছিলেন রহীম নিজেই সংবাদ সম্মেলন করে অবসরের ঘোষণা দিন। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিদায় না জানাতেও অনুরোধ করেছিলেন বোর্ড সভাপতি। কিন্তু রহীমের অনুরোধেই তামিম নিজে সংবাদমাধ্যমকে এই সিদ্ধান্ত জানান। মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি শুরু হবে ফেব্রুয়ারির ১৪ তারিখ। এই ম্যাচকে কেন্দ্র করে বিসিবি আয়োজন রাখছে বলেও জানান তামিম। তিনি বলেন, ‘আমি তাকে বলেছিলাম একটি সংবাদ সম্মেলন করে নিজেই ঘোষণাটি দিতে। আমি তাকে ফেসবুকে স্ট্যাটাস না দেওয়ারও অনুরোধ করেছিলাম, কারণ সে বাংলাদেশ ক্রিকেটের একজন কন্টিবিউটার এবং আমি চেয়েছিলাম বিষয়টি যেন যথাযথভাবে হয়। সুতরাং বিসিবি অবশ্যই মুশফিকের জন্য একটি উদযাপনের আয়োজন করবে। এছাড়াও সময়ের সাথে সাথে আরও কিছু বিষয় থাকবে, আপনারা তা দেখতে ও জানতে পারবেন। তাই আমার খুব খারাপ লাগছে, দুঃখ হচ্ছে যে ওর মতো মানের একজন ক্রিকেটার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে চলুন এই টেস্ট ম্যাচটিকে একটি আয়োজনে পরিণত করি।’
রহীমের ক্যারিয়ারের শুরুটাও হয়েছিল এই ইংল্যান্ডের বিপক্ষেই। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ২৬শে মে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তার আন্তর্জাতিক ও টেস্ট ক্যারিয়ার শুরু হয়। এরপর ৬ আগস্ট হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক ঘটে তাঁর। একই বছর ২৮ নভেম্বর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষেই টি-টোয়েন্টি অভিষেক হয় রহীমের। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ১৬,৩৫৭ রান করেছেন তিনি। ক্যারিয়ারে সমালোচনা ও হতাশা থাকলেও সেসব ভুলে কেবল সাফল্যের স্মৃতিগুলো সামনে আনার আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি। তামিম বলেন, ‘সে ক্রিকেটার এবং শিশুদের জন্য একজন আদর্শ ও দূত হিসেবে কাজ করেছে। আমি নিশ্চিত ওর এই যাত্রায় কিছু হতাশা এবং সমালোচনা ছিল। কিন্তু বাংলাদেশ ক্রিকেটের প্রতি ওর অবদানের কথা বিবেচনা করে চলুন আমরা সবাই মিলে এটি উদযাপন করি।’
সংবাদ সম্মেলনে বিসিবি, টেলিভিশন, প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমকে এৃক হয়ে রহীমের অবদান উদযাপনের অনুরোধ জানান তামিম। তিনি বলেন, ‘বিসিবির দৃষ্টিকোণ থেকে এবং আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে আমি সব সাংবাদিকদেরও অনুরোধ করব, এখন থেকে প্রথম টেস্ট পর্যন্ত চলুন মুশফিকের গড়া সব স্মৃতিগুলো ফিরিয়ে আনি।
এখন থেকে ফেব্রুয়ারির ১৪ তারিখে যখন টেস্ট ম্যাচটি শুরু হবে, যদি আমি ভুল না করে থাকি, আমরা কেবল তার করা কাজগুলো এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য তার অবদানের কথাই ভাবব। আর আমাদের সবার্তবিসিবি, গণমাধ্যম, সব টিভি চ্যানেল, সব প্রিন্ট মিডিয়া এবং সব সামাজিক যোগাযোগ মাধ্যমকে এক হয়ে সেই স্মৃতিগুলো সামনে আনা উচিত, যা মুশফিকুর রহীম বাংলাদেশ ও বাংলাদেশ ক্রিকেটের জন্য বহুবার উপহার দিয়েছে। এটিই ছিল আমার ঘোষণা এবং আমি এখানেই শেষ করতে চাই, কারণ এই ঘোষণার পর আমার আর কোনো বিষয়ে কথা বলা উচিত নয় বলে আমি মনে করি।’
